Homeসারাদেশআসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট পিটিশনের শুনানিতে আজ বুধবার বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দুদকের ২ ও ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন আসিফ মাহমুদ নিজেই। ওই দুইদিন আসিফের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল দুদক।

২৮ সেপ্টেম্বর আইনজীবী জহিরুল ইসলাম মুসার মাধ্যমে করা রিট আবেদনে বিচারাধীন অনুসন্ধান বা তদন্ত নিয়ে দুদককে ভবিষ্যতে কোনো সংবাদ সম্মেলন করা থেকে বিরত রাখতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, এ ধরনের সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে প্রদত্ত ব্যক্তিত্ব ও সুখ্যাতির অধিকারের সুরক্ষা এবং ফৌজদারি আইনের স্বীকৃত মানদণ্ডের পরিপন্থী।

রিট আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন উল্লেখ করে গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ বলেন, অবকাশকালীন ছুটির পর নিয়মিত বেঞ্চে এর শুনানি হতে পারে।

সেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক রিটের বিরোধিতা করে বলেন, দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট গ্রহণযোগ্য নয়।

আজ আদালতে আসিফ মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

RELATED ARTICLES

Most Popular