Homeআন্তর্জাতিকচোখের চিকিৎসায় আবারও হাসপাতালে ইমরান খান

চোখের চিকিৎসায় আবারও হাসপাতালে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য আবারও ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছে।

হাসপাতালে চোখে বিশেষ ইনজেকশন দেওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর প্রথমে ইমরান খানের চোখ ও শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, চিকিৎসার আগে ও পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইমরানের ডান চোখের রেটিনার শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এরপর তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়। তোষাখানা দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন তিনি।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। সে সময় কারা কর্তৃপক্ষের স্বাস্থ্য প্রতিবেদনে তার রক্তচাপের ওঠানামা, বুক ধড়ফড়, মাথাব্যথা ও অস্থিরতার তথ্য উঠে এসেছিল।

ডনের প্রতিবেদন অনুযায়ী, তখন পিমসের মেডিকেল বোর্ড ইমরানকে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ বাড়ানো, প্রতিদিন হাঁটাচলা এবং সংবাদপত্র, টেলিভিশন ও বই পড়ার সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল।

তবে আদালতের ওই নির্দেশ সত্ত্বেও সরকার তাকে শিফা ইন্টারন্যাশনালের বদলে পিমসে নিয়ে যায়। তখন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছিলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সরকারের এমন পদক্ষেপের পর ইমরান খানের দল পিটিআই অভিযোগ করেছিল, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছে।

RELATED ARTICLES

Most Popular