Homeসারাদেশবাসের আয়েই চলত স্ত্রীর ডায়ালাইসিস-চিকিৎসা, আগুনে পুড়ল সব

বাসের আয়েই চলত স্ত্রীর ডায়ালাইসিস-চিকিৎসা, আগুনে পুড়ল সব

দুটি বাস থেকে পাওয়া ভাড়ার টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন শহিদুল আলম। কিন্তু বুধবার ভোরে অগ্নিসংযোগে পুড়ে গেছে তার সেই বাস দুটি। এখন স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

শুধু শহিদুলের বাস নয়, একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের পৃথক তিনটি স্থানে আগুন দেওয়া হয়েছে আরও একটি বাস ও দুটি লেগুনায়। সব মিলিয়ে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোররাতে এসব ঘটনা ঘটে।

রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের কর্মী মো. আলম বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড় করানো ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিয়ে আলম বলেন, আমি প্রথমে মনে করছিলাম, রাস্তায় ডাকাতি করতে আসছে। পরে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দিলে একজন বলে, ‘গুলি কইরা দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ করল কি না জানি না, আমি উল্টো দিকে দৌড় দিছি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলম।

বাসের মালিক শহিদুল আলম বলেন, বাস দুটি থেকে পাওয়া ভাড়ার টাকায় তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন। এখন বাস পুড়ে যাওয়ায় স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে চালাবেন, তা বুঝতে পারছেন না।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এই স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শেষ কইরা দিয়া গেছে।’

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু বলেন, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা থ্রি স্টার পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্নের কাছে সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কে বা কারা সড়কের পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

RELATED ARTICLES

Most Popular