সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালীয় খাবার নিয়ে মজার প্রতিক্রিয়া ও ঐতিহ্যবাহী খাবারের নিয়মকানুন নিয়ে দুই ইতালীয় বন্ধুর তৈরি রিলসগুলো বেশ জনপ্রিয়। প্রায় প্রতিটি ভিডিওর শুরুতে দেখা যায়, কোনো ব্যক্তি ইতালীয় খাবার রান্না করছেন। কিছুক্ষণ পরপর এমিলিয়ানো ও মাত্তেও নামে দুই ইতালীয় সেই রান্নার প্রশংসা করছেন। একপর্যায়ে দেখা যায়, ওই ব্যক্তি দেশটির ঐতিহ্যবাহী খাবার পিৎজা বানাচ্ছেন।
শুরুতে সব ঠিক থাকলেও পিৎজায় আনারসের টুকরা দেওয়ার দৃশ্য দেখানোর পর দৃশ্যপট বদলে যায়। সঙ্গে সঙ্গে ওই দুই ইতালীয় কনটেন্ট ক্রিয়েটর মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করতে থাকেন।
তবে পিৎজায় আনারস দেওয়া নিয়ে আপত্তি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতায় সীমাবদ্ধ নয়। অনেক ইতালীয়ই মনে করেন, পিৎজায় কখনোই আনারস দেওয়া উচিত না। এটি তাদের সংস্কৃতির প্রতি অপমান।
বাস্তবেও এমন ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় ব্রিসবেনের একটি রেস্তোরাঁর ইতালীয় শেফ ডেভিদে তামবুরেল্লাকে বরখাস্ত করা হয়েছে। ওই শেফের দাবি, এটি তার ‘সংস্কৃতির প্রতি অপমান’।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনের ‘লা কোস্তা’ রেস্তোরাঁ থেকে বরখাস্ত করা হয় ডেভিদে তামবুরেল্লাকে। ঘটনাটি মে মাসের। বর্তমানে রেস্তোরাঁটি বন্ধ আছে।
লা কোস্তার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডেভিদে তামবুরেল্লার আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলার পর তার সঙ্গে আলোচনায় বসেছিল। এর দুই সপ্তাহ পর তাকে চাকরিচ্যুত করা হয়।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে ছিল, একটি অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিৎজা তৈরি করতে না চাওয়া। সেই সময় শেফ ডেভিদে তামবুরেল্লা বলেছিলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশ তার সংস্কৃতির প্রতি অপমানজনক হলে সেটা ‘মানতে তিনি বাধ্য নন’।
অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে তিনি অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের দ্বারস্থ হলে এসব তথ্য সামনে আসে।
মঙ্গলবার প্রকাশিত রায়ে কমিশন উল্লেখ করে, তামবুরেল্লা পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ ‘একজন ইতালীয় হিসেবে তিনি মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমান’।
কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান আনারস উৎপাদনকারী অঙ্গরাজ্য। দেশটিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রায় সব আনারসই এই অঙ্গরাজ্যে চাষ হয়।
রায় অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে আবেদন জমা দেওয়ায় অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে করা তার আবেদন খারিজ হয়।
শেফ তামবুরেল্লার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি এখন ব্রিসবেনের আরেকটি রেস্তোরাঁয় কাজ করছেন। বিবিসি যাচাই করে দেখেছে, ওই রেস্তোরাঁর মেনুতে আনারস নেই।
মূলত ইতালীয় খাবার হলেও পিৎজার বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও বাণিজ্যিকীকরণে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে। পিৎজা হাট ও ডমিনোজের মতো আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁগুলো এই খাবারকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে।
তবে পিৎজায় আনারস যোগ করার প্রচলন যুক্তরাষ্ট্র থেকে আসেনি। হ্যাম ও আনারসযুক্ত ‘হাওয়াইয়ান পিৎজা’র উদ্ভাবক হিসেবে পরিচিত গ্রিক বংশোদ্ভূত কানাডীয় স্যাম পানোপোলস। ১৯৬২ সালে কানাডার অন্টারিওতে নিজের রেস্তোরাঁয় তিনি এই পিৎজা তৈরি করেন।
অনেক দেশে স্থানীয় উপকরণ ব্যবহার করে পিৎজার নানা ধরনের ফিউশন তৈরি করা হয়। মুসলিম-প্রধান দেশগুলোতে হ্যামের পরিবর্তে মুরগির মাংস ব্যবহারের চলও রয়েছে। তবে তামবুরেল্লার মতো পিৎজার ঐতিহ্য ও প্রচলিত রীতির প্রতি কঠোর অবস্থান নেওয়া শেফরা এ ধরনের পরিবর্তন পছন্দ করেন না।
