Homeস্পোর্টসওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের ২ উইকেট

ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের ২ উইকেট

সিলেট টেস্টের চতুর্থ দিনেও উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো। তাতে নেমে আগ্রাসী শুরু পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। বড় জুটির পর ব্র্যান্ডন কিং ও জশুয়া দা সিলভাকে ফেরাতে পেরেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে রানের গতি কমেনি।

ওপেনার ব্র্যান্ডন কিং ৮৪ বলে ৬১ ও দা সিলভা ৭০ বলে ৩৬ করে ফিরে গেছেন। বাংলাদেশের হয়ে প্রথম উইকেট নেন তাইজুল, পরে কিংকে ফেরান মিরাজ।

বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়রা নতুন বল সামলে নেয় ভালোভাবে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে ইতিবাচক অ্যাপ্রোচে খেলে বেশ কিছু বাউন্ডারি বের করে নেয় তারা।

পেস থেকে কিছু হচ্ছে না দেখে স্পিনারদের আক্রমণে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে স্পিনাররাও শুরুতে অতটা প্রভাব ফেলতে পারছিলেন না। বরং কিং ও জশুয়া অনায়াসে বাড়াচ্ছিলেন রান। তাইজুল নিজের চতুর্থ ওভারে ফুলার লেংথের ডেলিভারিতে জশুয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে ৮৫ রানে গিয়ে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

হজ ক্রিজে নেমেই ছটফট করতে থাকেন। সুযোগও তৈরি হচ্ছিল তখন। চাপ বাড়ায় বাংলাদেশ। সেই চাপে হজ টিকে গেলেও কিং কাটা পড়েন। ফিফটি পেরিয়ে যাওয়া ওপেনার এবারও প্রথম তিন অঙ্কের দিকে যেতে পারলেন না। দলের ১১৯ রানে মিরাজের বলে ব্যাট পেতে স্লিপে শান্তর হাতে জমা পড়েন কিং। সেশনের বাকি সময়টা উইকহামকে নিয়ে পার করেছেন হজ।

দ্বিতীয় সেশনে ম্যাচের মোড় কোনদিকে ঘোরে, তা দেখার অপেক্ষা। সিলেটের উইকেট ব্যাট করার জন্য এখন ভালো থাকায় ক্যারিবীয়দের নাগালের ভেতর আটকে রান তাড়ার আশা করতে পারে বাংলাদেশ।

 

RELATED ARTICLES

Most Popular