রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক আহত হয়েছেন।
কুরিয়ার সার্ভিসটির পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে গাড়ির ভেতরে থাকা পণ্য ও নথিপত্র পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীরা জানান, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার পথে ১০-১২টি মোটরসাইকেলে আসা একটি দল কাভার্ড ভ্যানটিতে হামলা চালায়। তারা গাড়িটি ভাঙচুরের পর পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাভার্ড ভ্যানে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সাধারণ গ্রাহকদের পার্সেল ছিল। আগুনে এসব মালামাল ও নথি পুড়ে গেছে। ধারাবাহিকভাবে হামলা-ভাঙচুর করা হচ্ছে। আমরা নিরাপত্তা চাই।’
তিনি বলেন, ‘গত ২০ অক্টোবর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজের পাশে আমাদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে যায়। সেসময় কয়েকটি ল্যাপটপ ও ৩১ লাখ টাকার পণ্য লুট করা হয়। এ ঘটনায় মামলা হলেও হামলা বন্ধ হয়নি।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম ডেইলি স্টারকে বলেন, হাজারীবাগের ঘটনার পর থেকে কুরিয়ার সার্ভিসটির যানবাহনে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও যানবাহনে একাধিকবার হামলা চালানো হয়। এসব ঘটনায় করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাকে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। পরে ২৫ অক্টোবর ভোরে হাজারীবাগের গুদামে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়। একই দিন এক কর্মীকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
এরপর ৩১ অক্টোবর রাতে রাজধানীর তিন এলাকায় এজেআরের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগে এসব ঘটনা ঘটে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য ভবন এলাকায় এক চালক গুরুতর আহত হন এবং রায়েরবাগে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
গত মঙ্গলবার রাতে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে এজেআরের পল্লবী কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হন।
