Homeআন্তর্জাতিকপরমাণু হামলার ভুয়া বার্তা, ফ্রিজের তাপমাত্রা বৃদ্ধি ও ক্রিপ্টো চুরি—হ্যাকিং মহামারির দ্বারপ্রান্তে...

পরমাণু হামলার ভুয়া বার্তা, ফ্রিজের তাপমাত্রা বৃদ্ধি ও ক্রিপ্টো চুরি—হ্যাকিং মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব?

ইন্টারনেটের সঙ্গে যুক্ত ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, ইউক্রেনের রাজধানী কিয়েভে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা পাঠানো এবং বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে ৬৩০ কোটি ডলার চুরির ঘটনায় বিশ্বজুড়ে সাইবার হামলার নতুন ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতা সহজে শনাক্ত হচ্ছে। একই সময়ে ভূরাজনৈতিক উত্তেজনাও সাইবার হামলার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক ঘটনাগুলো ভবিষ্যতে আরও নিয়মিত হয়ে উঠতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত সপ্তাহের সোমবার লন্ডনের একটি ফল ও সবজির পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ শুরু করতে গিয়ে অস্বাভাবিক কিছু দেখতে পান অ্যালেক্স পিয়ার্স। প্রতিষ্ঠানের একটি ফ্রিজের ডিফ্রস্ট বাতি জ্বলছিল এবং তাপমাত্রা দেখাচ্ছিল ১৫০ ডিগ্রি সেলসিয়াস। অন্য একটি ফ্রিজেও একই অবস্থা দেখা যায়।

বিষয়টি দেখে তার সন্দেহ হয়, সাইবার হামলার শিকার হয়েছেন তারা। এরপর ফ্রিজগুলোর সঙ্গে ইন্টারনেট সংযোগ স্থাপনকারী তার খুলে দেন তিনি। পরে নিশ্চিত হন, তার সন্দেহই ঠিক ছিল।

একই দিনে বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের বিভিন্ন দোকানেও একই ধরনের সমস্যা দেখা দেয়। কোথাও কোথাও ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।

পিয়ার্স বলেন, শনিবার সকালে এ ঘটনা ঘটলে বড় ধরনের অগ্নিকাণ্ডও ঘটতে পারত। কারণ, সেদিন সাধারণত তিনি প্রতিষ্ঠানে থাকেন না।

শুধু এসব দোকানই নয়, ফ্রান্সের ব্লাড ব্যাংকও সাইবার হামলার শিকার হয়েছে।

কয়েক দিনের ব্যবধানে বড় তিন হামলা

গত কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে অন্তত তিনটি বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে।

গত ৩০ অক্টোবর বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার চুরির ঘটনা ঘটে। এর পরদিন, ১ নভেম্বর ইউক্রেনের জরুরি সতর্কবার্তা পাঠানোর অ্যাপে হামলা চালায় হ্যাকাররা। এতে রাজধানী কিয়েভের বাসিন্দাদের কাছে পারমাণবিক হামলার একটি ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়।

এর আগে, ইউরোপের বিভিন্ন দেশের দোকানে ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের (এনসিএসসি) প্রধান রিচার্ড হর্ন বলেছেন, সাইবার হামলার ক্ষেত্রে বিশ্ব এখন নতুন এক পরিস্থিতির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এআই প্রযুক্তির কারণে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার অনেক দুর্বলতা সামনে আসছে, যেগুলো কাজে লাগানোর অপেক্ষায় রয়েছে হ্যাকাররা।

তার মতে, স্বল্পমেয়াদে সবচেয়ে বড় ঝুঁকি হলো সাইবার হামলার ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়া। সাম্প্রতিক কয়েক মাসে এর লক্ষণও দেখা যাচ্ছে।

গত মাসে এআই প্রযুক্তির সহায়তায় ওপেনএআইয়ের একটি টুল পিএইচপি প্রোগ্রামিং ভাষার একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে। বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট তৈরিতে এই ভাষা ব্যবহৃত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তখন বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এআইয়ের মাধ্যমে এ ধরনের দুর্বলতা শনাক্তের বিষয়টিকে প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্লেষক আজিম আজহার একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। তিনি একে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের ঘটনার সঙ্গে তুলনা করে ‘উহান মোমেন্ট’ বলে উল্লেখ করেছেন।

তবে সবাই এই তুলনার সঙ্গে একমত নন। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিয়ারান মার্টিন বলেন, এর আগে ২০১৭ সালে নটপেটিয়া ও ওয়ানাক্রাইয়ের মতো বড় সাইবার হামলা এবং ২০২১ সালে র‍্যানসমওয়্যার হামলার ব্যাপক বৃদ্ধির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক হলেও নজিরবিহীন নয়। কয়েক বছর পরপরই এ ধরনের সাইবার হামলার ঢেউ দেখা যায়।

