সরকারি অর্থ-ব্যবস্থাপনায় কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মাঝামাঝি থেকে ঋণঝুঁকি মূল্যায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক দুটি নতুন সূচক ব্যবহার শুরু করবে।
প্রচলিত ‘ঋণ ও জিডিপির অনুপাত’-এর পাশাপাশি বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা দুটি এখন খতিয়ে দেখবে, সরকারের রাজস্ব আয়ের কত অংশ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।
একইসঙ্গে বাজেট ঘাটতি এবং ঋণের আসল পরিশোধে সরকারকে প্রতি বছর অর্থনীতির আকারের তুলনায় কী পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তাও পরিমাপ করা হবে।
অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে আইএমএফের কর্মকর্তারা নতুন মূল্যায়নের কথা তুলে ধরেন। গত সোমবার শেষ হওয়া এ সম্মেলনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
২০২৫ সালে দেশের সরকারি রাজস্বের প্রায় ৩০ শতাংশই ব্যয় হয়েছে সুদ পরিশোধে। আর চলতি অর্থবছরে সুদ পরিশোধের ব্যয় দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন।
স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংশোধিত ঋণ টেকসই কাঠামো (রিভাইজড ডেট সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক ফর লো-ইনকাম কান্ট্রিজ) নামে পরিচিত এই নতুন মূল্যায়ন পদ্ধতি চলতি বছরের সেপ্টেম্বরে অনুমোদন করে আইএমএফের নির্বাহী পর্ষদ। এর কিছুদিন পরই বিশ্বব্যাংকও তা অনুসরণ করে। এ কাঠামোতে ২০১৭ সালের পর এটিই প্রথম বড় ধরনের সংস্কার।
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে, যা জিডিপির ৪১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১০১ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বৈদেশিক ঋণ ৮৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
আঞ্চলিক মানদণ্ডে এই অনুপাত খুব বেশি নয়। তবে নতুন কাঠামোতে ঋণের আকারের পাশাপাশি রাজস্বের তুলনায় ঋণ পরিশোধের খরচকেও হিসাব করা হবে—আর সেই বিবেচনায় বাংলাদেশের অবস্থান অনেকটাই দুর্বল।
বিশ্বে যেসব দেশে কর-জিডিপি অনুপাত সবচেয়ে কম, সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর মধ্যেই সরকারের ঋণ নেওয়ার প্রবণতা সঞ্চয়পত্র ও স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের মতো ব্যয়বহুল অভ্যন্তরীণ উৎসের দিকে ঝুঁকে আছে।
নতুন নিয়ম সম্পর্কে ঋণ সম্মেলনের সারসংক্ষেপে বলা হয়েছে, সরকারি রাজস্বের তুলনায় বাংলাদেশের সুদ পরিশোধের অনুপাত ইতোমধ্যে অনেক বেশি হওয়ায় সংশোধিত কাঠামোর আওতায় অনুকূল ঋণের টেকসই মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক পিছিয়ে যেতে পারে।
আইএমএফ ইতোমধ্যে বাংলাদেশকে বৈদেশিক ও সামগ্রিক—উভয় ধরনের ঋণ সংকটের ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ তালিকায় রেখেছে। এই তালিকার দেশগুলোর জন্য অর্থনৈতিক অভিঘাত সামলানোর সুযোগ কম। চলতি বছরই বাংলাদেশের ঝুঁকির মাত্রা ‘নিম্ন’ থেকে বাড়িয়ে ‘মাঝারি’ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু সংকটকালীন পরিস্থিতি নয়, বরং মূল পূর্বাভাসেই যেসব দেশের ঋণ-সূচকগুলো ধারাবাহিকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করবে, তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হবে।
