Homeস্পোর্টসজমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

খেলা শুরুর বাঁশি বাজার পর থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করল বাংলাদেশ। বারবার প্রতিপক্ষের গোলমুখে হানা দিলেও পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় মিলল না গোল। বিপরীতে, পাকিস্তানও জালের ঠিকানা খুঁজে পেল না একই কারণে।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। বিরতি পর্যন্ত ম্যাচের স্কোরলাইন গোলশূন্য। দুই দলই ভালো কিছু সুযোগ তৈরি করলেও বাংলাদেশই সব পরিসংখ্যানে এগিয়ে।

দ্বিতীয় মিনিটেই ভালো আক্রমণ গড়ে তোলে পাকিস্তান। শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শটও নেন পাকিস্তানের আলী উজাইর। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে পড়ে দুই হাতে দুর্দান্ত সেভ করেন।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহ লক্ষ্যে শট নিলেও তা ছিল বেশ দুর্বল। ফলে সহজেই সেটি ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের দাপট বাড়তে থাকে। তবে তাদের আক্রমণগুলো ডি-বক্সের সামনে গিয়ে বারবার আটকে যাচ্ছিল। পাকিস্তানের শারীরিক সক্ষমতাসম্পন্ন ডিফেন্ডারদের সামলাতে কিছুটা সমস্যায় পড়তে হয় স্বাগতিকদের।

২১তম মিনিটে ম্যাচে নিজেদের সবচেয়ে বড় সুযোগটি তৈরি করে বাংলাদেশ। শমিতের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত শট নেন রাকিব হোসেন। তার জোরালো প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে বলটি তার হাত ফসকে গিয়ে পোস্টে আঘাত করে। এরপর গোললাইন থেকে তা ফিরিয়ে দেন পাকিস্তানের এক ডিফেন্ডার। ফলে প্রায় নিশ্চিত গোল না পাওয়ার আক্ষেপ তৈরি হয় বাংলাদেশের।

এরপর ম্যাচের ৩০তম মিনিটে কুলিং ব্রেকের পর পাকিস্তানও ভীতি জাগায়। তারিক কাজী মার্কিংয়ে ভুল করায় ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। সুযোগ কাজে লাগিয়ে নেওয়া তার শট অবশ্য গোলপোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশও।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের সুযোগ তৈরি এবং পোস্টে লেগে ফিরে আসা শট— সব মিলিয়ে জমে উঠেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ফাইনালে ওঠার লড়াই।

RELATED ARTICLES

Most Popular