Homeস্পোর্টস‘আমাদের কেন সব প্রমাণ দেওয়া হয়নি’, ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওয়ার্নারের প্রশ্ন

‘আমাদের কেন সব প্রমাণ দেওয়া হয়নি’, ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওয়ার্নারের প্রশ্ন

আট বছর আগের সেই কুখ্যাত স্যান্ডপেপার-কাণ্ড যেন নতুন করে তাড়া করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। উসমান খাওয়াজার আত্মজীবনীতে উঠে আসা তথ্যের পর একে একে মুখ খুলছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাতে বেরিয়ে আসছে পরস্পরবিরোধী বক্তব্য, তৈরি হচ্ছে নতুন বিতর্ক। এবার সেই ঘটনার তদন্তপ্রক্রিয়া নিয়েই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে জবাব চাইলেন ডেভিড ওয়ার্নার। সাবেক এই ওপেনারের প্রশ্ন, ২০১৮ সালে তাকে কেন তদন্তের সব তথ্যপ্রমাণ জানানো হয়নি?

সম্প্রতি ওয়ার্নার অভিযোগ করেছিলেন, স্যান্ডপেপার-কাণ্ডের তদন্তে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি তদন্তের নামে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে তিন বোলারের সাক্ষাৎকার দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্নার।

রোববার ইনস্টাগ্রামে নতুন পোস্টে ওয়ার্নার লিখেছেন, ‘বিষয়টি পরিষ্কার করতে চাই। আমি যত দূর জানি, এ কথাটিই ছিল মূল বিষয়। বোলারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে কিংবা তারা কোনো বিবৃতি দিয়েছেন, সেটি আমাকে কখনো জানানো হয়নি। ২০১৮ সালে যখন আমাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল, তখন এই তথ্যগুলো আমার জন্য খুবই কাজে আসত।’

এরপর সরাসরি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন রেখেছেন, ‘সিএ আমাদের কেন সব প্রমাণ দেয়নি?’

এর আগে ওয়ার্নার দাবি করেছিলেন, তদন্তের শুরু থেকেই কারা শাস্তি পাবেন, তা যেন ঠিক করে রাখা হয়েছিল। তার মতে, তদন্তটি সঠিকভাবে পরিচালিত হয়নি। বরং বোলাররা কিছুই জানতেন না, এমন একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। পুরো বিষয়টিকে ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

ওয়ার্নারের অভিযোগের পর অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতি দিয়েছে। সেখানে তার দাবি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালের প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী আট বছরেও নতুন কোনো প্রমাণ থাকলে তা সামনে আনার সুযোগ ছিল তাদের। প্রত্যেক ক্রিকেটারের নিজের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার অধিকারকেও সম্মান করে সিএ।

এদিকে অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তদন্তের সময় স্টার্ক, হ্যাজলউড ও লায়নের সঙ্গে কথা বলা হয়েছিল। তবে ওয়ার্নারের বক্তব্য, তাকে সেই তথ্য জানানো হয়নি। ফলে তদন্তের স্বচ্ছতা ও তথ্যপ্রমাণ প্রকাশের বিষয়টি নিয়েই এখন প্রশ্ন তুলছেন তিনি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃত করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। স্যান্ডপেপার দিয়ে বলের এক পাশ ঘষতে দেখা গিয়েছিল তাকে। সেই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা। অন্য কোনো খেলোয়াড় বা কোচকে শাস্তি দেওয়া হয়নি।

দীর্ঘদিন চাপা পড়ে থাকা ঘটনাটি আবার আলোচনায় এসেছে উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। তার এই দাবিকে সমর্থন জানিয়েছেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক তা প্রত্যাখ্যান করেছেন।

২০২১ সালেও স্টার্ক, কামিন্স, হ্যাজলউড ও লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

আট বছর পর নতুন করে শুরু হওয়া এই বিতর্কে অবশ্য তদন্ত পুনরায় চালুর পক্ষে নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, পুরোনো তদন্ত নতুন করে শুরু করার মতো যথেষ্ট কারণ তারা দেখছেন না।

 

RELATED ARTICLES

Most Popular