ভাষার জগতে জন্ম নিয়েছে এক নতুন যৌগিক শব্দ। ব্লুনামি। ইংরেজি ‘ব্লু’ শব্দের সঙ্গে যুক্ত হয়েছে জাপানি শব্দ ‘সুনামি’। দুই গোলার্ধের দুই ভিন্ন ভাষার দুই পৃথক শব্দের ওপর ভর দিয়ে এই সংকর শব্দের আবির্ভাব। ‘ব্লুনামি’র বাংলা অর্থ ‘নীল জলোচ্ছ্বাস’।
বিশ্লেষকরা এই ‘নীল জলোচ্ছ্বাস’ পরিভাষাটি ব্যবহার করছেন মূলত যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ব্যাপক বিজয়কে বোঝাতে। ‘ব্লু’ বা নীল হচ্ছে ডেমোক্র্যাটদের প্রতীকী রং। বিপরীতে, ‘রেড’ বা লাল রিপাবলিকানদের।
গত ৩ নভেম্বর সেই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির অভাবনীয় বিজয়ের পর ‘ব্লুনামি’র জন্ম।
ইতিহাস বলছে, ১৯৭৪ সালের পর মার্কিন মুলুকে ডেমোক্র্যাটদের পক্ষে এমন জনজোয়ার দেখল বিশ্ববাসী। এমনকি, যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় শত বছরেও রিপাবলিকানরা হারেননি, সেদিনের নির্বাচনে সেসব আসনেও বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা।
আর ‘ব্লুনামি’ নামক সেই জনজোয়ারেই যেন ভেসে যাচ্ছে ‘ট্রাম্প যুগ’, ‘ট্রাম্পবাদ’ ও তথাকথিত ‘ডোনরো ডকট্রিন’ পরিভাষাগুলো।
মার্কিন আইনসভা কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা দেখে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ‘ট্রাম্প যুগের অবসান?’ বা ‘ট্রাম্প যুগের শেষের শুরু’ বা ‘ট্রাম্পবাদের মৃত্যু ঘণ্টা’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে চলেছে।
এই তালিকায় আছে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন, দ্য ইকোনোমিস্ট, এমএস নাউ, দ্য আটলান্টিক ও দ্য গার্ডিয়ানসহ অনেকে।
সংবাদ প্রতিবেদনগুলোর মূল বক্তব্য, মহাক্ষমতাধর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ‘ডানা ছেঁটে দেওয়ার’ ব্যবস্থা করা হচ্ছে। অনেকে ট্রাম্পকে ‘ঠুঁটো জগন্নাথ’ বলছেন। ট্রাম্প তার নিজের রিপাবলিকান দলে ক্রমশ ‘অচ্ছুৎ’ হয়ে পড়ছেন। ভক্ত-সমর্থকদের কেউ কেউ ট্রাম্পকে ‘সম্পদ’ নয় ‘সমস্যা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
অনেক বিশ্লেষক এমনও বলছেন যে, তথাকথিত ‘ট্রাম্প যুগের’ অবসান ঘটনাতে বিরোধী ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানরাই এখন বেশি আগ্রহী। কট্টর ট্রাম্প-ভক্ত হিসেবে পরিচিত ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘ম্যাগা’ আন্দোলন ভীষণভাবে মিইয়ে গেছে।
‘ম্যাগা-গোষ্ঠী’ জনবিচ্ছিন্ন হতে হতে এখন শুধু হোয়াইট হাউসের ভেতর ‘আটকে’ গেছে, বলেও মন্তব্য করছেন অনেকে।
সংবাদ প্রতিবেদনগুলো থেকে আরও জানা যাচ্ছে—ট্রাম্পের এক সময় ঘনিষ্ঠজনরা এখন ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রাখছেন। তারা ‘গা থেকে ট্রাম্পের গন্ধ’ দূর করতে মরিয়া। কেননা, ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতা তাদের ‘ভবিষ্যৎ’ নষ্ট করে দিতে পারে।
উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে দেশটির উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের নাম। তিনি নাকি ‘মোর ম্যাগা দ্যান ট্রাম্প’ বা ট্রাম্পের চেয়েও বড় ম্যাগাপন্থি হিসেবে নিজেকে ম্যাগা-সমর্থকদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।
এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে এর ব্যাখ্যাও আসছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীনদের পক্ষ থেকে। ট্রাম্প এই পরাজয়ের জন্য নিজেকে ছাড়া সবাইকে দায়ী করেছেন। রিপাবলিকানপন্থি সংবাদমাধ্যম ফক্স নিউজ থেকে নির্বাচনে দলীয় প্রার্থী কেউই বাদ যাননি। এমনকি, দোষীদের তালিকায় যুক্ত হয়েছে ইসরায়েলের নামও।
গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘নাম্বার ওয়ান, আমি ব্যালটে ছিলাম না। কিন্তু, এর বাইরেও কিছু ঘটনা আছে। ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি। তারা চাননি জ্বালানি তেলের দাম বাড়ুক। অবিশ্বাস্য হলেও সত্য, তারা ইসরায়েলকে ভীষণ অপছন্দ করছে।
ট্রাম্প যতই নিজের হাত পরিষ্কারের চেষ্টা করছেন, ততই যেন তার হাত ‘কলঙ্কিত’ হচ্ছে। দেশটির উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়ে দিয়েছেন, ‘ইরান যুদ্ধ’ ভোটবাক্সে প্রভাব ফেলেছে। তিনি ৩ নভেম্বরের আগেও ইরান যুদ্ধকে ‘অভিযান’ বলে অভিহিত করতেন।
শুধু তাই নয়, ভ্যান্স এটাও জানিয়েছেন যে, ট্রাম্প বিষয়টি মেনে নিয়েছেন। ট্রাম্পের ‘প্রধান প্রতিদ্বন্দ্বী’ হয়ে ওঠা ভ্যান্স নিজেকে ‘ট্রাম্প শিবির’ থেকে ক্রমশ দূরে সরিয়ে নিচ্ছেন। আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ভ্যান্স মার্কিনিদের এ কথাই বারবার বোঝাতে চাচ্ছেন যে, তিনি ইরান যুদ্ধের ‘বিরোধী’ ছিলেন।
ভ্যান্স রিপাবলিকান দলকে পরামর্শ দিয়ে বলেছেন, তারা যদি আগামী নির্বাচনগুলোয় জিততে চায় তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক বদলাতে হবে।
মধ্যপ্রাচ্যের খনিজসমৃদ্ধ ইরানে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র কেন হামলা চালিয়েছিল তা সবার জানা। খোদ ট্রাম্প তা বারবার খোলাসা করেছেন। জেনেভায় শান্তি আলোচনা চলার মধ্য গত ২৮ ফেব্রুয়ারি আচমকা শুরু হওয়া সেই যুদ্ধের একটি লক্ষ্য ছিল ইরানে ‘রেজিম চেঞ্জ’। অর্থাৎ, ইরানে ‘শাসক বা শাসনব্যবস্থা’র পরিবর্তন।
ইরানে শাসক বা শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে মরিয়া ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভেবেছিলেন, ইরানে ক্ষমতাসীনদের হটানো গেলে তার নিজের প্রায় ১৯ বছর শাসনকে আরও পোক্ত করা যাবে। তিনি নিজ দেশের জনগণের কাছে আরও প্রিয় হয়ে উঠবেন।
নেতানিয়াহু তার এমন উচ্চাকাঙ্ক্ষা পূরণে সঙ্গে নিয়েছিলেন বিশ্বস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন রাষ্ট্রপতি হয়তো আশা করেছিলেন, ইরানে শাসক ও শাসনব্যবস্থার পরিবর্তন আনা গেলে, ভেনেজুয়েলার মতো পুতুল সরকার বসিয়ে সেখানকার তেল-গ্যাস ‘নিজেদের’ করে নেওয়া যাবে। কম দামে সেই তেল-গ্যাস মার্কিনিরা, ক্ষেত্র বিশেষে মিত্ররা ব্যবহার করতে পারবে।
ইরানে হামলা আখেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জনগণের জন্য ‘মঙ্গলময়’ হবে তাই বোঝাতে চেয়েছিলেন দুই দেশের দুই শীর্ষ নেতা। তারা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছিলেন—১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের শাসকগোষ্ঠী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অস্তিত্বের’ জন্যই হুমকি নয়, উপসাগরীয় দেশটির ‘পরমাণু কর্মসূচি’ পুরো পৃথিবীর জন্য ক্ষতিকর।
এমনকি, ইরানের শাসকরা নিজ দেশের জনগণের জন্যও ক্ষতিকর।
ইরানের শাসকদের হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহু বলেছিলেন, ‘খুব শিগগির’ সেখানকার শাসনব্যবস্থার পতন হবে।
গত ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ইরান যুদ্ধে দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ট্রাম্প-নেতানিয়াহু দাবি করেছিলেন—তাদের হামলায় ইরানের সামরিক শক্তি ‘ধ্বংস’ হয়ে গেছে। হাজার বছরের সভ্যতার দেশ ইরান এখন পরাজয়ের দ্বারপ্রান্তে।
