Homeস্পোর্টস‘বাংলাদেশ যখনই বিপদে পড়বে, আমি সামাল দিতে চাই’

‘বাংলাদেশ যখনই বিপদে পড়বে, আমি সামাল দিতে চাই’

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ২৬ রানে হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংসে দলকে বিপদমুক্ত করেছিলেন লিটন দাস। পরের বছর সিলেটেও পাকিস্তানের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে জ্বলে উঠেছিল তার ব্যাট। এবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি উদ্ধার অভিযানে সফল লিটন।

দলের বিপর্যয়ে এভাবে বারবার জ্বলে ওঠার পেছনের রহস্য কী? লিটনের কাছে এটি আসলে বিপদ নয়, বরং নিজেকে প্রমাণের সুযোগ। বাংলাদেশ যখনই বিপদে পড়বে, তখনই দলের হাল ধরতে চান এই উইকেটকিপার ব্যাটসম্যান।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সোমবার ১২০ রান করে আউট হয়েছেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি। আগের দিন ১২১ রানে ৫ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েছিলেন ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪০০ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা উপমহাদেশের প্রথম দলও এখন বাংলাদেশ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, দলের বিপদের সময়ই কেন তার ব্যাট থেকে এমন সব ইনিংস আসে? জবাবে ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘দল খারাপ অবস্থায় আছে, এটা একটা বিষয়। কিন্তু আমার কাছে সব সময়ই মনে হয়, এটা একটা সুযোগ। দল যখন চাপে থাকে, তখন একজন সিনিয়র খেলোয়াড় অবশ্যই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। আমি খুশি যে সেটা করতে পেরেছি।’

এরপরই লিটন জানালেন, ভবিষ্যতেও এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিতে চান তিনি, ‘আমি চাই, ভবিষ্যতে বাংলাদেশ যখনই বিপদে পড়বে, আমি যেন পরিস্থিতিটা সামাল দিতে পারি। আমার চিন্তা সব সময় রান করা নিয়ে। কারণ, আমার খেলার ধরনটাই এমন।’

দক্ষিণ আফ্রিকা সফরে নিজের কাছে একটা প্রত্যাশাও ছিল লিটনের। এর আগে চারটি টেস্ট খেলেছেন দেশটিতে। এবার পঞ্চম টেস্টে এসে সেই প্রত্যাশা পূরণ করতে পেরে খুশি তিনি, ‘দক্ষিণ আফ্রিকায় এটা আমার পঞ্চম টেস্ট। তাই মনের মধ্যে একটা ব্যাপার ছিল, এবার এই সফরে কিছু একটা করতে চাই। খুশি যে সেটা করতে পেরেছি।’

অবশ্য ব্যক্তিগত সাফল্য ও দলের রেকর্ড গড়ার পরও কিছুটা আক্ষেপ আছে লিটনের। বাংলাদেশ ৪০০ রান করলেও তার মনে হচ্ছে, আরও অন্তত ৫০ থেকে ৬০ রান বেশি করা সম্ভব ছিল। বিশেষ করে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে উইকেট অনেকটাই সহজ হয়ে যাওয়ায় সেই আক্ষেপটা আরও বেশি।

লিটন বলেন, ‘গতকাল যখন ব্যাটিং করছিলাম, তখনকার তুলনায় আজ উইকেটের আচরণ অনেকটাই আলাদা ছিল। গতকাল উইকেটে বোলারদের জন্য কিছু ছিল। বল মুভ করছিল, বাড়তি বাউন্সও ছিল। কিন্তু আজ যখন ব্যাটিং করতে নামলাম, তখন উইকেট অনেক বেশি ফ্ল্যাট মনে হয়েছে।’

বাংলাদেশের ইনিংস আরও বড় হতে পারত বলে মনে করেন লিটন, ‘আমার মনে হয়, আমরা ৫০-৬০ রান কম করেছি। আমি যদি আরও ১০-১৫ ওভার ব্যাটিং করতে পারতাম, তাহলে সহজেই ৪৬০ রান করা সম্ভব ছিল।’

বাংলাদেশের ৪০০ রানের জবাবে অবশ্য ভালো অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। অর্থাৎ প্রথম ইনিংসে এখনো ১১৩ রানে এগিয়ে বাংলাদেশ। তবে উইকেট যেভাবে সহজ হয়ে এসেছে, তাতে প্রোটিয়াদের দ্রুত থামানোই এখন বড় চ্যালেঞ্জ।

লিটনও সেটি বুঝতে পারছেন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গেলেও বোলারদের জন্য এখনো কিছু সুযোগ আছে বলে মনে করেন তিনি, ‘উইকেট এখন অনেকটাই ফ্ল্যাট। তবে আমরা যদি ঠিক জায়গায় বল করতে পারি, তাহলে এখানেও বোলারদের জন্য কিছু আছে।’

 

RELATED ARTICLES

Most Popular