এআইয়ের কারণে বাড়ছে নিরাপত্তাঝুঁকি

তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতাকে কাজে লাগিয়েই মূলত সাইবার হামলা চালানো হয়। এসব ত্রুটি শনাক্তে এআইয়ের সক্ষমতা বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের মিথোস মডেল প্রকাশের পর থেকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শনাক্ত করা নিরাপত্তা ত্রুটির সংখ্যা আট গুণ বেড়েছে।

তবে নিরাপত্তা ত্রুটি শনাক্তের সংখ্যা বাড়লেও সে অনুপাতে সফল সাইবার হামলা বাড়েনি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাল বেরি মনে করেন, এসব দুর্বলতা কাজে লাগিয়ে অপরাধী হ্যাকাররা এখনো প্রত্যাশিত অর্থ আয় করতে পারছে না। সাম্প্রতিক সময়ে র‍্যানসমওয়্যার হামলা থেকে আয় কমে যাওয়ার ঘটনাও এর ইঙ্গিত দেয়।

অবশ্য সব হামলার জন্য এআইকে দায়ী করার সুযোগ নেই। এনসিএসসির পরিচালক পল চিচেস্টার বলেছেন, ফ্রিজে হামলার ক্ষেত্রে হ্যাকারদের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে এআইয়ের প্রয়োজন হয়নি। কারণ, ফ্রিজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ম্যানুয়ালেই কিছু যন্ত্রের ডিফল্ট পাসওয়ার্ড প্রকাশ করা ছিল।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোসও জানিয়েছে, পিএইচপির নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগানোর অনেক চেষ্টা দেখা গেলেও তাদের গ্রাহকদের মধ্যে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

পুরোনো যন্ত্রপাতি বড় ঝুঁকি

ফ্রিজে হামলার ঘটনা ঘটেছে মূলত বাণিজ্যিক শীতলীকরণ ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে। এসব ব্যবস্থার সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকায় দূর থেকেই সেগুলো নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছে হ্যাকাররা।

আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডেনমার্কের ড্যানফস অন্যতম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আক্রান্ত যন্ত্রপাতির বেশিরভাগই পুরোনো এবং সেগুলোর জন্য আর নিরাপত্তা হালনাগাদ দেওয়া হয় না। গ্রাহকদের দীর্ঘদিন ধরেই সফটওয়্যার হালনাগাদ করা অথবা পুরোনো ব্যবস্থা বদলে ফেলার পরামর্শ দিয়ে আসছে তারা।

বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্যের উৎপাদন বন্ধ হয়ে গেলে এবং সেটির নিরাপত্তা ত্রুটি দূর করার জন্য আর সফটওয়্যার হালনাগাদ দেওয়া না হলে সেটি হ্যাকারদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অলি হোয়াইটহাউস বলেছেন, স্মার্ট স্পিকার থেকে শুরু করে ব্রডব্যান্ড রাউটার, ইন্টারনেট সংযুক্ত দৈনন্দিন ব্যবহার্য যেকোনো যন্ত্র সাইবার হামলার ঝুঁকিতে থাকতে পারে।

তার মতে, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিনিয়োগ করা প্রয়োজন। একইসঙ্গে গ্রাহকদেরও নিরাপদ পণ্য কেনা এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করার বিষয়েও সচেতন হতে হবে।

লন্ডনের ব্যবসায়ী পিয়ার্সও বুঝতে পেরেছেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কোপল্যান্ডের তৈরি যে ফ্রিজ পর্যবেক্ষণ ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন, সেটির হালনাগাদ করা প্রয়োজন।

তিনি বলেন, এ ঘটনা থেকে তারা শিক্ষা পেয়েছেন। এমন একটি নিরাপত্তা দুর্বলতা ছিল, যেটি সম্পর্কে তাদের আগে থেকেই সচেতন থাকা উচিত ছিল। তবে সৌভাগ্যক্রমে তাদের বড় কোনো ক্ষতি হয়নি।

ভূরাজনৈতিক উত্তেজনাও বাড়াচ্ছে সাইবার হামলা

এআইয়ের পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনাও সাইবার নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন ধরনের পরোক্ষ ও সমন্বিত কর্মকাণ্ডের মধ্যে সাইবার হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাইন্যান্সে হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছে। ইউক্রেনের জরুরি সতর্কবার্তা পাঠানোর অ্যাপে হামলার ঘটনায় রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে।

অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশে ফ্রিজে হামলার ঘটনাতেও রাশিয়ার সংশ্লিষ্টতার ইঙ্গিত পেয়েছেন কিছু বিশেষজ্ঞ। তবে এসব হামলার পেছনে রুশ গোষ্ঠী রয়েছে, তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান লুপোভিসের প্রধান নির্বাহী জেভিয়ার বেলেকেন্স বলেন, তার প্রতিষ্ঠান একই ধরনের ফ্রিজ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে পরীক্ষামূলক ফাঁদ তৈরি করেছিল। এতে যেসব হ্যাকার ধরা পড়ে, তাদের ব্যবহৃত কিছু কৌশলের সঙ্গে রুশ হ্যাকারদের আগের কর্মকাণ্ডের মিল পাওয়া গেছে।

তবে তিনি বলেন, হামলাকারীরা রাশিয়ার গোষ্ঠী কি না, তা নিশ্চিত নয়। কিছু বিষয় সে দিকেই ইঙ্গিত করছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ডে সাইবার হামলার প্রবণতা বিশেষভাবে বেড়েছে। দেশটির সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৩৪০ কিলোমিটার।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ফিনল্যান্ডে বিভিন্ন ধরনের সাইবার হামলার ঘটনা বেড়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র গত বছর প্রায় ২১ হাজার সাইবার হামলার ঘটনা নথিভুক্ত করেছে। অথচ দেশটির জনসংখ্যা ৬০ লাখেরও কম। ২০২২ সালে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার।

চলতি বছর হ্যাকাররা ফিনল্যান্ড সরকারের সর্বোচ্চ ৫০ হাজার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এর আগে, গত বছর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটও অচল করে দেওয়া হয়েছিল।

ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইথসিকিউরের ভাইস প্রেসিডেন্ট সামুলি বার্গস্ট্রম বলেন, রাশিয়ার পাশাপাশি এআই প্রযুক্তিও সাইবার হামলা বাড়াতে ভূমিকা রাখছে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত কোনো যন্ত্রকে হ্যাকাররা সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে। তাই এমন যন্ত্র ব্যবহার করলে একসময় সেটি হামলার শিকার হতে পারে, এমন ধারণা মাথায় রাখতে হবে।

বিদ্যুৎব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা

সাইবার হামলার ঝুঁকি বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎব্যবস্থা, অর্থ পরিশোধের নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সাইবার হামলা আর সরাসরি সামরিক হামলার প্রভাব এক নয়। কোনো বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা হলে বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। কারণ, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার বদলাতে অনেক সময় অপেক্ষা করতে হয়। কিন্তু সাইবার হামলার ক্ষেত্রে সফটওয়্যার দ্রুত হালনাগাদ করা অথবা আক্রান্ত যন্ত্রের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সুযোগ থাকে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, রাষ্ট্রীয় পর্যায়ের সাইবার হামলার উদ্দেশ্য সবসময় সরাসরি অবকাঠামো ধ্বংস করা নয়। বরং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করাও এর উদ্দেশ্য হতে পারে।

ফ্রিজকে অতিরিক্ত গরম করে তোলা কিংবা ব্লাড ব্যাংকের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর মতো ঘটনা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তবে এসব হামলায় ব্যবহৃত নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হওয়ার পর তা সংশোধন করা সম্ভব। ফলে একই কৌশলে আবার হামলা চালানো কঠিন হতে পারে।

‘বি রেডি’

গত মাসে যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছে। এতে আবহাওয়া, সাইবার হামলা কিংবা অন্য কোনো বড় জরুরি পরিস্থিতির জন্য নাগরিকদের অন্তত তিন দিনের খাবার এবং সর্বোচ্চ নয় লিটার বোতলজাত পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় দেশকে প্রস্তুত থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে সাইবার হামলার সংখ্যা বাড়ছে এবং হামলাকারীরা আরও দক্ষ হয়ে উঠছে। তবে সব হামলার পেছনে রাষ্ট্রীয় শক্তি রয়েছে, এমন নয়। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ অর্থের জন্য, আবার কেউ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সীমিত বা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে এসব হামলা চালায়।

লন্ডনের ব্যবসায়ী পিয়ার্সের প্রতিষ্ঠান আপাতত বড় কোনো ক্ষতির মুখে পড়েনি। তবে তিনি এখনো ফ্রিজের ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করেননি।

তার ভাষায়, শুধু বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে হ্যাকিংয়ের বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অদ্ভুত মনে হতে পারে।

RELATED ARTICLES

Most Popular