মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় আসন ইতোমধ্যে জোগাড় করে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। তবে সেনেটের দুটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। এর একটি রক্ষণশীল হিসেবে পরিচিত মিসিসিপি। সেখানে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অপর অমীমাংসিত রাজ্য আলাস্কায় কারচুপির অভিযোগ উঠেছে।
মিসিসিপির লড়াই
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে ৯৬ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলোম রিপাবলিকান দলের বর্তমান সেনেটর সিন্ডি হাইড-স্মিথের চেয়ে ৫০টিরও কম ভোটে এগিয়ে ছিলেন বলে জানিয়েছে সিএনএন ও এনবিসি।
কোলোম জয়ী হলে ১৯৮২ সালের পর মিসিসিপি থেকে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট সেনেটর হবেন তিনি।
২০২৪ সালের নির্বাচনে যে অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে ডেমোক্র্যাট নেতা কোলোমের জয় হলে রিপাবলিকানদের কাছ থেকে কেড়ে নেওয়া আসনসংখ্যা দাঁড়াবে আটটিতে।
বুধবার ভোরে নিজের নির্বাচনী প্রচারের ফেসবুক পেজে কোলোম বলেন, ‘এই নির্বাচনের ওপর কী কী নির্ভর করছে, সে বিষয়ে ভোটাররা অবগত আছেন। মিসিসিপিজুড়ে এ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। তাদের মধ্যে হাজারো মানুষ প্রথমবারের মতো ভোট দিয়েছেন।’
জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাট নেতারা দীর্ঘদিন ধরেই মিসিসিপিকে গুরুত্ব দেননি। তবে নির্বাচনী প্রচারের শেষ দিকে সেনেটের এই লড়াই দলের প্রভাবশালী নেতাদের দৃষ্টি আকর্ষণ করে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন টুপেলোতে ভোটারদের নিয়ে সমাবেশ করেন এবং বারাক ওবামা কোলোমের প্রতি সমর্থন জানান।
ভোটার হিসেবে যোগ্যতা যাচাই করা প্রয়োজন—এমন ব্যক্তিদের হাজারো ব্যালট এখনো গণনা করা হয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে এ নির্বাচনের ফল জানতে কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।
আলাস্কায় কারচুপির অভিযোগ
আলাস্কায় ৭৪ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভান পেয়েছিলেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।
নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের পর আলাস্কার এই নির্বাচন জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান দলের বর্তমান সেনেটর সুলিভানের ভোট কমানোর উদ্দেশ্যে পেলটোলার সহযোগীরা ড্যান সুলিভান নামের আরেক ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করেছিলেন।
নির্বাচনের দিন অঙ্গরাজ্যের রাজধানী অ্যাঙ্কোরেজে সাংবাদিকদের সেনেটর সুলিভান বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী প্রচারের মূল লক্ষ্যই হচ্ছে আলাস্কার মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা বলা এবং প্রতারণা করা।’
তবে বিকল্প প্রার্থী দাঁড় করানোর এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন পেলটোলা।
আলাস্কায় র্যাঙ্কড-চয়েস ভোটপদ্ধতি চালু থাকায় এবং আগাম ও অনুপস্থিত ভোটের হাজারো ব্যালট এখনো গণনা না হওয়ায় কয়েক সপ্তাহের আগে এই নির্বাচনের ফল ঘোষণা নাও হতে পারে। এই পদ্ধতিতে ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে তালিকাভুক্ত করেন। কোনো প্রার্থী প্রয়োজনীয় ভোট না পেলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়েন এবং তার ভোট পরবর্তী পছন্দের প্রার্থীর কাছে যায়।
