Homeআন্তর্জাতিকইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু

বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের পরমাণু প্রকল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন তিনি। তবে তার এই দাবির পুরোপুরি বিপরীত চিত্র তুলে ধরেছে ওয়াশিংটন। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরানের অস্ত্রভান্ডারে এখনো আড়াই হাজারের মতো ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর উল্লেখযোগ্য সক্ষমতা তেহরানের এখনো রয়েছে। বিষয়টি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কর্মকর্তাদের মতে, ইরানের কাছে উৎক্ষেপণের জন্য প্রস্তুত কিংবা মজুত অবস্থায় ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা শনাক্ত করা কঠিন। তা সত্ত্বেও ইরানের হাতে যে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে, সেটা স্পষ্ট জানিয়েছেন তারা।

কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও দেশটি নিজেদের অস্ত্রভান্ডার নতুন করে গড়ে তোলার কাজ অব্যাহত রেখেছে। এ ছাড়া দেশটির হাতে প্রচুর ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ইরানের অস্ত্রভান্ডারের এই চিত্র ট্রাম্পসহ মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের আগের বক্তব্যের বিপরীত। তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে আবার হামলা শুরু করা হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনাতেও ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন, ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যবিষয়ক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা কর্মকর্তা সিমোন লিডিন বলেন, ইরানের হাতে খুব কম করে হলেও ১ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার অর্থ হলো, যুদ্ধের আগে দেশটির কাছে থাকা আনুমানিক ক্ষেপণাস্ত্রের অর্ধেকের বেশি তারা আবার মজুত করতে পেরেছে।

তিনি বলেন, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সংঘাত শুরুর মধ্যবর্তী সময়ে ইরান তাদের অস্ত্রভান্ডার পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল।

এপ্রিলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, ইরানের হাতে ভূগর্ভস্থ স্থাপনায় রাখা হাজারো স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত রয়েছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় এসব স্থাপনার প্রবেশপথ ধসে পড়লেও অস্ত্র অকেজো হয়নি।

গত মাসের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর জন্য চাপ অব্যাহত রেখেছেন। কিন্তু ট্রাম্প সাফ জানিয়েছেন, বড় হামলার বদলে অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চান তিনি।

RELATED ARTICLES

Most Popular