Homeসারাদেশদলীয় পরিচয়, আত্মীয়তা আর ‘ঘুষে’ বিতর্কিত সারের ডিলারশিপ

দলীয় পরিচয়, আত্মীয়তা আর ‘ঘুষে’ বিতর্কিত সারের ডিলারশিপ

দেশজুড়ে সার ডিলার নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

অনেকক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে বিএনপি নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। সার ব্যবসায় কোনো অভিজ্ঞতা কিংবা প্রয়োজনীয় ধারণক্ষমতাসম্পন্ন গুদাম নেই এমন লোকেরাও পেয়েছেন ডিলারশিপ।

আগামী জানুয়ারি-জুন বোরো ধানের মৌসুম এবং চলমান শীতকালীন সবজির মৌসুমকে সামনে রেখে দেশের বেশ কয়েকটি জেলায় সার সংকট দেখা দেয়। এর মধ্যেই অভিযোগ উঠেছে ডিলারশিপ নিয়োগ নিয়ে।

রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বঞ্চিত আবেদনকারী ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, ডিলারশিপ নিতে অনেকক্ষেত্রে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ হাজার ডিলার পদের বিপরীতে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৪ হাজার ৫০৩টি জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে এবং ২৩৮টি আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান সতর্ক করে বলেছেন, স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেনের মাধ্যমে পাওয়া ডিলারশিপ সার ব্যবস্থাপনার দক্ষতা নষ্ট করবে, দুর্নীতিকে উৎসাহিত করবে এবং যোগ্য ব্যবসায়ীদের এই খাত থেকে দূরে সরিয়ে দেবে।

তিনি বলেন, ‘বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ইতোমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ সময়ে অযোগ্য বা অনভিজ্ঞ ডিলাররা সার সংকটকে আরও তীব্র করে তুলতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

নতুন করে তদন্তের মাধ্যমে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে নিয়োগ পাওয়া ডিলারদের বাতিল করার আহ্বান জানান তিনি।

তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ দাবি করেছেন, সরকার সুশৃঙ্খল ও বহুস্তরীয় যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করেই ডিলার নিয়োগ দিয়েছে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সব অভিযোগ তদন্ত করে দেখা হবে। ত্রুটিপূর্ণভাবে ডিলার বাছাইয়ের জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

ঘুষ লেনদেন

রংপুর বিভাগের আট জেলার ৫৩৬টি ইউনিয়ন ও ৩১টি পৌরসভায় মোট ৫৬৭ ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ও গঙ্গাচড়া সদর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর স্ত্রী।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু জানান, তিনি আবেদন করলেও তার নাম সুপারিশ করা হয়নি। ‘অজ্ঞাত কারণে আমার নাম সুপারিশ করা হয়নি। ডিলার নিয়োগকে কেন্দ্র করে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এবং ব্যাপক স্বজনপ্রীতি চলেছে,’ বলেন তিনি।

ডিলারশিপের চুক্তির জন্য ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে আইয়ুব আলী বলেন, নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে দলের কিছু সদস্য অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য চাঁদ সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই ঘুষের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে দুটি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের স্ত্রী।

রাঙ্গা তার স্ত্রীর নিয়োগের বিষয়টি স্বীকার করলেও অন্য নিয়োগ বা আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ডিলারশিপ পাননি এমন নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সার ডিলার নিয়োগে আমাদের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন হয়নি।’

আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল জানান, তিনি এ বিষয়ে অনেক অভিযোগ পেয়েছেন।

ডিলারদের কার্যক্রম ছয় মাস পর্যবেক্ষণ করা হবে এবং কেউ সঠিকভাবে সার বিতরণে ব্যর্থ হলে তাদের ডিলারশিপ বাতিল করা হবে বলে জানান তিনি।

পরিত্যক্ত চালকল যখন গুদাম

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে আদনান সাদি, ছোট বোনের স্বামী এবং ভাতিজার স্ত্রী ডিলারশিপ পেয়েছেন।

দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে, সংসদ সদস্যের বাড়ির কাছে একটি পুরোনো ও পরিত্যক্ত চালকলকে ছেলের গুদাম হিসেবে দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হান্নান অনেক বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে জমিটি কিনে চালকলটি স্থাপন করেছিলেন, তবে সেটি বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে।

অবশ্য চালকলসংক্রান্ত এই তথ্য নিয়ে ভিন্নমত বক্তব্য দিয়েছেন আবদুল হান্নান।

তার ছেলের ব্যবসা অভিজ্ঞতান এই। তাছাড়া তিনি একজন শিক্ষার্থী। এ অবস্থায় ছেলে কীভাবে যোগ্যতার শর্ত পূরণ করলেন—এমন প্রশ্নের জবাবে হান্না বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বঞ্চনার কথা বলতে থাকেন।

‘গত ১৭ বছর কি আমরা ব্যবসা করার সুযোগ পেয়েছি? আগের সরকার তো আমাদের ট্রেড লাইসেন্স পর্যন্ত দেয়নি,’ বলেন তিনি।

কুষ্টিয়ায় ৭০টি ডিলারশিপের মধ্যে অন্তত ৫০টিই পেয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের স্বজন। এর মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদের ছেলে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাই।

