Homeসারাদেশভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

রাজশাহীর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

আজ সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

তার ছেলে শাহরিয়ার আখুঞ্জি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মরদেহ ঢাকা থেকে রাজশাহী শহরের কুমারপাড়া এলাকায় নিজ বাড়িতে নেওয়া হবে।

মঙ্গলবার জোহরের নামাজের পর তার জানাজা হওয়ার কথা রয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি।

রাজশাহী অঞ্চলে যারা আন্দোলন সংগঠিত করেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম।

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে মাত্র ১৬ বছর বয়সে দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি এই আন্দোলনে যোগ দেন।

আন্দোলন চলাকালীন তিনি রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং হোস্টেলে প্রচারণা চালান, যেন বাংলা ভাষার প্রয়োজনীয়তা তুলে ধরা যায় এবং শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হতে উদ্বুদ্ধ করা যায়।

পরে আখুঞ্জি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। 

RELATED ARTICLES

Most Popular