Homeসারাদেশগোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সমাবেশে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সমাবেশে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ও সহযোগী সংগঠনের সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে এবং অন্তত সাতটি দোকানে ভাঙচুর করা হয়।

অন্যদিকে, কোটালীপাড়ায় দলটির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানে ভাঙচুর করা হয়।

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন এলাকা এবং কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের এক যুবকের সঙ্গে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবকের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।

এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং অন্তত সাতটি ফুলের দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিয়াজ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যার দিকে মারামারিতে আহত বেশ কয়েকজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হিরণ ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হিরণ গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular