Homeস্পোর্টসআর্জেন্টাইন পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ

আর্জেন্টাইন পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ

সবকিছু একরকম নিশ্চিতই ছিল, এবার চলে এলো আনুষ্ঠানিক বিবৃতি। ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন মরিসিও পচেত্তিনো। বাজে পারফরম্যান্সের দায়ে মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর শুক্রবার এই আর্জেন্টাইনের নাম ঘোষণা করল ইংলিশ ক্লাবটি।

আগামী ১৮ নভেম্বর থেকে ইউনাইটেডের দায়িত্ব নেবেন ৫৪ বছর বয়সী পচেত্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সূত্র অনুযায়ী, রেড ডেভিলদের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত আড়াই বছরের চুক্তিতে সই করেছেন তিনি।

এতদিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। তার দায়িত্ব ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষ হওয়ার পর কোচিং স্টাফসহ তাকে ছেড়ে দিতে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যান ইউনাইটেড।

পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিবৃতিতে ২০ বারের ইংলিশ লিগজয়ী ক্লাবটি জানিয়েছে, ‘উচ্চগতির আক্রমণাত্মক ফুটবল, শক্তিশালী ও সুসংহত দল গড়ে তোলা এবং ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের উন্নয়নে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত পচেত্তিনো।’

প্রিমিয়ার লিগে বর্তমানে ভীষণ কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে দলটি রয়েছে অবনমন অঞ্চলে। ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৮ নম্বরে। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার কোচের পদ থেকে বরখাস্ত করা হয় ক্যারিককে।

এরপর এক বিবৃতিতে ক্যারিক বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমি শুধু সাফল্যই কামনা করি। এই ক্লাব আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেটি কখনো বদলাবে না। ক্লাবের জন্য নিজের অবদান নিয়ে আমি সব সময় গর্বিত থাকব এবং সব সময়ই চাইব ক্লাবটি সর্বোচ্চ সাফল্য অর্জন করুক।’

২০১৩-১৪ মৌসুমের পর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ১২তম কোচ হবেন পচেত্তিনো। এই সময়ে কোচ পরিবর্তনের সংখ্যায় তাদের চেয়ে এগিয়ে শুধু দুটি ক্লাব। তারা হলো চেলসি (১৪ জন কোচ) ও ক্রিস্টাল প্যালেস (বরখাস্ত হওয়া পিয়েরে সেজের জায়গায় নতুন কোচ নিয়োগ দেওয়া সাপেক্ষে ১৩ জন)।

সাবেক সেন্টার-ব্যাক পচেত্তিনো আর্জেন্টিনার জার্সিতে ২০টি ম্যাচ খেলেন। ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব এস্পানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইংলিশ ক্লাব সাউদাম্পটনের কোচ হয়ে ২০১৩-১৪ মৌসুমে দলটির প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েন।

টটেনহ্যাম হটস্পারে পাঁচটি পূর্ণ মৌসুম কাটান পচেত্তিনো। তার অধীনে টানা চার মৌসুম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ইংলিশ ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে তাদেরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও নিয়ে যান তিনি।

২০২১ সালে পিএসজির দায়িত্ব নিয়ে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জেতেন পচেত্তিনো। এরপর ২০২৩ সালে আরেক ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিলেও সেখানে সফলতা পাননি।

সবশেষে ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। তার অধীনে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল সহ-আয়োজক আমেরিকানরা। এবার আড়াই বছর পর প্রিমিয়ার লিগে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডকে সংকট থেকে বের করে আনার চ্যালেঞ্জ তার সামনে।

RELATED ARTICLES

Most Popular