ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগের প্রদর্শনী, তাদের নির্মিত দুটি চলচ্চিত্র প্রদর্শন, গণমাধ্যমশিল্পের পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা এবং বিভাগের পাঠ্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও আলোকচিত্রী তানজিম ইবনে ওয়াহাব। তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। উপাচার্য ও বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান পুরস্কারপ্রাপ্তদের সনদ ও উপহার দেন।
এ বছর ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। গবেষণা ও শিক্ষায় ড. আফরুজা আক্তার, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা বিভাগে ড. সানজানা রহমান, সাংবাদিকতা ও কনটেন্ট ক্রিয়েশনে মো. আরিফুল ইসলাম, সামাজিক ও করপোরেট যোগাযোগে প্রিয়াংকা চৌধুরী এবং চলচ্চিত্র নির্মাণ ও ব্যবস্থাপনায় এডেলা কাসরিন ফরিদ পুরস্কার পেয়েছেন।
এ ছাড়া বিশেষ সম্মাননা ‘অ্যাচিভার অব দ্য ইয়ার ২০২৬’ পেয়েছেন সাদ হাম্মাদী। তিনি কানাডার বালসিলি স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডার বোর্ড পরিচালক।
