প্রথম দিনটা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। বিশেষ করে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশের বোলারদের বেশ ভুগতে হয়েছিল। তবে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর সেই ঘুরে দাঁড়ানোর নায়ক হাসান মাহমুদ। দ্বিতীয় নতুন বলে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই পেসার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৫ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে গেছে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে। দিনের প্রথম সেশনে পতন হওয়া চার উইকেটের তিনটিই নিয়েছেন হাসান। অন্যটি মেহেদী হাসান মিরাজের।
দিনের শুরুতে অবশ্য বেশ স্বচ্ছন্দেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস বাংলাদেশের বোলারদের সামলে রান বাড়াচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় নতুন বল হাতে পেয়েই ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান।
নতুন বলে নিজের প্রথম ওভারেই টানা দুই বলে দুই উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। প্রথমে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন সেঞ্চুরিয়ান জাঙ্গুকে। ১৩৩ রানে থামে তার ইনিংস। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান।
পরের বলেও প্রায় পেয়ে গিয়েছিলেন উইকেট। জশুয়া বিশপকে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার। তাতে হ্যাটট্রিকের উল্লাস শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডে আঘাত করেছে। ফলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় হাসানের।
এর মধ্যেই অবশ্য বিপাকে পড়ে বাংলাদেশ। বাউন্ডারি আটকাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান ওপেনার সাদমান ইসলাম। মাঠের ঘাসে পা আটকে মচকে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয় সাদমানকে।
অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান গ্রিভস। বাংলাদেশের বোলারদের সামলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। চলতি বছরে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংসও।
এরপর আবারও আঘাত হানেন হাসান। জশুয়া বিশপকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন হাসান, দেশের মাটিতে যা তাঁর প্রথম।
সিলেট টেস্টে হাসানের পাঁচ শিকার কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। তবে বিশপকে আরও আগেই ফেরানোর সুযোগ পেয়েছিলেন তিনি। নিজের বলেই ক্যাচ নেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি হাসান।
পেসারদের দাপটের মধ্যে স্পিনারদের প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৯১তম ওভারে তার হাওয়ায় ভাসানো বলে লাইন মিস করেন গ্রিভস। খুব বেশি টার্ন না করেই বল সরাসরি অফ স্টাম্পে আঘাত হানে। তাতে ৫১ রানে শেষ হয় গ্রিভসের ইনিংস, ওয়েস্ট ইন্ডিজ হারায় অষ্টম উইকেট।
লাঞ্চের আগে আরও একটি উইকেট পেতে পারতেন মিরাজ। সেশনের শেষ বলে শামার জোসেফকে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত ২৫ ওভারের প্রথম সেশনে ৮৭ রান যোগ করে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে শামার জোসেফ ও ৯ রানে জোমেল ওয়ারিক্যান অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে ৮৬ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান। তাসকিন আহমেদ ৮৩ রানে ২টি ও মিরাজ ৬৯ রানে নিয়েছেন একটি উইকেট।
