রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা পুনরুদ্ধার করেছে খুলনা বিভাগ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের শেষ দিনে এই দাপুটে জয় তুলে নেয় তারা।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের ব্যাটে সহজ জয়ের পথে এগিয়ে যায় খুলনা। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও ৭৮ রানে অপরাজিত থাকেন তামিম। তার সঙ্গে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন কালাম সিদ্দিকী আলীন। ১ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
২০১৯-২০ মৌসুমের পর এটিই খুলনার প্রথম এনসিএল শিরোপা। সব মিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি।
এর আগে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল রংপুর। তবে দিনের দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেক (২৩) আউট হয়ে গেলে আগের দিনের স্কোরের সঙ্গে কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
খুলনার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার সফর আলী; ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট। তাকে দারুণ সঙ্গ দিয়ে মেহেদী হাসান রানা শিকার করেছেন ৪ উইকেট।
চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করল খুলনা। অন্যদিকে, ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ।
সোমবার বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছিল সিলেট। বোনাসসহ জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল তারা। ফলে চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে অন্তত ড্র করার সমীকরণ ছিল খুলনার সামনে।
তবে কোনো ভুল করেনি খুলনা; শেষ দিনে দাপুটে জয় তুলে নিয়েই নিজেদের রেকর্ড শিরোপার সংখ্যাটা আরও বাড়িয়ে নিল তারা।
