Homeস্পোর্টসভিএআরের দুই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও ফাইনালে ভারত

ভিএআরের দুই সিদ্ধান্ত বিপক্ষে গেলেও ফাইনালে ভারত

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ভারত। তাতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ভিএআরের সহায়তায় গোল ফিরে পাওয়ার পর ভারতকে রীতিমতো চেপে ধরে ভুটান। এর মধ্যে আরেকটি ভিএআর সিদ্ধান্তে পেনাল্টিও হারায় ভারত। শেষ দিকে ভুটানের একের পর এক আক্রমণে কিছুটা নড়বড়ে হয়ে পড়ে তাদের রক্ষণ। তবে সব চাপ সামলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে নয়বারের চ্যাম্পিয়নরা।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধে বিষ্ণু পুথিয়া ভালাপ্পিল ও অধিনায়ক চিংলেনসানা সিংয়ের গোলে এগিয়ে যায় নওশাদ মুসার দল। বিরতির পর ভুটানের হয়ে ব্যবধান কমান কিনজ্যাং তাশি তোবডেন। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পঞ্চদশ আসরে চতুর্দশবারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত।

এবারের সাফে মূল জাতীয় দলের পরিবর্তে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল পাঠিয়েছে ভারত। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি তাদের। ২০০৯ সালে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় সাফের শিরোপা জিতেছিল ভারত। ২০১৮ সালে একই ভেন্যুতে দ্বিতীয় সারির দল নিয়ে উঠেছিল ফাইনালেও। এবারও ঢাকায় সেই সাফল্যের পুনরাবৃত্তির পথে এগিয়ে গেল তারা।

মালদ্বীপের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে জেতা একাদশে ছয়টি পরিবর্তন আনেন ভারতীয় কোচ নওশাদ মুসা। শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে তার দল। সেই আধিপত্যের ফল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি।

নবম মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা বল ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে পড়েন বিষ্ণু। ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংদিকে নাটমেগ করে নিচু শটে গোলরক্ষক গিয়েলশেন জাংপোকে পরাস্ত করেন তিনি। শুরুতেই এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারত।

১৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সুহাইল আহমেদ ভাট। কিন্তু বক্সের ডান দিক থেকে তার শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২১তম মিনিটে রিকি জন শাবংয়ের কাটব্যাক থেকে সুহাইলের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ভুটানের এক ডিফেন্ডার। দুই মিনিট পর ব্রিসন ফার্নান্দেসের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ২৭তম মিনিটে আর রক্ষা হয়নি ভুটানের। ডান দিক থেকে মাংলেনথাং কিপগেনের নেওয়া কর্নার ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি ভুটানের ডিফেন্ডাররা। বক্সে সামনে পাওয়া বল ভলিতে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের অধিনায়ক চিংলেনসানা সিং। দুই গোলের স্বস্তি নিয়েই বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য এক ভুটানকে দেখা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের মতোই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দলটি। বিরতির তিন মিনিট পরই ব্যবধান কমিয়ে আনে তারা। যদিও গোলটি পেতে সহায়তা নিতে হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর)।

৪৮তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড চেঞ্চো জিয়েলশেনের সাইডভলি থেকে আসা বলে হেড করে জালে পাঠান কিনজ্যাং তাশি তোবডেন। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় শুরুতে গোলটি বাতিল হয়ে যায়। এরপর ভিএআরের মাধ্যমে ঘটনাটি পর্যালোচনা করা হয়। রিপ্লেতে দেখা যায়, খুব সূক্ষ্ম ব্যবধানে অফসাইডের ফাঁদ এড়িয়ে গেছেন কিনজ্যাং। ফলে বদলে যায় সিদ্ধান্ত, গোল ফিরে পায় ভুটান।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার করে কোনো গোলের সিদ্ধান্ত বদলানো হয়। এবারের সেমিফাইনাল থেকে চালু হওয়া প্রযুক্তিটি পরিচালিত হচ্ছে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে। সেখানে ভিডিও পর্যালোচনার পর মাঠের রেফারিকে প্রয়োজনীয় তথ্য জানানো হয়।

গোলটি পাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে ভুটান। ৫৩তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে চেঞ্চোর নেওয়া শট মুষ্টিবদ্ধ হাতে ঠেকিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।

এরপর ৬৪তম মিনিটে আরও একবার নাটকীয়তা তৈরি হয় ভিএআরকে ঘিরে। ভুটানের এক খেলোয়াড়ের হাতে বল লাগার ঘটনায় ভারতকে পেনাল্টি দেন ইন্দোনেশিয়ার রেফারি থোরিক মুনির আলকাতিরি। তবে ভিএআরের পরামর্শে মাঠের পাশে থাকা মনিটরে ঘটনাটি আবার দেখেন তিনি। এরপর নিজের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। ফলে দ্বিতীয়বারের মতো ভিএআরের সিদ্ধান্ত যায় ভুটানের পক্ষে।

দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় কিছুটা চাপে পড়লেও প্রতি-আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় ভারত। ৮৪তম মিনিটে ব্যবধান আবার দুই গোলে বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুহাইল। কিন্তু তাঁর শট ক্রসবারে প্রতিহত হলে হতাশ হতে হয় ভারতকে।

শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভুটান। যোগ করা সময়ে অন্তত দুবার সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। বদলি হিসেবে নামা কিনজ্যাং তেনজিনের বক্সের ভেতর থেকে নেওয়া নিচু শট দারুণ দক্ষতায় ধরে ফেলেন ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার। এরপর আরেকটি সহজ সুযোগ পান তেনজিন। কিন্তু সামনে শুধু গোলরক্ষককে পেয়েও ঠিকমতো হেড করতে পারেননি তিনি।

তাতেই শেষ হয়ে যায় ভুটানের প্রথমবার সাফের ফাইনালে ওঠার স্বপ্ন। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হার ও শ্রীলঙ্কার সঙ্গে ড্র করার পর গোল ব্যবধানে সেমিফাইনালে উঠেছিল দলটি। শেষ চারের লড়াইয়েও বড় চমকের সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ভারতের সঙ্গে।

RELATED ARTICLES

Most Popular