ছেলের জন্য ডিলারশিপ নেওয়ার তদবিরের কথা স্বীকার করে কুতুব উদ্দিন বলেন, ‘আমার ছেলে কাজ খুঁজছিল। ভালো একটি ব্যবসার সুযোগ আসায় আমি তার জন্য এটি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই আমাদের কাজ করতে হয়।’

দলীয় ও পারিবারিক যোগসাজশ

ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন ও ছয়টি পৌরসভায় নিয়োগ পাওয়া ডিলারদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের প্রায় ৯০ শতাংশের সার ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

এ তালিকায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের ছোট ভাই, ভগ্নিপতি ও ভগ্নিপতির স্ত্রী রয়েছেন। এ ছাড়া কালীগঞ্জের শিমলা-রোকনপুর ইউনিয়নে নিয়োগ পাওয়া মো. নাজমুল হক মিশু সম্পর্কে মজিদের স্ত্রীর মামাতো ভাই।

সাধুহাটি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মো. আনোয়ার হোসেন। তার মাসিক বেতন মাত্র ১০ হাজার টাকা।

হলিধানী ইউনিয়নে নিয়োগ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন। সরেজমিন পরিদর্শনের সময় যাচাই-বাছাই কমিটি তার আবেদনে উল্লিখিত গুদামে সারের বদলে ধান মজুত থাকতে দেখা গেছে।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে ৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব বা ভাড়া করা গুদাম থাকতে হবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য এম এ মজিদকে ফোন করা হলেও তিনি জবাব দেননি।

যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নোমান হোসেনও কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহীতে নতুন নিয়োগ পাওয়া ৮৫ জন ডিলারের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, তাদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অথবা তাদের পরিবারের সদস্যরা দলীয় পদে আছেন। তাদের একজন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, একজন উপজেলা বিএনপি নেতার ভাই এবং একজন পৌর বিএনপির সম্পাদক।

গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের বঞ্চিত আবেদনকারী জিয়াউর রহমান ডেইলি স্টারকে জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক তালিকায় তিনি প্রথম স্থানে থাকলেও পরে তাকে তৃতীয় স্থানে নামিয়ে দেওয়া হয়।

‘বাসুদেবপুরে আমার গুদামটিই সবচেয়ে ভালো। জেলা প্রশাসকের কার্যালয়ে তৈরি তালিকায় প্রথমে আমাকে এক নম্বরে রাখা হয়েছিল। পরে কী হলো জানি না, আমাকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে,’ বলেন তিনি।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, কোনো অভিযোগ পাওয়া গেলে ডিলার নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

সংসদ উত্তপ্ত

সার ডিলার নিয়োগে ‘অনিয়মের মহোৎসব’ চলছে বলে গত বুধবার সংসদে অভিযোগ তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ঠাকুরগাঁওয়ের উদাহরণ টেনে তিনি এই অভিযোগ করলে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

হাসনাত অভিযোগ করেন, সংরক্ষিত আসনের কয়েকজন নারী সংসদ সদস্য অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের ডিলারশিপ দেওয়ার সুপারিশ করে ডিও লেটার দিয়েছেন।

তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব অভিযোগ নাকচ করে দেন।

বুধবার সংসদে কৃষিমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারে ভর্তুকি বাবদ সরকার ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা আগের অর্থবছরের ২৮ হাজার ৯৮৭ দশমিক ৪৫ কোটি টাকার তুলনায় কম।

তিনি আরও জানান, দেশে সারের বার্ষিক চাহিদা ৫৮ লাখ টন, যার বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা মাত্র ১২ লাখ টন। ফলে চলতি অর্থবছরে সরকারকে ৪৬ লাখ টনের বেশি সার আমদানি করতে হবে।

ঠাকুরগাঁওয়ের চারটি উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির নেতা, কর্মী, তাদের স্বজন বা সহযোগী বলে জানা গেছে। তাদের অনেকেরই ব্যবসার অভিজ্ঞতা কিংবা প্রয়োজনীয় ধারণক্ষমতার গুদাম নেই বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, পীরগঞ্জ পৌরসভায় সার ব্যবসার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকের স্ত্রী শ্যামলী আক্তার।

রানীশংকৈল উপজেলায় ৮টি ডিলারশিপের মধ্যে ৬টিই পেয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের স্বজনরা। ডিলারশিপ পাওয়া জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ ছাত্রদলের এক সাবেক নেতার বড় ভাই এবং বর্তমানে সিঙ্গাপুরপ্রবাসী।

জাহাঙ্গীর ডেইলি স্টারকে জানান, গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরার পর ছোট ভাইয়ের পরামর্শে তিনি ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন।

তবে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম দাবি করেন, ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আবদুস সালামও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি বলেন, যারা ডিলারশিপ পাননি, তারাই এসব অভিযোগ তুলছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন।

‘কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা উচিত,’ বলেন তিনি।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন ডেইলি স্টারের রংপুর সংবাদদাতা এস দিলীপ রায়, ঝিনাইদহ সংবাদদাতা ওমর আলী সোহাগ, রাজশাহী সংবাদদাতা সোহানুর রহমান রাফি, কুষ্টিয়া সংবাদদাতা আনিস মন্ডল, ঠাকুরগাঁও সংবাদদাতা মো. কামরুল ইসলাম রুবাইয়াত ও ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা মাসুক হৃদয়)

RELATED ARTICLES

Most Popular