এই সীমাগুলো এখনো প্রকাশ করা হয়নি। আইএমএফ ও বিশ্বব্যাংক জানিয়েছে, প্রতিটি দেশের ঋণ বহন করার সক্ষমতা অনুযায়ী এই সীমা ভিন্ন ভিন্ন হবে এবং কারিগরি নির্দেশিকায় তা উল্লেখ থাকবে। এক্ষেত্রে বাংলাদেশকে ‘মাঝারি সক্ষমতার’ দেশ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
এই মূল্যায়ন বা রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাংকের সহজ শর্তের তহবিল থেকে একটি দেশ কী পরিমাণ অনুদান ও ঋণ পাবে, আইএমএফ কর্মসূচিতে ঋণ গ্রহণের সীমা কত হবে এবং বেসরকারি ঋণদাতা ও ক্রেডিট রেটিং সংস্থাগুলো কীভাবে ঝুঁকি নির্ধারণ করবে—তা এই রেটিংয়ের ওপরই নির্ভর করে।
সম্মেলনে আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোয় বাংলাদেশের সামনে সংস্কারের—বিশেষ করে রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
আইএমএফের সাবেক কর্মকর্তা প্রসাদ অনন্তকৃষ্ণান বলেন, বিশ্বব্যাপী ঋণ গ্রহণের খরচ বাড়তে থাকায় ঋণ ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে পড়বে।
তার মতে, বৈশ্বিক সরকারি ঋণ ২০২৫ সালের জিডিপির প্রায় ৯৪ শতাংশ থেকে বেড়ে ২০৩১ সালের মধ্যে ১০২ শতাংশে পৌঁছাতে পারে।
এলোমেলো ঋণ ব্যবস্থাপনা
সম্মেলনে কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে থাকা ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমকে একীভূত করার তাগিদ দেন। এই বিভাজনের কারণে তথ্যের সামঞ্জস্য, সমন্বয় ও পরিচালন দক্ষতায় সমস্যা তৈরি হচ্ছে বলে উল্লেখ করা হয়।
এডিবির পরামর্শক জুলিয়ান সিজমানস্কি কীভাবে একটি কার্যকর ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠা ও শক্তিশালী করা যায়, তা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষ ঋণ গ্রহণ, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সমন্বিত ডেটাবেজ এবং সুস্পষ্ট আইনি ক্ষমতাসম্পন্ন একটি একক কার্যালয় অপরিহার্য। তাঁর মতে, একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের তিনটি মূল কাজ থাকা প্রয়োজন—ঋণ গ্রহণের জন্য ‘ফ্রন্ট অফিস’, কৌশল ও ঝুঁকি বিশ্লেষণের জন্য ‘মিডল অফিস’ এবং ঋণের হিসাব সংরক্ষণ ও পরিশোধের জন্য ‘ব্যাক অফিস’।
সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে অবশ্যই নিজস্ব ঋণ ব্যবস্থাপনা কৌশল, ঋণ গ্রহণ পরিকল্পনা এবং ঝুঁকি কাঠামোর মালিকানা নিতে হবে। সার্বভৌম ঋণগ্রহীতা হিসেবে বাংলাদেশের প্রতি আস্থা তৈরির জন্য স্বচ্ছ ঋণ প্রতিবেদন, দায়িত্বশীল রাজস্ব ব্যবস্থাপনা, ঋণদাতাদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ এবং মুদ্রানীতি ও ঘাটতি অর্থায়নের মধ্যে যথাযথ পৃথকীকরণ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
রাজস্ব প্রসঙ্গে তিতুমীর বলেন, ঋণ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রের প্রাপ্য অর্থ আরও বেশি পরিমাণে আদায় করা। তিনি বলেন, আগামী পাঁচ বছরে রাজস্ব আদায় জিডিপির মাত্র দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানো গেলেও তা আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং অত্যন্ত প্রয়োজনীয় রাজস্ব পরিসর তৈরি করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, একটি আধুনিক সরকারি ঋণ আইনের সহায়তায় একটি শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গড়ে তোলা হলে তা দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করবে।
