Homeআন্তর্জাতিকমার্কিন বিশ্ববিদ্যালয়ে কেন কমছে বিদেশি শিক্ষার্থীর ভর্তি

মার্কিন বিশ্ববিদ্যালয়ে কেন কমছে বিদেশি শিক্ষার্থীর ভর্তি

ভিসা পাওয়া ও চাকরির সুযোগ নিয়ে অনিশ্চয়তার কারণে চলতি বছরের ফল সেমিস্টারে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিদেশি শিক্ষার্থীর ভর্তি কমেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, চলতি বছর মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৫ শতাংশ কমেছে। গত বছরও এ হার ১৮ শতাংশ কমেছিল। টানা দুই বছর শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ায় দেশটির উচ্চশিক্ষা খাতের কর্মকর্তারা উদ্বিগ্ন।

জরিপ অনুযায়ী, আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীদের হিসাবসহ চলতি বছরের ফল সেমিস্টারে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যা ৯ শতাংশ কমেছে। গত বছরও এ সংখ্যা ৩ শতাংশ কমেছিল।

বছরের পর বছর ধরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে ছিল। এসব শিক্ষার্থীর অধিকাংশই সম্পূর্ণ টিউশন ফি দিতেন। তাদের দেওয়া ফি থেকে স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফির একটি অংশে ভর্তুকি দেওয়া সম্ভব হতো।

তবে অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের প্রভাব বিদেশি শিক্ষার্থীদের ওপরও পড়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর অন্যতম প্রধান দেশ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিবেশ আগের মতো ইতিবাচক নেই বলে আশঙ্কা করছেন সেখানে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা।

টানা দুই বছর শিক্ষার্থী ভর্তি কমার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন শিক্ষা খাতের বড় সংগঠন আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের প্রেসিডেন্ট টেড মিচেল।

তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীরা মার্কিন উচ্চশিক্ষা খাতের প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি ছিলেন। এ ছাড়া আগে থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও উদ্বেগজনক।

মিচেল বলেন, এসব শিক্ষার্থী ইতোমধ্যে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু কোনো কারণে নিজ দেশে ফিরে তারা সিদ্ধান্ত নিচ্ছেন, যুক্তরাষ্ট্রে আর ফিরবেন না। তাদের কাছে ঝুঁকিটা অনেক বেশি মনে হচ্ছে।

আয় কমে যাওয়ার ক্ষতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রম বন্ধ, কর্মী ছাঁটাই ও বাজেট কমিয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস প্রায় ৭০টি শিক্ষাক্রম বন্ধ বা একীভূত করার ঘোষণা দিয়েছে।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি সম্প্রতি ব্যয় সংকোচনের পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমে যাওয়াকেও আংশিক কারণ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, গত বছর কর্মী ছাঁটাই করা বোস্টন ইউনিভার্সিটি জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় তাদের আর্থিক চাপ বাড়ছে।

৮০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে ২০২৬ সালের ফল সেমিস্টারের তথ্য প্রকাশ করেছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন।

সংস্থাটি তাদের বার্ষিক ‘ওপেন ডোরস’ প্রতিবেদনও প্রকাশ করে।

প্রতিবেদনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। অলাভজনক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।

এদিকে, আন্তর্জাতিক শিক্ষা প্রসারে কাজ করা সংগঠন নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরসের পৃথক এক বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছরের ফল সেমিস্টারে শিক্ষার্থী কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৩১ হাজার কর্মসংস্থান এবং ২ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় হারানোর আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, একসময় অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পথ হিসেবে দেখতেন। কিন্তু ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদি অবস্থান ও কাজের ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করায় এখন কেউ কেউ আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের ডিগ্রি আর চাকরির সেই নিশ্চয়তা দেবে না।

বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা বলেছেন, তারা ইতোমধ্যে নতুন এই ধারার নেতিবাচক প্রভাব অনুভব করছেন।

RELATED ARTICLES

Most Popular