Homeস্পোর্টস‘নিজের ধরনে’ খেলেই সফল হৃদয়

‘নিজের ধরনে’ খেলেই সফল হৃদয়

দক্ষিণ আফ্রিকার উইকেট ব্যাটারদের জন্য সব সময় চ্যালেঞ্জের। আর কেউ যদি টেস্ট ক্রিকেটের আঙিনায় হন নতুন, তাহলে চ্যালেঞ্জটা একটু বেশিই। তবে তাওহিদ হৃদয় সেসব চ্যালেঞ্জ যেন উড়ালেন তুড়ি মেরে। জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্সে নেমেই খেললেন ১৩৭ রানের ইনিংস। তিন ইনিংসে দুই সেঞ্চুরি করে টেস্টে দুরন্ত ছন্দে থাকা ব্যাটার বললেন নিজের মতো খেলেই সাফল্য পেয়েছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ডে যৌথভাবে মাহমুদুল হাসান জয়ের পাশে বসেছেন হৃদয়।

নিজের উইকেটের মূল্য দিয়েছেন ডানহাতি ব্যাটার, আর সেটি করেছেন নিজস্ব ঢংয়েই। সিলেটের ইনিংসটির (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডময় ২৪২) সঙ্গে ওয়ান্ডারার্সের ইনিংসটির পার্থক্যও ছিল বিস্তর। তবে হৃদয় জানান, চলতি বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে খেলা ৩৫০ রানের ইনিংসটি থেকেই  আত্মবিশ্বাস সঞ্চয় করেছেন।

ওই ইনিংসটি দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে কি না—এমন প্রশ্নের জবাবে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সোমবার সম্প্রচারকারীদের হৃদয় বলেন, ‘একদমই তা-ই। আপনি যেখানেই রান করেন না কেন, রান পেলে তা সব সময়ই আত্মবিশ্বাস জোগায়। আমি সেই আত্মবিশ্বাস বয়ে নেওয়ার চেষ্টা করি। সব সময় নিজের খেলার ধরনে এবং নিজের প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করি।’

টেস্ট ক্যারিয়ারের শুরুতেই দারুণ ছন্দে আছেন হৃদয়। সবশেষ তিন ইনিংসে তার রান যথাক্রমে ২৪২, ৮২ ও ১৩৭। আর এই প্রতিটি ইনিংসই এসেছে এমন সময়ে, যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এমনকি ওয়ান্ডারার্সেও প্রথম দিন দুই সেশনের মধ্যেই কাগিসো রাবাদা পাঁচ উইকেট তুলে নিয়ে টাইগারদের গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেখান থেকেই লিটন দাসের সঙ্গে ২০৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে চালকের আসনে বসান হৃদয়।

দল বিপদে পড়ার পর ব্যাটিংয়ে নামা প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন পেশাদার খেলোয়াড় এবং মিডল-অর্ডার ব্যাটার হিসেবে বেশির ভাগ সময়ই আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং আমি পরিস্থিতি সম্পর্কে জানি।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি দেখেন, আমরা দ্রুত উইকেট হারালে বেশির ভাগ সময়ই আমাকে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয় এবং আমি কন্ডিশনটা বুঝি। সব সময়ই আমি নিজের ওপর আস্থা রাখার এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করি।’

 

RELATED ARTICLES

Most Popular