কিন্তু, জগৎবাসী দেখলেন ভিন্ন দৃশ্য।
বলা বাহুল্য, ইরানে শাসক বদলাতে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শাসকরা এমন বিপাকে পড়েছেন যে এখন তাদেরই অস্তিত্ব বিপন্নপ্রায়।
পাঠকরা ইতোমধ্যে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের আওয়াজ পেয়ে গেছেন। তাই যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যাওয়ার আগে ইসরায়েলের বিষয়টি একটু তুলে ধরা যাক।
প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর এক কার্টুনে দেখা গেল—কম্বল গায়ে দিয়ে ‘গভীর ঘুমে নিমজ্জিত’ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত ২৭ অক্টোবর দেশটির আইনসভা বা নেসেট নির্বাচনের পরদিন কার্টুনটি প্রকাশিত হয়।
সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে আরও কয়েকদিন দেখা যায় সেই কার্টুনটি। এর মাধ্যমে বুদ্ধিমানেরা হয়তো পেয়ে যান খানিক ইঙ্গিত।
এ কথাও সবার জানা যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলার পর নেসেট নির্বাচনে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পায়নি কোনো জোটই। উল্টো সেখানে সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জট।
তবে উগ্র জায়নবাদী নেতানিয়াহুর বিরোধীরা ১২০ আসনের নেসেটে ৬৭ আসন জেতায় জন্ম নিয়েছে নতুন বাস্তবতা। এই বিরোধীদের মধ্যে আছে আরবদের ২ জোট। তাদের ঝুলিতে ১৯ আসন। বিশ্লেষকদের অনেকে বিজয়ী আরবদের এখন ‘কিং মেকার’ বলছেন।
গত ৮ অক্টোবর ইসরায়েলের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়ে দেয়—ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য নেতানিয়াহুবিরোধী জোটের প্রধান গাদি আইসেনকটকে আমন্ত্রণ জানাচ্ছেন দেশটির রাষ্ট্রপতি আইজাক হারজগ। এর মাধ্যমে যেন বেজে উঠছে ‘ইরানে সরকার বদলের ডাক দিয়ে যুদ্ধে নামা’ নেতানিয়াহুর বিদায় ঘণ্টা।
সেদিন হারেৎজ আরও জানায়, আরব দল রা’ম জোট-সরকারে যোগ না দিয়েও নেতানিয়াহুবিরোধী আইসেনকট-সরকারকে সমর্থন দেবে। নেসেটে রা’ম ৮ আসনে জিতেছে। তারা চায়—ক্ষমতার মসনদ থেকে নেতানিয়াহুকে দ্রুত দূর করা হোক।
গত ৫ নভেম্বর আল জাজিরা জানায়—অপর আরব দল জয়েন্ট লিস্ট গাদি আইসেনকটকে নতুন সরকার গঠনে সমর্থন দেবে।
এই আরব দলগুলো ইতোমধ্যে নেসেটের স্পিকারকে সরাতে নেতানিয়াহুবিরোধীদের প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে, আইসেনকট যখন বলছেন, তারা আরবদের নিয়ে সরকার গঠন করবেন না, তখন ইসরায়েলের ভেতরে ও বাইরে উদারপন্থি ইহুদিরা দিচ্ছেন পরিবর্তনের ডাক। তাদের দাবি—ইসরায়েলের জাতীয় রাজনীতি থেকে আরবদের দূরে সরিয়ে রাখার মানসিকতা বদলাতে হবে। আরবদের সম্মান দিতে হবে। তাদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
হামাস হামলার প্রতিশোধ নিতে গিয়ে নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর পাশাপাশি দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনদের ওপর জাতিগত নির্মূল অভিযান জোরদার করেন। তাতেও থামতে রাজি হননি নেতানিয়াহু। প্রতিবেশী লেবাননে নির্বিচার হামলা চালিয়ে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেন। দেশটির বিশাল অংশ দখলে রাখেন।
তাতেও থামেনি নেতানিয়াহুর ‘অশ্বমেধের ঘোড়া’। এবার তিনি হামলে পড়েন অপর প্রতিবেশী সিরিয়ার ওপর। সেখানেও চলে নির্বিচার হত্যা ও আগ্রাসন। তিনি সদর্পে ঘোষণা দেন, সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ অধ্যুষিত অঞ্চল ইসরায়েলে যোগ দিতে চায়।
