Homeঅর্থনীতিঅক্টোবরে ডিএসই থেকে ১৭৫ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা

অক্টোবরে ডিএসই থেকে ১৭৫ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা

বিদেশি বিনিয়োগকারীরা গত অক্টোবরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যত টাকার শেয়ার কিনেছেন, বিক্রি করেছেন তার চেয়ে ১৭৫ কোটি টাকার বেশি। মাসের দ্বিতীয়ার্ধে শেয়ার বিক্রির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সংকলিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন ১০২ কোটি টাকার। বিপরীতে বিক্রি করেছেন ২৭৭ কোটি টাকার শেয়ার। ওই মাসে বাজারের মোট লেনদেনের ৩ শতাংশের বেশি ছিল তাদের শেয়ার বিক্রির এ পরিমাণ।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অন্যতম প্রধান কারণ অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া মূলধনি মুনাফার ওপর কর।

তিনি বলেন, ‘সমস্যা হলো, এই করের হিসাব করা অত্যন্ত জটিল।’

একজন বিনিয়োগকারী একই কোম্পানির শেয়ার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দামে কিনতে পারেন এবং কয়েক  ফায় তা বিক্রি করতে পারেন। ফলে প্রকৃত মূলধনি মুনাফা নির্ধারণ করা জটিল হয়ে পড়ে বলে তিনি ব্যাখ্যা করেন।

সাইফুল বলেন, বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে হিসাবের জটিলতা আরও বেশি। কারণ, শেয়ার কেনা ও বিক্রির মধ্যবর্তী সময়ে বিনিময় হারের ওঠানামাও বিবেচনায় নিতে হয়। এতে ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে তাদের মুনাফার পরিমাণও প্রভাবিত হয়।

বিদেশি বিনিয়োগকারীদের ধরে রাখতে বর্তমান মূলধনি মুনাফা করব্যবস্থার পরিবর্তে সহজে হিসাব করা যায়—এমন বিকল্প করপদ্ধতি চালুর বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি।

ডিবিএ সভাপতি বলেন, ‘করব্যবস্থায় অস্পষ্টতা বা জটিলতার কোনো সুযোগ থাকা উচিত নয়।’

তিনি আরও বলেন, শেয়ার বিক্রির পর অর্থ দেশে ফিরিয়ে নিতেও কিছু বিনিয়োগকারী সমস্যায় পড়েছেন। এতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

সাইফুলের মতে, পুঁজিবাজারে সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে, সেগুলোকে স্বাগত জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা।

আগামী দুই বছরে ভালো মানের ৫০টি কোম্পানি তালিকাভুক্ত করাসহ বাজারের বিস্তৃতি বাড়ানো গেলে বিদেশি বিনিয়োগকারীরা আবারও ফিরবেন বলে তিনি মনে করেন।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার তুলনায় বেশি বিক্রি করছেন। এর কারণ শুধু পুঁজিবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, বারবার সার্বভৌম ঋণমান অবনমনের ফলে বাংলাদেশের ঝুঁকির প্রিমিয়াম বেড়েছে। অন্যদিকে, অব্যবস্থাপনা ও অর্থের অপব্যবহার ব্যাংক খাতের ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

বিশ্বের তিনটি প্রধান ঋণমান নির্ধারণকারী সংস্থার একটি মুডিস রেটিংস ২০২৪ সালে রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি এবং প্রবৃদ্ধির সম্ভাবনা দুর্বল হওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছিল। রাজনৈতিক ও বৈদেশিক খাতের তীব্র চাপ কমে আসায় গত মাসে সংস্থাটি পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে আবার ‘স্থিতিশীল’ করেছে।

অন্য দুই প্রধান সংস্থা ফিচ রেটিংস ও এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসও বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছিল।

ডিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। একইসঙ্গে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সক্ষমতাও সীমিত।

তিনি বলেন, টাকার বড় ধরনের অবমূল্যায়ন এবং দেশ থেকে অর্থ বাইরে নেওয়ার জটিলতার কারণেও বিদেশি বিনিয়োগকারীদের ডলারে পাওয়া মুনাফা কমেছে।

মনিরুজ্জামান উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের পথ থেকে সরে এসে প্রশাসনিকভাবে বিনিময় হার নির্ধারণ, স্প্রেড নিয়ন্ত্রণ এবং হার বেঁধে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল। এর ফলে সৃষ্ট নতুন বিনিময় হারের ওপর বিদেশি বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারেননি।

তিনি বলেন, ‘বিএসইসির আগের কমিশনের ফ্লোর প্রাইস নীতি বিনিয়োগকারীদের বাজারে আটকে রেখেছিল। গ্লোবাল ইনভেস্টমেন্ট ফান্ডগুলো সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।’

তালিকাভুক্ত কোম্পানিগুলোর দুর্বল আর্থিক প্রতিবেদন, বাজারজুড়ে ইকুইটির বিপরীতে কম মুনাফা এবং শেয়ারের সীমিত ফ্রি-ফ্লোট নিয়েও সমালোচনা করেন মনিরুজ্জামান।

তিনি বলেন, ভালো মানের খুব কম কোম্পানিই পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে।

ইরান-ইসরায়েল ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হলে তেল ও পণ্যের দাম কমবে। এতে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য কিছুটা স্বস্তি পাবে বলে মনে করেন তিনি।

তবে এ ধরনের স্বস্তির পাশাপাশি ব্যাংক খাতে বিশ্বাসযোগ্য সংস্কার, স্থিতিশীল বিনিময় হার, ফ্লোর প্রাইস আরোপ না করার দৃঢ় অঙ্গীকার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য আরও ভালোভাবে প্রকাশ করা নিশ্চিত হলেই বিদেশি বিনিয়োগকারীরা ফিরবেন বলে তিনি জানান।

মনিরুজ্জামান বলেন, ‘আমরা যদি উদীয়মান বাজারের মর্যাদা অর্জন করতে পারি, তাহলে গ্লোবাল ফান্ড ম্যানেজারদের কাছ থেকে বিনিয়োগ পাব। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।’

RELATED ARTICLES

Most Popular