ফাইনালের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়াল ৩ রান। এমন চাপের মুহূর্তে লং-অফের পাশ দিয়ে চার মেরে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন মোহিত উলভা। তার বীরত্বে মহানাটকীয় লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল দলটি।
শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের যুবারা। জবাবে ২৫২ রানে ৮ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ভারতের যুবাদের রোমাঞ্চকর প্রত্যাবর্তনে জয়ের বন্দরে পৌঁছে দেন মোহিত ও তার সতীর্থরা।
ভারতের অষ্টম উইকেটের পতনের সময় জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৫১ বলে ৮৬ রান। পাকিস্তানের শিরোপা তখন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। তবে ১০ নম্বরে ব্যাট করতে নামা মোহিত পাল্টে দেন ম্যাচের পুরো চিত্র। মাত্র ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করে দলের জয়ের নায়ক বনে যান তিনি।
নবম উইকেটে মানাল চৌহানের সঙ্গে ৩৫ বলে ৫৭ রানের জুটি গড়েন মোহিত। দলীয় ৩০৯ রানে ৩২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৭ রান করে মানাল বিদায় নিলেও থামেননি তিনি। শেষ ব্যাটার চিগুরুপাতি ভেঙ্কটাকে নিয়ে শেষ উইকেটে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটি গড়ে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেন। ভেঙ্কাটা ৮ বলে করেন অপরাজিত গুরুত্বপূর্ণ ১১ রান।
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। লেগ স্পিনার আহমেদ হুসাইনের প্রথম পাঁচ বলে একটি ওয়াইডসহ আসে ৫ রান। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং-অফের পাশ দিয়ে চার হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন মোহিত। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন সতীর্থরা, শুরু হয় শিরোপা জয়ের বুনো উল্লাস।
এর আগে পাকিস্তানের হয়ে ওপেনার উসমান খান দুর্দান্ত সেঞ্চুরি করেন। তিনি ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে তিনে নামা আবদুল কাদিরের ৫৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে বিশাল সংগ্রহের পথে এগিয়ে যায় দলটি। তবে শেষ ১০ ওভারে মাত্র ৬৩ রান তুলতে পারে তারা, হারায় ৬ উইকেট। ভারতের হয়ে কাব্য প্যাটেল চারটি ও ভেঙ্কটা তিনটি উইকেট নেন।
এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। যুব ওয়ানডের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও। এর আগে গত জুলাইয়ে হাম্বানটোটায় শ্রীলঙ্কার ৩২০ রান টপকে জিতে রেকর্ড গড়েছিল ভারত। এবার পাকিস্তানের ৩৩৭ রান পেরিয়ে নিজেদের সেই রেকর্ডই নতুন উচ্চতায় নিয়ে গেল ভারতের যুবারা।
