একসময়ের খরস্রোতা আলাইকুমারী নদীর বুকজুড়ে এখন ফসলের খেত। দখল, ভরাট ও চাষাবাদে ২৬ কিলোমিটার দীর্ঘ নদীটির গড় প্রস্থ ৪৫ মিটার থেকে কমে কোথাও ১০ থেকে ১৫ মিটারে দাঁড়িয়েছে। অবশিষ্ট অংশেও মাছের প্রাচুর্য নেই।
বর্ষায় কিছুটা পানি থাকলেও শুকনো মৌসুমে নদীর বড় অংশ শুকিয়ে যায়। তাই নদীর দুই পাড় দখল করে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকেরা। তবে পানিপ্রবাহ বন্ধ হওয়ায় মাছ হারিয়ে জীবিকা সংকটে পড়েছেন স্থানীয় জেলেরা।
নদী রক্ষার সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আলাইকুমারীসহ রংপুরের অন্তত ৪২টি নদী অস্তিত্ব সংকটে রয়েছে।
রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দা জানান, নদীগুলো পুনরুদ্ধারের কাজ চলছে, তবে দখলদারদের বাধার মুখে পড়তে হচ্ছে।