অর্থাৎ, সিরিয়াকে ভাঙার ইঙ্গিত দেন তিনি।
নেতানিয়াহু নিজেকে আরও বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন বলেও জানান। ২০২৫ সালের ১২ আগস্ট ইসরায়েলি সংবাদমাধ্যম আই-টুয়েন্টিফোরকে এক সাক্ষাৎকারে জানান, তার পরবর্তী কাজ হবে ‘প্রতিশ্রুত ভূমিতে বৃহত্তর ইসরায়েল’ গড়ে তোলা।
ইসরায়েলের সব শত্রুকে ‘নিকেশ’ করার বিষয়ে নেতানিয়াহুর ‘উদ্যোগে’ পান ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন। সব রণক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাওয়ায় উজ্জীবিত নেতানিয়াহু এরপর ইরানকে হামলার লক্ষ্য করেন। যোগ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প হন সেনাপতি।
অল্পদিনের মধ্যে ইরানে ধর্মীয় শাসকদের পতনের পর সেখানকার শাসনব্যবস্থাও হুড়মুড়িয়ে ভেঙে পড়বে—ট্রাম্প-নেতানিয়াহু বার বার এমন আশ্বাস দেওয়া সত্ত্বেও গত ৮ মাসে এর কোনো লক্ষণ দেখা যায়নি।
উল্টো, বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। দেশে দেশে বেড়েছে জ্বালানি সংকট। এর আঁচ গিয়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেও। দেশ দুটির জনমনে সরকারবিরোধী মনোভাব প্রকট হয়েছে।
কী নির্মম পরিহাস—তেহরানে সরকার বদলানোর চেষ্টার প্রথম ধাক্কা এসে লাগে তেল আবিবে।
ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের দৃশ্য কদিন বাদে আরও পরিষ্কার হবে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। গত ৮ অক্টোবর সিএনএন এক প্রতিবেদনে ইসরায়েলে চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে নেতানিয়াহুর জন্য ‘বিপত্তি’ বলে মন্তব্য করা হয়।
একবার রাজা হতে চেয়েছিলেন তিনি; হতে চেয়েছিলেন ‘উদ্ধারকর্তা’ও। তিনি যুক্তরাষ্ট্রের মহাপ্রতাপশালী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বাস্তবতা তাকে ‘ঠুঁটো জগন্নাথ’ বানিয়েছে। যদিও, ট্রাম্প স্মরণ করিয়ে দিচ্ছেন, তিনি এখনো রাষ্ট্রপতি। তার হাতে ভেটো ক্ষমতা আছে।
রিপাবলিকান পার্টির পরামর্শক ও ট্রাম্পের প্রথম দফার শাসনামলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘কাজের কাজ করতে হবে। তা না করে “ট্রাম্প কেপ”, “ট্রাম্প লেক” করে সময় কাটালে চলবে?’
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে তিনি ‘ট্রাম্পের শেষের শুরু’ হিসেবে দেখছেন।
গত ৬ নভেম্বর ফ্রান্স টুয়েন্টিফোরকে জন বল্টন বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ট্রাম্প ভোটারদের উদ্দেশে বলেছিলেন, তারা যেন ধরে নেয় তিনিই ব্যালট পেপারে আছেন। তারা যেন তার কথা মাথায় রেখেই তার রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দেন। এখন তিনি বলছেন, ব্যালটে তিনি ছিলেন না বলেই রিপাবলিকানরা হেরেছে।’
এই নির্বাচনকে বল্টন ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে জনরায় হিসেবে দেখছেন না, বরং দেখছেন ট্রাম্পকে ‘প্রত্যাখ্যান’ করার ভোট হিসেবে।
‘ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন’ উল্লেখ করে বল্টন সতর্ক করে বলেন, ‘এমন মানুষ খুবই ভয়ঙ্কর। যা খুশি তাই করে বসতে পারে।’
বিশ্লেষকদের অনেকে অতীতের স্মৃতিচারণ করে বলছেন—একসময় ট্রাম্পের পক্ষে তরুণ-যুবাদের বিশাল সমাবেশ হতো। তারা ট্রাম্পকে তাদের ‘ভবিষ্যতের আলোকবর্তিকা’ ভাবতেন। ট্রাম্পও তাদের মনের কথা বুঝতেন। তিনি তাদের উজ্জ্বল দিনের স্বপ্ন দেখিয়েছিলেন।
ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে নিত্যপণ্যের দাম কমবে। তরুণদের চাকরি হবে। ব্যবসা-বাণিজ্য বাড়বে।
এমনকি, তিনি যুক্তরাষ্ট্রের বাইরে যুদ্ধ করে অর্থ নষ্ট না করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
ট্রাম্প প্রথম দফার শেষে নির্বাচনে হেরে গেলে ভক্ত-সমর্থকরা তার পক্ষে অবস্থান নিয়ে ক্যাপিটল হিলে হামলা করতেও দ্বিধা করেনি।
এই ব্যবসায়ী-নেতা এতটাই ‘ব্যতিক্রমী’ যে তাকে ঘিরে সৃষ্টি হয় নতুন যুগ বা ‘ট্রাম্প এরা’; তার ‘খামখেয়ালিপনা’র নীতি আখ্যা পায় ‘ট্রাম্পবাদ’ হিসেবে। শুধু তাই নয়, পশ্চিম গোলার্ধকে ঘিরে প্রতিষ্ঠিত মনোরো ডকট্রিনের বিপরীতে জন্ম নেয় ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘ডনরো ডকট্রিন’। তিনি যেন হয়ে উঠেন বিশ্বের ‘সব কথার শেষ কথা’।
সেসব এখন অতীত। দ্বিতীয় দফার প্রথম ২ বছরেই দেখা দিয়েছে ‘ট্রাম্প যুগের’ অবসানের পরিষ্কার লক্ষণ। ‘ট্রাম্পবাদ’ এখন প্রত্যাখ্যাত। ‘ডনরো ডকট্রিন’ মৃতপ্রায়। গত ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে যাওয়ায় ট্রাম্প ভীষণ ম্রিয়মাণ। তার কোনো ‘আবেদন’ ভোটাররা কানে তোলেননি।
এদিকে, গত ৬ নভেম্বর দ্য ইকোনোমিস্টের ‘বিগিনিং অব দ্য এন্ড’ পডকাস্টে সংবাদমাধ্যমটির যুক্তরাষ্ট্র সম্পাদক চার্লট হোয়ার্ড জানান, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা দেখে বহু মার্কিনি হতাশ। প্রায় ৭০ শতাংশ মার্কিনি মনে করেন তাদের গণতন্ত্র সংকটে পড়েছে। তারা মনে করছেন, সরকার তাদের দায়িত্ব নিচ্ছে না। দুর্নীতি হোয়াইট হাউসে ঢুকে গেছে। অথচ, নির্বাচনী প্রচারণায় প্রচুর অর্থ খরচ হচ্ছে।
তার মতে, ‘এই নির্বাচন বুঝিয়ে দিয়েছে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।’
এর আগে বিশ্লেষকদের একাংশ বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন—ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসে তিনি ঠিক এর উল্টো কাজগুলো করেছেন। তাই ভোটাররা তার ‘৫ হাজার ডলারের ট্রাম্প ভাতাও’ ফিরিয়ে দিয়েছেন।
তাদের মতে—যুক্তরাষ্ট্রে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন আনতে হবে। অর্থাৎ, সেই ‘রেজিম চেঞ্জ’।
যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সেনেটর বার্নি সেন্ডার্স বলছেন, শুধু অভ্যন্তরীণ নয়, পররাষ্ট্র ক্ষেত্রেও নীতির পরিবর্তন প্রয়োজন।
গত ৫ নভেম্বর এই নেতা রসিকতা করে বলেন, ভোটাররা ট্রাম্পকে ব্যালটে দেখেই তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।
তার মতে, ভোটাররা ট্রাম্পের স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ট্রাম্প এমন রাষ্ট্রপতি যিনি সংবিধান বা আইনের শাসন মানেন না।
বার্নি সেন্ডার্স এই ঐতিহাসিক মুহূর্তে কিছু বিশেষ কাজ করার পরামর্শ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীতে মানুষ গণতন্ত্রের ওপর আস্থা হারাচ্ছে। কারণ, শ্রমজীবী মানুষের ঘরে খাবার জুটছে না। তাদের মৌলিক চাহিদা মেটানো যাচ্ছে না। ধনীরা আরও ধনী হচ্ছেন। নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা ধনীদের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।
তার ভাষ্য—এমন শাসনব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এই কাজ ডেমোক্র্যাটদের করতে হবে। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিয়েই বিদ্যমান বাস্তবতা বদলানোর কাজ শুরু করতে হবে।
গত ৪ নভেম্বর লন্ডনভিত্তিক মিডলইস্ট আই-এর প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট তার এক মতামতের শিরোনাম দেন: ‘দ্য ট্রাম্প এরা ইজ ওভার। দ্য ওয়ার্ল্ড শুড টেক নোট।’
