ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার বিকেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ান। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এছাড়া ২৮টি বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষে আহত ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে একটি চায়ের দোকানে দুই যুবকের মধ্যে মারামারি হয়। এর জেরে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদলের নেতা বাবু জোয়ার্দারের সমর্থকরা সংঘর্ষে জড়ান।
তিনি বলেন, আমি পুলিশকে সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
