দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টের যেকোনো চেষ্টা ঠেকাতে ডিসেম্বরে ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বিএনপি।
তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। দলটির কর্মকাণ্ড ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থাও করবে না তারা।
গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং তিন সহযোগী সংগঠনের নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে আলাদা কর্মসূচি তৈরির নির্দেশ দেন তারেক রহমান। এসব কর্মসূচিতে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও যুক্ত করা হবে। কর্মসূচির মধ্যে থাকতে পারে প্রতিবাদী পদযাত্রা, মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, সেগুলোর পাল্টা কর্মসূচি দেওয়া বা তাদের কর্মসূচি ঠেকানো আমাদের লক্ষ্য নয়।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে। দেশে কেউ যাতে অস্থিরতা তৈরি করতে বা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
বিএনপির আরেক নেতা বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর জবাবে বিএনপি রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পরিকল্পনা নিয়েছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে যেভাবে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করত, একই ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।
এমন সময়ে বিএনপি এ সিদ্ধান্ত নিল, যখন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিএনপি সূত্র জানায়, ডিসেম্বরে জাতীয় ও দলীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। এসব উপলক্ষে কর্মসূচি পালনের সুযোগ দেখছে দলটি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরার এক বছর পূর্ণ হবে। আর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের নেতা শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, ইমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবেরাও বৈঠকে অংশ নেন।