তিনি বলেন, ‘প্রায় ৯ মাস সময় লাগলো। অবশেষে, শাসক বা শাসনব্যবস্থার পরিবর্তন সম্ভব হলো। এই ৯ মাস পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে এ কথাই বুঝিয়েছিলেন যে রেজিম চেঞ্জ সম্ভব।’
‘রেজিম চেঞ্জ হয়েছে টেক্সাসে, মিশিগানে, কানসাসে, জর্জিয়ায়, ফ্লোরিডায়। অর্থাৎ, কংগ্রেসে। তেহরানে নয়,’ যোগ করেন এই সাংবাদিক।
ডেভিড হার্স্টের মন্তব্য, ইরান যুদ্ধ হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এবং নেতানিয়াহুর শেষ মেয়াদের সবচেয়ে বড় ভুল। তাদের পতনের মূল কারণ ইরান। নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’-নীতি থেকে সরে গিয়েছেন। তারা একটি দেশকে ‘হামাস’ ও ‘হিজবুল্লাহ’ ভেবে চরম ভুল করেছে। কেননা, দেশ ও সংগঠন এক জিনিস নয়।
মতামতটিতে হার্স্ট যা বলতে চেয়েছেন, মোটা দাগে তা হলো—ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে ধ্বংস ডেকে আনেনি, বিশ্ববাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই আগুনে এবার ট্রাম্প-নেতানিয়াহুর ভাগ্যও পুড়তে যাচ্ছে।
‘হোপ’! ‘হোপ’! ‘হোপ’!—ডেমোক্র্যাটদের বিশাল বিজয়ে সাধারণ মার্কিনিদের অনেকে এই শব্দ উচ্চারণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা সংবাদমাধ্যমগুলোকে জানান, নতুন করে আশায় বুক বাঁধার কথা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে—নেতানিয়াহুর সম্ভাব্য পতনের পাশাপাশি ট্রাম্পের ‘ঘরেও’ ভাঙনের আওয়াজ উঠেছে। তার যুদ্ধমন্ত্রী পেট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাশাপাশি স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আসতে পারে।
ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি কিছু পদে পরিবর্তন আনবেন। তার অন্দরমহলে এ নিয়ে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।
আরও জানা যাচ্ছে, নির্বাচিত ডেমোক্র্যাটরা ট্রাম্পের পরিবারের সদস্যদের আর্থিক দুর্নীতি নিয়ে কাজ শুরু করতে চান। এমনটি হলে ট্রাম্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
গত ৩ নভেম্বর অর্থাৎ, মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের সরকারি সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনের শিরোনাম করে: ‘অপারেশন মিডটার্ম হ্যামার’। ২০২৫ সালের জুনে প্রথম ইরান হামলায় যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিল। তাই এমন শিরোনামের মাধ্যমে সংবাদমাধ্যমটি সেই হামলাকে কটাক্ষ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাস্তবিক চিত্রও তুলে ধরে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে হামলা করে তারা তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে। কিন্তু, কয়েক মাস পর তারা বুঝতে পারল, বিজয় ঘোষণা করেও যুদ্ধ শেষ করা যাচ্ছে না।
আরও বলা হয়, ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ওয়াশিংটন ‘শত্রু’ তেহরানকে বার্তা দিতে চেয়েছিল। কিন্তু, ‘অপারেশন মিডটার্ম হ্যামার’ ওয়াশিংটনকে ভিন্ন বার্তা দিলো। সেই বার্তাটি হলো, যুদ্ধ করে একটি দেশের কয়েকটি এলাকা হয়তো ধ্বংস করা যায়। কিন্তু, তা নিজ দেশের সরকারকে রাজনৈতিক হিসাবনিকাশ থেকে রক্ষা করবে, তা বলা যায় না।
‘ইরানে যেমন বোমা পড়েছে, যুক্তরাষ্ট্রে তেমনি পড়েছে ভোট।’
তবে রাজনীতিতে ‘শেষ কথা’ বলে কিছু নেই। তাই নেতানিয়াহু ও ট্রাম্পের শেষ পরিণতি কী হয় তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
