Homeস্পোর্টসএমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের

এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের

লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলার শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২–১ গোলে হেরে কিছুটা ধাক্কাই খেয়েছে দলটি। তবে এই হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন লিওনেল স্কালোনি। বরং নতুন দল গড়ার প্রক্রিয়ায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চান আর্জেন্টিনার কোচ। সেই পরিকল্পনার অংশ হিসেবে কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। ফিরছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজও।

মঙ্গলবার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হবে ম্যাচটি। চলতি আন্তর্জাতিক বিরতিতে এটিই স্কালোনির দলের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। উরুগুয়ের বিপক্ষে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নতুন কিছু খেলোয়াড়কেও পরখ করে দেখতে চান আর্জেন্টাইন কোচ।

ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন স্কালোনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গোলপোস্টের নিচে ফিরছেন এমিলিয়ানো। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শারীরিকভাবে খেলার উপযোগী থাকলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি স্কালোনি। সেই ম্যাচে খেলেছিলেন জেরোনিমো রুলি।

এমিলিয়ানোর ফেরার বিষয়টি নিশ্চিত করে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। আগের ম্যাচেও সে খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু তাকে খেলানোটা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। রুলির ওপর আমাদের আস্থা আছে বলেই আমরা দিবুকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

শুধু গোলরক্ষকই নয়, অন্য পজিশনেও পরিবর্তনের পরিকল্পনা আছে স্কালোনির। তবে চূড়ান্ত একাদশ নির্ভর করবে শেষ অনুশীলনের ওপর। তার ভাষায়, ‘আমরা চার থেকে পাঁচটি পরিবর্তন করব। শেষ অনুশীলনের পর সেটি চূড়ান্ত হবে।’

উরুগুয়ের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তবে স্কালোনির মূল্যায়ন কিছুটা ভিন্ন, ‘দল ভালো ম্যাচই খেলেছে। আমরা যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি। প্রথমার্ধ ভালো ছিল। সুযোগ তৈরি করেছি, বলের দখলও ছিল আমাদের।’

তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যাওয়ার কথাও স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সময়ই ছিল না। কারণ, ওরা দুটি গোল করে ফেলেছিল এবং ম্যাচটা অন্য দিকে মোড় নেয়। তবে আমি যে বিষয়টি গুরুত্ব দিতে চাই, তা হলো দল শেষ পর্যন্ত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছে। এই মুহূর্তে সেটিই গুরুত্বপূর্ণ।’

একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এলেও কোস্টারিকার বিপক্ষে খেলার ধরন বদলাতে চান না আর্জেন্টিনার কোচ, ‘আগামীকালও আমরা একইভাবে খেলব। খেলার পদ্ধতি বদলাব না। হয়তো কিছু ভিন্ন বৈশিষ্ট্যের খেলোয়াড়কে সুযোগ দিতে পারি। তবে আমাদের খেলার ধরন প্রায় একই থাকবে।’

প্রতিপক্ষ কোস্টারিকাকেও সহজভাবে নিচ্ছেন না স্কালোনি। বিশেষ করে আক্রমণের সময় দলটির খেলার ধরন বদলে ফেলার ক্ষমতার প্রশংসা করেছেন তিনি। আর্জেন্টিনা কোচের মতে, কোস্টারিকা বেশ কিছু ভালো ফুটবলার নিয়ে গড়া দল। তাদের সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করেও সতর্ক থাকার কারণ খুঁজে পেয়েছেন তিনি।

মেসির অবসরের পর আর্জেন্টিনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন একটি শক্তিশালী দল গড়ে তোলা। সেই প্রক্রিয়ায় তরুণদের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। তবে আগের সফল দলটির ভিত্তি ধরে রেখেই এগোতে চান তিনি।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আগের প্রক্রিয়ার সঙ্গে এবারের পার্থক্য হলো, এখন আমাদের একটা ভিত্তি আছে। অসাধারণ কিছু খেলোয়াড় আমাদের ছেড়ে গেছে, যাদের জায়গা পূরণ করা সম্ভব নয়। তবে আমাদের এমন কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা দীর্ঘদিন দলে থাকতে পারে। তাদের সুযোগ দিয়ে দেখতে হবে।’

এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেছেন স্কালোনি, ‘আমরা এখন এমন একটা পর্যায়ে আছি, যখন নতুন খেলোয়াড়দের পরখ করে দেখা দরকার। যখন মনে হবে সঠিক খেলোয়াড়দের পেয়ে গেছি, তখন হয়তো দল নির্বাচনের পরিসর ছোট হয়ে আসবে।’

 

RELATED ARTICLES

Most Popular