Homeসারাদেশ‘আজ তোমার বাড়িতে গুলি করেছি, কাল তোমাকে গুলি করব’

‘আজ তোমার বাড়িতে গুলি করেছি, কাল তোমাকে গুলি করব’

চাঁদা হিসেবে ২০ লাখ টাকা দিতে রাজি না হওয়ায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর রাত সাড়ে ১২টার দিকে শহীদনগর এলাকায় জাফর আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিতে বাড়ির একটি জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।

জাফর সাংবাদিকদের জানান, পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ রায়হানের লোকজন তার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।

জাফরের ভাষ্য, প্রায় ১০ মাস আগে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে থাকার সময় রায়হান প্রথম তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। এরপর গত বুধবার রায়হান আবারও চাঁদা দাবি করেন এবং তাকে হুমকি দেন।

গুলি চালানোর পর রায়হান তাকে আবার ফোন করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন জাফর।

তার ভাষ্য, রায়হান ফোনে বলেন, ‘টাকা দাওনি, তাই আজ তোমার বাড়িতে গুলি করেছি। কাল তোমাকে গুলি করব। কাফনের কাপড় প্রস্তুত রেখো।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি এসে গুলি চালিয়ে পালিয়ে যান। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জাফরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইন লঙ্ঘনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদা দাবি করে আসছেন তিনি।

পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী রায়হান। পুলিশের ভাষ্য, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির পাহাড়ি এলাকা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তাকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হলেও এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে।

RELATED ARTICLES

Most Popular