২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সতীর্থ উসমান খাওয়াজার আত্মজীবনী প্রকাশের মুখে তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তপ্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা’ বলে তোপ দাগিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে খাওয়াজার আনা অভিযোগগুলোকে ‘১০০ ভাগ সত্য’ দাবি করে বোর্ডের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতার আহ্বান জানিয়েছেন সাবেক এই অজি ওপেনার।
মঙ্গলবার বাজারে আসতে যাওয়া খাওয়াজার আত্মজীবনী ‘সবর’-এর কিছু অংশ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে শুরু হয় বিতর্ক। এরপরই নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে কাঠমান্ডুতে থাকা ওয়ার্নার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় খাওয়াজাকে পূর্ণ সমর্থন জানান।
ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘আট বছর ধরে এই বিষয়ে আমি একটি শব্দও বলিনি। তবে উজি (খাওয়াজা), আমি তোমার সঙ্গে সম্পূর্ণ আছি। তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ তা ১০০ ভাগ সত্য।’
আত্মজীবনীতে খাওয়াজা দাবি করেছেন, ২০১৮ সালে কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ (বর্তমান গেবেখা) টেস্ট থেকে অস্ট্রেলিয়া বল বিকৃত করতে শিরিষ কাগজ ব্যবহার করেছিল। খাওয়াজার ভাষ্য অনুযায়ী, এতে কেবল শাস্তির মুখে পড়া তিন ক্রিকেটার (স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্ট) নন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে গোটা দলই অবগত ছিল।
খাওয়াজা সে সময় বারবার পুরো দলকে যৌথভাবে এই ঘটনার দায় নেওয়ার আহ্বান জানালেও তা উপেক্ষা করা হয়। এমনকি কেপটাউনে ঘটনার সময় ব্যানক্রফটের পাশেই বসা ছিলেন খাওয়াজা; সব জানা সত্ত্বেও তৎকালীন সিএ-র তদন্তকারী দল তার কোনো সাক্ষাৎকারই নেয়নি।
নিউল্যান্ডস টেস্টের ওই ঘটনার পর স্মিথ ও ব্যানক্রফটের সঙ্গে ওয়ার্নারকেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ওয়ার্নারের ওপর দেওয়া হয় আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা, যা ২০২৪ সালে তুলে নেয় বোর্ড।
ভিডিও বার্তায় ওয়ার্নার আরও যোগ করেন, ‘আমরা কারও দিকে আঙুল তুলতে আসিনি বা পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলতেও চাইছি না। এটা স্রেফ স্বচ্ছতা আর জবাবদিহিতার বিষয়। আসল সত্যটা সঠিকভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তাই খাওয়াজার দিকে আঙুল না তুলে বরং যারা সেই তদন্তের দায়িত্বে ছিলেন, এবার তাদের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত।’
প্রতিক্রিয়া জানাতে কয়েক দিন দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে ওয়ার্নার জানান, ২০১৮ সালের সেই ঘটনার ছবি ও ভিডিও নিয়ে নিজের তিন কন্যাসন্তানকে বোঝাতে হয়েছিল তাকে। তিনি বলেন, ‘মেয়েদের বোঝানোটা খুব কঠিন কাজ ছিল। তবে আমি ওদের একটা কথাই বলেছি—সব সময় সত্য বলবে। কারণ মিথ্যা যতই ঢাকা থাকুক, একদিন না একদিন তা সামনে আসবেই।’
ভিডিওর শেষভাগে ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়ার মানুষের জন্যই খাওয়াজা এই কথাগুলো বলেছে। এই প্রশ্নটাই সবাই এতদিন ধরে করে আসছিল। উজি, তুমি একদম খাঁটি সত্যটা বলেছ। এই সময়টা আমার পরিবার, স্মিথ ও ব্যানক্রফটের জন্য নিঃসন্দেহে কঠিন ছিল, কিন্তু এই সত্যটা বাইরে আসা খুব দরকার ছিল।’
এদিকে খাওয়াজার মন্তব্য ও ওয়ার্নারের সমর্থনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে নিজেদের ২০১৮ সালের সততা বিভাগের তদন্তের পক্ষেই সাফাই গেয়েছে। সংস্থাটি জানিয়েছে, তৎকালীন তদন্তের ফলাফলেই তারা অবিচল রয়েছে এবং জমা হওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে কোনো তদন্তের প্রয়োজন তারা দেখছে না।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে যুক্ত শীর্ষ কর্মকর্তাদের কেউই বর্তমানে আর স্বপদে নেই। তবে মিচেল স্টার্ক ও মিচেল মার্শের মতো ২০১৮ সালের সেই বিতর্কিত সিরিজের দলে থাকা একাধিক ক্রিকেটার এখনো অজি জাতীয় দলে খেলে যাচ্ছেন।
