Homeস্পোর্টসজাতীয় মঞ্চে দুর্বাচারা'র অদম্য মেয়েদের জয়জয়কার

জাতীয় মঞ্চে দুর্বাচারা’র অদম্য মেয়েদের জয়জয়কার

কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গ্রাম দুর্বাচারা। সপ্তাহের যেকোনো বিকেলে সেখানকার স্কুলমাঠে পা রাখলে চোখে পড়ার আগেই কানে আসে একঝাঁক কিশোরীর প্রাণবন্ত কলতান। বিশ্বজয়ের আত্মবিশ্বাসে ভরপুর সেই উচ্ছ্বাস।

পশ্চিমাঞ্চলের উজানগ্রাম ইউনিয়নের এই প্রান্তিক জনপদে স্কুল ছুটির পরের অনুশীলন এখন আর নিছক সময় কাটানো নয়। দুর্বাচারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা মাঠে নামে কেবল জয়ের নেশায়।

তারা জিতেও চলেছে নিয়মিত। টানা দুই বছর ধরে প্রত্যন্ত এই গ্রামের স্কুলটির মেয়েরা জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের দখলে রেখেছে।

মেয়েদের এই সাফল্যের ঢেউ বদলে দিয়েছে পুরো জেলার চিত্র। শহরের নামী কলেজগুলোর শিক্ষকেরা এখন স্কুলগেটে ভিড় জমান এই অদম্য খেলোয়াড়দের উচ্চমাধ্যমিকে ভর্তি করানোর আশায়। খুলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো সংস্থার ক্রীড়া দলে চাকরির দুয়ারও। কেউ কেউ জায়গা করে নিচ্ছে বিকেএসপিতে, আবার কারও ডাক আসছে সরাসরি জাতীয় দলে।

অবিরাম এগিয়ে চলার গল্প 

সাফল্যের এই পথটা মোটেও মসৃণ ছিল না। ২০২২-২৩ সালের দিকে ক্রীড়া শিক্ষক সাইদুল ইসলাম যখন স্কুলে যোগ দেন, তার প্রাথমিক লক্ষ্য ছিল ছেলেদের একটি দল গড়া। সেই চেষ্টা সফল না হওয়ায় তিনি মেয়েদের নিয়ে কাজ শুরু করেন। শুরুতে ৪০ জন মেয়েকে বাছাই করা হলেও, এখন ১৬ জনের একটি দুর্দান্ত দল তৈরি হয়েছে।

সেই শুরুর দিনগুলোর কথা মনে করে সাইদুল বলেন, ‘বাধা এসেছিল চারদিক থেকেই।’ তবে প্রধান শিক্ষক ‘ঢাল হয়ে’ পাশে দাঁড়ানোয় সব প্রতিবন্ধকতা দূর হয়।

সমাজের দৃষ্টিভঙ্গি বদলের কথা উল্লেখ করে প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘মানুষ খেলাধুলাকে পড়াশোনার জন্য ক্ষতিকর মনে করত।’ কিন্তু জাতীয় শিরোপা জয়ের পর ‘মানুষের সেই ধারণা রাতারাতি বদলে গেছে।’

আর্থিক সংকট ছিল বড় এক চ্যালেঞ্জ। স্কুলের সীমিত তহবিল থেকে জার্সি বা খেলার সরঞ্জাম কেনা অসম্ভব ছিল। ফলে স্থানীয় নেতা ও প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে। আর পর্দার আড়ালে চলেছে হাড়ভাঙা পরিশ্রম। সাইদুল ইসলাম বলেন, ‘রমজান, ঈদ কিংবা পূজা—কোনো ছুটিতেই আমরা অনুশীলন বন্ধ রাখিনি। মেয়েরা দিনরাত পরিশ্রম করেছে।’

সেই কঠোর পরিশ্রমের ফল মেলে ৫৩তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায়। চার দলের এই আসরে কোনো ম্যাচ না হেরেই শিরোপা জেতে দুর্বাচারা। পুরো টুর্নামেন্টে ৭৫টি গোল করার বিপরীতে তারা গোল হজম করেছে মাত্র পাঁচটি।

চিরাচরিত প্রথা ভেঙে মানসিকতার বদল 

এই খেলোয়াড়দের কাছে প্রতিটি জয় মানে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে একেকটি ব্যক্তিগত বিপ্লব।

নাতুড়িয়া গ্রাম থেকে প্রতিদিন ভ্যানে করে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনুশীলনে আসেন মাইমুনা খাতুন। শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন,

আজ সেই চ্যাম্পিয়ন মেয়েদের দেখলেই সবার মুখে হাসি ফোটে। এমনকি একসময়ের কট্টর সমালোচকেরাও এখন নিজের মেয়েকে খেলার মাঠে পাঠাতে উৎসাহ দিচ্ছেন।

দলের অধিনায়ক মোছা. করবী ও তার ছোট বোন তাসফিয়া আক্তার কুহেলি একসঙ্গেই মাঠ মাতান। শুরুতে মায়ের কিছুটা দ্বিধা থাকলেও বাবার সমর্থন ছিল অটুট। করবী বলেন, ‘আম্মুর কিছুটা সংশয় ছিল, কিন্তু আব্বু সব সময় বলতেন মাথা উঁচু করে দাঁড়াতে।’ দলের আটজন সদস্য জাতীয় দলে ডাক পাওয়ার পর এখন তাদের মূল লক্ষ্য ‘পড়াশোনা আর খেলা—দুটোই সমানতালে চালিয়ে যাওয়া’।

গ্রামীণ সমাজের বাস্তবতায় দাঁড়িয়েও মেয়েদের সাফল্যে গর্বে বুক ভরে ওঠে বাবা আবদুল মান্নানের। তিনি বলেন, ‘আমার কোনো ছেলে নেই; মেয়েরাই আমার সব। আমি চাই ওরা ওদের স্বপ্ন পূরণ করুক।’

তিনি আরও যোগ করেন, ‘ছোটবেলা থেকেই ওদের খেলাধুলার প্রতি ভীষণ টান। দৌড় প্রতিযোগিতায় ওরা বরাবরই প্রথম হতো, ক্রিকেটেও ভালো করত। এখন হ্যান্ডবলে জাতীয় দলে ডাক পেয়েছে। ভালো যেকোনো কাজেই বাধা আসে, ওদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’

ইতিমধ্যেই জাতীয় দলে জায়গা করে নেওয়া রত্না খাতুনের কাছে তাৎক্ষণিক চাকরির চেয়ে খেলাকে বাঁচিয়ে রাখাই বড়, ‘চাকরির প্রস্তাব এসেছিল, কিন্তু খেলাটা চালিয়ে যাওয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আব্বু আমার এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেন।’

সমাজের সাধারণ মানুষের চোখে এই সাফল্য কতটা অবিশ্বাস্য, তা ফুটে ওঠে রত্নার বাবা লতিফ মোল্লার কথায়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘জীবনে বাধা থাকবেই; তা জয় করেই সামনে এগোতে হয়। গ্রামের একটা মেয়ে আজ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছে—মানুষ এখনো এটা বিশ্বাসই করতে পারে না।’

কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত 

মেয়েদের এই অভাবনীয় সাফল্য নজর কেড়েছে স্থানীয় নেতৃবৃন্দেরও। জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী জাকির হোসেন সরকার মেয়েদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সংবর্ধনা দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সুর শোনা গেছে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের কণ্ঠেও। মেয়েরা পেশাদারভাবে খেলাধুলা বেছে নিলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

দুর্বাচারার ক্রীড়া ঐতিহ্য অবশ্য নতুন নয়—জেলা পর্যায়ের ক্রিকেটে এখানকার ছেলেদের বেশ সুনাম রয়েছে, ফুটবলেও তারা এগোচ্ছে। তবে জাতীয় চ্যাম্পিয়নশিপের সোনালি মুকুটটা এনে দিয়েছে এই গ্রামেরই মেয়েরা। মাঠের বাইরে পড়ে থাকার চিরাচরিত নিয়ম ভেঙে তারাই নতুন করে লিখছে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের ইতিহাস।

 

RELATED ARTICLES

Most Popular