Homeসারাদেশসরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল পাস

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল পাস

সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি পাস হয়েছে।

বিলটি পাসের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের কামরুল হাসান, পাবনা-৩ আসনের এম আলী আসগর, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ, কুষ্টিয়া-২ আসনের আবদুল গফুর, সংরক্ষিত নারী আসন-৪০ এর মোছা. নাজমুন নাহার এবং রংপুর-৪ আসনের এম আখতার হোসেন বিলটি জনমত যাচাইয়ের দাবি জানান।

বিলের ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যদের আনা সংশোধনী প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, এর উদ্দেশ্য নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সুযোগ সৃষ্টি করা নয়; বরং যারা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এর অর্থ এই নয় যে কেউ সুযোগ থেকে বঞ্চিত হলেই স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাবেন। বরং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাই এর লক্ষ্য।

তিনি বলেন, এ উদ্দেশ্যে গঠিত পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আপিল প্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা প্রতিফলিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, উত্থাপিত কিছু বিষয় বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। ক্রয়প্রক্রিয়ার ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত অন্যান্য পর্যবেক্ষণ ও প্রস্তাব বিধিমালা প্রণয়নের সময় বিবেচনা করা যেতে পারে। তবে সব বিষয় বিধিমালায় অন্তর্ভুক্ত করা সম্ভব নাও হতে পারে। এ বিষয়গুলো বিধিমালা প্রণয়নের সময় যথাযথভাবে বিবেচনা করা হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে দেশীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টি, ক্রয় চুক্তির প্রশাসনিক ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন করা হবে।

টেকসই ক্রয় নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এ পদ্ধতি স্বীকৃত।

এ ছাড়া সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

অধ্যাদেশ জারির বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান প্রশ্ন করেন, দেশে কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছেন।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই পাস হচ্ছে। সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির বিধান রয়েছে।

সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে বিবেচিত ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’-এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে।

সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটিতে সংশোধনী আনা হয়। দেশীয় শিল্পের সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে হালনাগাদ বিধান যুক্ত করতে এ অধ্যাদেশ জারি করা হয়েছিল।

সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন এবং সম্পদের অধিকতর ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর বিষয়টিও সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুসারে সংসদে উপস্থাপন করা হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়।

গত ২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’  পাস হয়েছে।

সোমবার সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

বিলটি পাসের আগে বিরোধীদলের (জামায়াতে ইসলামী) যশোর-৪ আসনের মো. গোলাম রছুল, নেত্রকোণা-৫ আসনের মাছুম মোস্তফা, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া-২ আসনের মো. আব্দুল গফুর, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের এম আবদুল আলীম, নীলফামারী-২ আসনের আলফারুক আব্দুল লতীফ, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন, মেহেরপুর-১ আসনের তাজউদ্দীন খান এবং কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে পাঠানোর দাবি জানান।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার বগুড়ার উন্নয়নের প্রতি কোনো গুরুত্ব দেয়নি। এ কারণে বিলটি পাসের ক্ষেত্রে সংসদ এগিয়ে যেতে পারে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ কর্তৃপক্ষ গঠিত হবে। এর আওতাধীন এলাকার মধ্যে থাকবে বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন অঞ্চল।

প্রস্তাবিত আইন অনুযায়ী, এ কর্তৃপক্ষ এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের উন্নয়ন এবং নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে।

আইনে জনশুনানি ও প্রস্তাবিত পরিকল্পনা আগাম প্রকাশসহ নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প ও এলাকাভিত্তিক পরিকল্পনা পর্যায়ক্রমে প্রণয়নের বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় এর ছাড়পত্র ছাড়া কোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।

প্রস্তাবিত আইনে নদ-নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে।

এতে ভূমি পুনর্বিন্যাস (ল্যান্ড রি-অ্যাডজাস্টমেন্ট) এবং ভূমি পুনঃউন্নয়ন (ল্যান্ড রিডেভেলপমেন্ট)-এর মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমি পুনর্বিন্যাসের ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ ভূমিমালিকের সম্মতি নেওয়ার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া অনুমোদন ছাড়া নির্মাণকাজ এবং অবৈধভাবে জলাশয় ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি আরোপ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular