Homeস্পোর্টসসাদমানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

সাদমানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালে ফিল্ডিং করার সময় চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক শুশ্রূষা দিলেও কাজ হয়নি। শেষমেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি, আর ফেরেননি। শুক্রবারের খেলা শেষে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়েই নামতে পারবেন না তিনি।

ক্যারিবিয়ানদের ইনিংসের ৭৮তম ওভার চলাকালে ঘটে এই বিপত্তি। ফাইন লেগে সীমানার ঠিক আগে ডাইভ দিতে গিয়ে বাম পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। তীব্র ব্যথার অভিব্যক্তি ফুটে ওঠে তার চেহারায়। তখনই ধারণা করা গিয়েছিল, চোটটা গুরুতর হতে পারে। এই ম্যাচের বাকি অংশ থেকে তার ছিটকে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সাদমানের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ফিজিও বায়েজিদুল বলেন, ‘সাদমান বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরবর্তীতে ও আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি ওর স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে, ও চোট পেয়েছে।’

তিনি যোগ করেন, ‘আগামীকাল আমরা স্ক্যানের প্রতিবেদন পাব। এরপর বিস্তারিত জানানো যাবে। এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো অবস্থায় নেই।’

সাদমান মাঠে ফিরতে না পারায় বিস্ময় জাগিয়ে তার জায়গায় ওপেনিংয়ে নাঈম হাসানকে নামায় বাংলাদেশ। এই অফ স্পিনারকে নিয়ে ধরা টিম ম্যানেজমেন্টের বাজি যদিও কাজে লাগেনি। মিরপুরে আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের মধ্যে ফিফটি হাঁকানো নাঈম টিকতে পারেননি। ৬ বলে ৫ রান করে জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।

দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে থেকে কিছুটা চাপের মধ্যে আছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩৫৬ রানে থামার পর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সাদমানের পরিবর্তে কোনো বদলি ব্যাটার নেওয়ার সুযোগ না থাকায় সামনে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে টাইগারদের। ক্যারিবিয়ানদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি।

RELATED ARTICLES

Most Popular