দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। এর লক্ষ্য, এসব হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা।
চলতি বছরের ডিসেম্বরেই শুরু হওয়ার কথা রয়েছে তিন বছর মেয়াদি এ প্রকল্পের। এর আওতায় ৪৪৩টি উপজেলায় হাসপাতাল ভবন নির্মাণ, জরাজীর্ণ স্থাপনাগুলোর জায়গায় নতুন ভবন বানানো এবং বিদ্যমান স্থাপনাগুলোর সংস্কার করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, সংস্কার ও মেরামত শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিবিড় পরিচর্যা, কিডনি ডায়ালাইসিস, চক্ষুসেবা ও ক্যানসার স্ক্রিনিংসহ বিশেষায়িত সেবাও চালু করা হবে।
তবে সার্বিক চাহিদা মূল্যায়ন ছাড়াই একযোগে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। মেগা প্রকল্পটি তড়িঘড়ি করে প্রস্তুত করার বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তারা।
তাদের সতর্কবার্তা, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এত বড় সম্প্রসারণ কর্মসূচিতে বিনিয়োগের আগে রোগের প্রাদুর্ভাব, জনসংখ্যা বৃদ্ধি, ভবিষ্যতের স্বাস্থ্যসেবার চাহিদা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর ব্যবহার পরিস্থিতি নিয়ে সরকারের বিস্তারিত মূল্যায়ন করা উচিত। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এখনো পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে না।
প্রথমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা করেছিল সরকার। পরে লক্ষ্যমাত্রা সংশোধন করে ১৫১ শয্যা নির্ধারণ করা হয়।
গত ৩ জুন গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছিলেন, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রতিটি উপজেলায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় গণপূর্ত অধিদপ্তরকে (পিডব্লিউডি)।
এর প্রায় এক মাস পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরকে প্রকল্প প্রস্তাব তৈরি করতে এবং এ উদ্যোগের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টির উদ্যোগ নিতেও নির্দেশ দেয় বলে দ্য ডেইলি স্টারকে জানান কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা।
তবে ১২ আগস্ট পরিকল্পনা সংশোধন করে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, এক মাসের মধ্যে প্রকল্প প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সামনে উপস্থাপনের সিদ্ধান্তও হয়।
নতুন এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে জুনের প্রথম সপ্তাহে শুরু করা সমীক্ষাটি সংশোধনের জন্য বলা হয় পিডব্লিউডিকে। সেই অনুযায়ী তারা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রতিবেদন জমা দেয়। স্বাস্থ্য অধিদপ্তর সেপ্টেম্বর মাসে ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায়।
এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, গত মাসে স্বাস্থ্যসেবা বিভাগ ডিপিপিটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় কিছু প্রশ্নসহ প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগে ফেরত পাঠিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। আর নির্মাণকাজ করবে পিডব্লিউডি ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
হাসপাতাল ভবনের পাশাপাশি ৪৪৩টি উপজেলায় বহুতল সেবা ভবন এবং ১৫টি উপজেলায় প্রতিটিতে চারটি করে আবাসিক ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের থাকার ব্যবস্থা থাকবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার পরিধি বাড়ানোই এ প্রকল্পের লক্ষ্য। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), মাতৃ ও নবজাতক সেবা, ফিজিওথেরাপি ও কিডনি ডায়ালাইসিস স্থাপন করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোগ, জনসংখ্যার পূর্বাভাস ও ভবিষ্যতের স্বাস্থ্যসেবা চাহিদা বিবেচনা করা উচিত ছিল।
তিনি বলেন, ‘এর পক্ষে আমি যৌক্তিকতা খুঁজে পাইনি। যেহেতু এখানে জনগণের অর্থ ব্যয় হচ্ছে, সেই কারণে সরকারের উচিত এই নির্দিষ্ট শয্যা সংখ্যা কেন বেছে নেওয়া হলো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া। কোনো হাসপাতালে ৫০, ১০০ নাকি ২৫০টি শয্যা থাকবে, সেটা নির্ভর করে ওই এলাকার চাহিদার ওপর। শুধু বর্তমান চাহিদা নয়, আগামী ১০ থেকে ২০ বছরের স্বাস্থ্যসেবার চাহিদাও মূল্যায়ন করা উচিত।’
