ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে চাপ সামলে ড্র করার পথে রয়েছে বাংলাদেশ। দ্রুত ২ উইকেট পড়ার পর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে দলকে টানছেন তাওহিদ হৃদয়। ফের দায়িত্বশীল ব্যাটিংয়ের পসরা মেলে তিনটি নতুন রেকর্ডেরও মালিক হলেন এই তরুণ ব্যাটার।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো হৃদয় সোমবার দ্বিতীয় সেশনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে করেছেন ফিফটি। ৮১ বল মোকাবিলা করে। ফলে বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করার ইতিহাস গড়লেন তিনি।
এই সংস্করণে হৃদয় বাংলাদেশের চতুর্থ ডাবল সেঞ্চুরিয়ান। তিনটি ডাবল সেঞ্চুরি করা মুশফিককে দুটি ম্যাচে পরের ইনিংসে আর ব্যাট করতে হয়নি। অন্যটিতে তিনি করেন ৭ রান। তামিম ইকবাল দ্বিতীয় ইনিংস ডাবল সেঞ্চুরি করার আগে প্রথম ইনিংসে থামেন ২৫ রানে। আর সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরির পরের ইনিংসে আউট হন শূন্য রানে।
এর আগেই ২৫ বছর বয়সী এই ক্রিকেটার অভিজ্ঞ মুমিনুল হককে ছাড়িয়ে উঠে যান চূড়ায়। কোনো টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের কীর্তি এখন তার দখলে। ২৮১ রান নিয়ে এতদিন মুমিনুল ছিলেন সবার উপরে। তিনি ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন।
চা বিরতি পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে হৃদয়ের সংগ্রহ ৩২৪ রান। ফলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টেই অন্তত ৩০০ রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
চমকপ্রদ ব্যাপার হলো, মুমিনুল কনকাশন প্রটোকলের কারণে না খেলতে পারাতেই এই ম্যাচে সুযোগ পেয়েছেন হৃদয়। আর সেটাকে তিনি কাজে লাগিয়েছেন সম্ভাব্য সেরা উপায়ে। মিরপুরে সিরিজের আগের টেস্টে দুটি ব্যাখ্যাতীত শটে উইকেট ছুড়ে দেওয়ায় প্রবল সমালোচনার মধ্যে ছিলেন হৃদয়। সেই ধাক্কা সামলে সিলেট টেস্টে অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি।
হৃদয় ও মুশফিকের সময়োপযোগী ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৩৪ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেছে ১১৩ রান। চা বিরতিতে গেছে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৬২ রান নিয়ে।
ডাবল সেঞ্চুরির পর সেঞ্চুরির সুবাস পাওয়া হৃদয় ক্রিজে আছেন ১৩০ বলে ৮২ রানে। তার ব্যাট থেকে এসেছে আটটি চার। টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার মুশফিক খেলছেন ৯৯ বলে চারটি চারের সাহায্যে ৪০ রানে। এই ইনিংসের পথে দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। হৃদয় ও মুশফিকের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২১৭ বলে ১২২ রান।
দিনের খেলা বাকি আছে আর ৩০ ওভার। জয়ের জন্য বাংলাদেশের দরকার এখনও ২০৭ রান, আর ওয়েস্ট ইন্ডিজের চাই ৮ উইকেট। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে এই টেস্ট।
