Homeসারাদেশরাস পূর্ণিমা পূজায় সুন্দরবনের দুবলার চরে যেতে বন বিভাগের ৫ রুট নির্ধারণ

রাস পূর্ণিমা পূজায় সুন্দরবনের দুবলার চরে যেতে বন বিভাগের ৫ রুট নির্ধারণ

রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

শুধু সনাতন ধর্মাবলম্বীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে নির্ধারিত নদীপথ ব্যবহার করে দুবলার চরে যেতে হবে।

বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ রুটগুলো নির্ধারণ করা হয়েছে। যাতায়াতের পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

অনুমোদিত পাঁচটি রুটের প্রথমটি হলো বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।

দ্বিতীয় রুট কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।

তৃতীয় রুট নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলার চর।

চতুর্থ রুট ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর।

পঞ্চম রুট বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিনদিনের জন্য তীর্থযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রবেশের সময় নির্ধারিত এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় করে পাস দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে।

প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্ধারিত রুট উল্লেখ করা হবে। তীর্থযাত্রী ও দর্শনার্থীরা তাদের পছন্দমতো একটি রুট ব্যবহার করতে পারবেন। ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত পথে নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে।

প্রতিটি জলযানের গায়ে রং বা স্টিকার দিয়ে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রী বা পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে অবস্থানকালে সেই টিকিট বা টোকেন সবসময় সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া, প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রাস পূর্ণিমা উপলক্ষে যাতায়াত ও অবস্থানের সময় কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার করা যাবে না। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত বা এ ধরনের কোনো অবৈধ সামগ্রী পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, ‘সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ।’

তিনি বলেন, ‘সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।’

সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে রাস পূর্ণিমার পুণ্যস্নানে আগত তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে নির্ধারিত পথ ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular