Homeস্পোর্টস‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’

‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এখন পর্যন্ত ৩৬ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের স্পিনার নাসুম আহমেদ। শেষ রাউন্ডের আগে উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাসুম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। অথচ এখনো টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। তবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলার ইচ্ছাটা এখনো প্রবল তার। নিজের ক্যারিয়ার, ঘরোয়া ক্রিকেটসহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সামসুল আরেফীন খানের সঙ্গে কথা বলেছেন নাসুম। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো—

দ্য ডেইলি স্টার: এখন পর্যন্ত মৌসুমটা কেমন কাটল বলে মনে হচ্ছে?

নাসুম আহমেদ: মৌসুম তো এখনো শেষ হয়নি। শেষ ম্যাচটা খেলে নিই, তারপর এ নিয়ে মন্তব্য করা যাবে। মানুষের প্রত্যাশার তো আর শেষ নেই।

ডেইলি স্টার: এবারের মৌসুমে নিজের জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেছিলেন?

নাসুম: না, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। শুধু চেয়েছি খেলতে এবং ভালো পারফর্ম করতে। জাতীয় ক্রিকেট লিগকে আমি অনেক গুরুত্ব দিই। কারণ, একবার পুরো একটা মৌসুম খেলতে পারিনি। এরপর প্রিমিয়ার লিগেও কোনো দল পাইনি। বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটই মূল জায়গা। এখানে না খেললে ঢাকার প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে দল পাওয়াও কঠিন।

আমি খেলতে চেয়েও সুযোগ পাইনি। সম্ভবত ২০১৫-১৬ (২০১২-১৩) মৌসুমে এমনটা হয়েছিল। সেবার বরিশাল দলে নির্বাচিত হওয়ার পরও খেলতে পারিনি। পরে অবশ্য একজন খেলোয়াড় চোটে পড়ায় তার বদলি হিসেবে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলাম।

ডেইলি স্টার: ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ম্যাচেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর কি এই সংস্করণে যথেষ্ট খেলার সুযোগ পেয়েছেন?

নাসুম: ২০০ উইকেট পূর্ণ করতে আমার আর তিনটি উইকেট দরকার। অভিষেকের পর খেলার সুযোগ তুলনামূলক কম পেয়েছি। আর ২০২০ সাল থেকে জাতীয় দলের ব্যস্ততার কারণে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে পারিনি।

ডেইলি স্টার: সাদা বলের ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লাল বলের ক্রিকেটেও ভালো করছেন। এরপরও টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না। এর কারণ কী বলে মনে হয়?

নাসুম: সত্যি বলতে, আমি জানি না। আর এ নিয়ে কোনো অনুমানও করতে চাই না। আমি শুধু চেষ্টা করি, যখন যেখানে সুযোগ পাই, সেখানে ভালো পারফর্ম করতে।

ডেইলি স্টার: টেস্ট ক্রিকেট খেলা কি এখনো আপনার স্বপ্ন?

নাসুম: অবশ্যই। এটা শুধু আমার স্বপ্ন নয়, আমার কোচ ইমন (মাহবুব) ভাই এবং রাজিন (সালেহ) ভাইয়েরও স্বপ্ন।

ডেইলি স্টার: গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েছিলেন। কিন্তু এরপরই দল থেকে বাদ পড়েন। এ নিয়ে কোনো আক্ষেপ আছে?

নাসুম: ভালো পারফর্ম করার পরও দল থেকে বাদ পড়েছি। তাই আমার কোনো আক্ষেপ নেই। আমি বিশ্বাস করি, একটি দরজা বন্ধ হলে আরেকটি দরজা খুলে যায়। আমি যদি খারাপ পারফর্ম করতাম, তাহলে হয়তো আপনি আমাকে এই প্রশ্নটাই করতেন না।

ডেইলি স্টার: সিলেটে অনেক বছর ধরেই লিগের আয়োজন নেই। স্থানীয় পর্যায়ে আরও বেশি প্রতিযোগিতার আয়োজন হলে কি এই অঞ্চল থেকে বেশি ক্রিকেটার উঠে আসবে?

নাসুম: অবশ্যই। সুযোগের অভাবে অনেক ক্রিকেটার বসে আছে। ম্যাচ খেলতে না পারলে তারা পারফর্ম করবে কীভাবে? আর পারফর্ম করতে না পারলে তাদের সামর্থ্যই-বা বোঝা যাবে কীভাবে? সিলেটের মাঠগুলো সারা বছরই ব্যস্ত থাকে। কিন্তু নিয়মিত ও সংগঠিতভাবে ম্যাচের আয়োজন খুব কম হয়।

ডেইলি স্টার: সিলেটের ক্রিকেটের উন্নতি আটকে থাকার কারণ কী?

নাসুম: দলের মালিকদের বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। একজন খেলোয়াড়ের অন্তত একটি মৌসুমে ৫০-৬০ হাজার টাকা পাওয়া উচিত। কাউকে তো আর বিনা পারিশ্রমিকে খেলার কথা বলা যায় না। কিন্তু মালিকদের দল গঠনের ব্যাপারেই আগ্রহ নেই।

এ ছাড়া প্রচার-প্রচারণাও খুব কম হয়। ফলে পর্যাপ্তসংখ্যক পৃষ্ঠপোষক এগিয়ে আসেন না। আবার পৃষ্ঠপোষকতা থেকে যে অর্থ পাওয়া যায়, সেটাও ঠিকমতো কাজে লাগানো হয় না।

ডেইলি স্টার: সামনে যে ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে, সেটি নিয়ে কতটা আশাবাদী?

নাসুম: আগে টুর্নামেন্টটা শুরু হোক। তারপর দেখা যাবে কে কী করছে, আর সেখান থেকে আমরা কী পাচ্ছি।

ডেইলি স্টার: ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে মোহাম্মদ আশরাফুলের কাজকে কীভাবে মূল্যায়ন করবেন?

নাসুম: তিনি ভালো ছিলেন… আসলে কোচদের দোষ দিয়ে লাভ নেই। একজন কোচকে যখন নিয়োগ দেওয়া হয়, তখন তিনি আমাদের শিক্ষক হয়ে যান। তার নির্দেশনা মেনে চলা আমাদের দায়িত্ব। ভুলগুলো আমরাই করি, অথচ জবাবদিহি করতে হয় কোচদের।

একজন কোচ তো আর আমাদের হয়ে মাঠে নেমে খেলতে পারবেন না। তিনি শুধু আমাদের দিকনির্দেশনা দিতে পারেন। আমি যদি তার পরামর্শই না মানি, তাহলে সেখানে তাঁর দোষ কোথায়?

 

RELATED ARTICLES

Most Popular