হেলথ বুলেটিন ২০২৩-এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ব্যবহার পরিস্থিতিতে ব্যাপক তারতম্য দেখা গেছে। সবচেয়ে কম ব্যবহৃত ২০টি হাসপাতালে শয্যা ব্যবহারের হার ছিল ১১ থেকে ৬৫ শতাংশের মধ্যে। এতে বিদ্যমান সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকার বিষয়টি স্পষ্ট।
বিপরীতে, সবচেয়ে বেশি চাপে থাকা ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ব্যবহারের হার ছিল ১৬০ থেকে ২২১ শতাংশ। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগীর চাপের অসম বণ্টনই ফুটে উঠেছে।
অধ্যাপক হামিদ স্বীকার করেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে নির্মিত জরাজীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনগুলো ভেঙে নতুন ভবন করা প্রয়োজন। তবে সেটাও স্থানীয় চাহিদার ভিত্তিতে হওয়া উচিত।
প্রকল্প প্রণয়নের আগে পর্যাপ্ত মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে এত অল্প সময়ে প্রস্তাবটি তৈরির বিষয়টি নিয়েও উদ্বেগ জানান।
তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অবকাঠামোকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যাচ্ছে এই প্রকল্পে। অথচ বর্তমান সরকার নতুন অবকাঠামো নির্মাণের চেয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের আহ্বায়ক অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব চাহিদা বিবেচনা না করে সবগুলোতে একই সংখ্যক শয্যা বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদার দিক থেকে এসব প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, ‘প্রথম সমস্যা হলো জনবলের সংকট। আমাদের পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নেই। এমনকি পরিচ্ছন্নতাকর্মী ও স্যানিটেশন কর্মীর মতো সহায়ক কর্মীরও অভাব রয়েছে। প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সহায়ক সেবা নিশ্চিত না করে হাসপাতালের শয্যা বাড়ালই স্বাস্থ্যসেবার মান উন্নত হবে না।’
তিনি আরও বলেন, ‘নতুন অবকাঠামোতে বিনিয়োগের আগে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’
গত ৯ নভেম্বর যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম বলেন, ‘অনেক জায়গায় হয়তো এখনই এত শয্যার প্রয়োজন না-ও থাকতে পারে। তবে ভবিষ্যতে চাহিদা বাড়তে পারে। বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক সেবা জোরদার করতে চাই।’
সরকারের এ উদ্যোগকে উচ্চপর্যায়ের নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি উপজেলার জন্য আলাদাভাবে কতটা শয্যা প্রয়োজন সেটা নির্ধারণ করা নয়, বরং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন করাই এর উদ্দেশ্য।’
বিভিন্ন উপজেলায় হাসপাতালের শয্যা ব্যবহারের হারে ব্যাপক তারতম্যের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা হলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এসব হাসপাতালের ব্যবহার বাড়তে পারে। এতে করে বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।’
সম্প্রসারণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, জুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পরপরই পিডব্লিউডি প্রতিটি উপজেলার হাসপাতালগুলোতে সম্ভব্যতা যাচাই ও মূল্যায়নের কাজ শুরু করে। সেখানে বিদ্যমান অবকাঠামো, জমির প্রাপ্যতা ও নতুন ভবন নির্মাণ বা পুরোনো ভবন সম্প্রসারণের প্রয়োজনীয়তাও পর্যালোচনা করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রকল্পটিকে কারিগরিভাবে যতটা সম্ভব যথাযথ করার চেষ্টা আমরা করছি। স্থাপনাগুলোর নকশা সঠিকভাবে করা এবং সেগুলো যাতে অন্তত আগামী ২০ বছরের চাহিদার জন্যও উপযোগী থাকে, সেটা নিশ্চিত করতে স্থপতি ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছি।’
গত ২৮ অক্টোবর এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এটি করা হচ্ছে।
জনবল নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো সম্প্রসারণ করলেই হবে না, অতিরিক্ত জনবলও নিয়োগ দিতে হবে এবং সেই প্রস্তুতিও ইতোমধ্যে চলছে।
