তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের আজকের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগের সভার আলোচনা অনুযায়ী, আজকের সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি কত হওয়া উচিত, সে বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি প্রস্তাব জমা দেবে। কিন্তু সভা স্থগিত হওয়ায় তা আর হয়নি।
এর আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, বোর্ডের চেয়ারম্যানসহ ছয় সদস্য নারায়ণগঞ্জের তিনটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এর মধ্যে একটি ছোট, একটি মাঝারি এবং একটি বড় কারখানা ছিল। রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা কারখানাগুলো পরিদর্শন করেন।
বাবুল আখতার বলেন, পরিদর্শনের সময় বোর্ডের চেয়ারম্যান তাকে জানান, নির্ধারিত সভাটি স্থগিত করতে চান তিনি।
বাবুল আখতারের ভাষ্য, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে বলেছেন, কিছু কারণে বোর্ডপ্রধান হিসেবে সভা স্থগিত করার এখতিয়ার তার রয়েছে। তবে নির্ধারিত সভা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি।
বাবুল আখতার বলেন, সম্ভবত মালিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের স্বতন্ত্র প্রতিনিধি আজকের সভায় জমা দেওয়ার জন্য তাদের প্রস্তাব তৈরি করতে পারেননি।
এছাড়া চলমান শ্রম পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণেও সভা স্থগিত হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।
বাবুল আখতার বলেন, ‘আমি শিগগিরই বোর্ডের চেয়ারম্যানের কাছে সভার নতুন তারিখ নির্ধারণের অনুরোধ জানাব।’
