স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চাওয়ায় জামায়াতে ইসলামীকে ছাড়াই অন্য ইসলামি দলগুলোকে নিয়ে নির্বাচনী ঐক্য গড়তে চায় বাংলাদেশ খেলাফত মজলিস।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই শরিকের এমন অবস্থানে স্থানীয় নির্বাচন ঘিরে ইসলামি দলগুলোর মধ্যে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের আশঙ্কা, আলাদাভাবে নির্বাচনে অংশ নিলে বিরোধী দলগুলোর ভোট বিভক্ত হওয়ার পাশাপাশি ১১ দলীয় ঐক্যেও দূরত্ব ও বিভেদ তৈরি হতে পারে। এ অবস্থায় জামায়াতের বাইরে থাকা ইসলামি দলগুলোকেও নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ঘরানার সাতটি ইসলামি দলকে নিয়ে চলমান ঐক্যপ্রক্রিয়াও এ ক্ষেত্রে নতুন গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, তারা চান স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিক। জামায়াত শেষ পর্যন্ত রাজি না হলে অন্য দলগুলোকে নিয়ে বিকল্প নির্বাচনী ঐক্য গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, ‘জোটবদ্ধভাবে নির্বাচন না করলে দুটি সমস্যা তৈরি হবে। প্রথমত, আমাদের ভোটের ব্যাংক কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এতে মাঝখান থেকে সরকারি দল সুবিধা পাবে। দ্বিতীয়ত, এখন আমাদের মধ্যে যে ঐক্য, আন্তরিকতা ও পারস্পরিক সুসম্পর্ক রয়েছে, নির্বাচনে আলাদা আলাদা প্রার্থী থাকলে তাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ, নির্বাচনের সময় একে অপরের প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এতে জোটের মধ্যে দূরত্ব ও বিভেদ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।’
জালালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচনেই ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া এবং প্রার্থী বাছাই কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা উচিত। ১০টি সিটি করপোরেশনের মধ্যে যে এলাকায় যে দলের সাংগঠনিক অবস্থান ও জনসমর্থন ভালো, সেখানে সেই দলকে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
তবে জামায়াতের নেতারা বিভিন্ন কর্মসূচিতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন। এ কারণে ১১ দলীয় ঐক্যের শরিকেরা নিজ নিজ উদ্যোগে প্রার্থী বাছাই করছে। এ বিষয়ে জোটের আনুষ্ঠানিক ফোরামে আলোচনা না হলেও চলতি নভেম্বরের সম্ভাব্য বৈঠকে বিষয়টি উঠতে পারে বলে জানান তিনি।
জালালুদ্দীন আহমদ বলেন, ‘জামায়াত যদি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী না হয়, তাহলে তো আমরা জোর করে তাদের সঙ্গে নিয়ে নির্বাচন করাতে পারবো না। সে ক্ষেত্রে জামায়াতকে বাদ দিয়ে অন্য দলগুলো মিলে আলাদা একটি নির্বাচনী ঐক্য গড়ে তোলার বিষয়টি আমরা বিবেচনা করতে পারি। ১১ দলের মধ্যে জামায়াত ছাড়া আরও দল রয়েছে। এছাড়া জোটের বাইরেও অনেক ইসলামী দল আছে, এনসিপিসহ অন্যান্য দলও রয়েছে। তাদের সঙ্গে নিয়ে কীভাবে নির্বাচনে ভালো করা যায়, সে বিষয়েও আমরা চিন্তা-ভাবনা করতে পারি।’
তবে জামায়াতের অবস্থান ভিন্ন। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পর্যায়ে দলগুলোর মধ্যে প্রার্থী সমঝোতার প্রয়োজনীয়তা দেখছে না দলটি। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন নয়। এখানে দলীয় প্রতীক বা জাতীয় রাজনীতির বিষয় নেই। তাই কেন্দ্রীয়ভাবে সমঝোতার সুযোগ নেই। তবে আলোচনা করে স্থানীয় পর্যায়ে প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর প্রার্থীদের অবস্থান স্পষ্ট হলে স্থানীয় পর্যায়ে আলোচনা হতে পারে। কোন দলের প্রার্থী বেশি জনপ্রিয় এবং কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা বেশি, তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
১১ দলীয় ঐক্যের শরিকেরা আলাদাভাবে নির্বাচনে অংশ নিলে জোটে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন হামিদুর রহমান আযাদ।
তার ভাষ্য, অতীতেও জোটবদ্ধ অবস্থায় শরিক দলগুলো আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছে, তাতে জোটের কার্যক্রমে সমস্যা হয়নি।
তবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক গত ৭ নভেম্বর এ বিষয়ে ভিন্ন উদ্বেগ প্রকাশ করেন। ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের দলগুলো আলাদা প্রার্থী দিলে ১১ দলীয় ঐক্যে দুর্বলতা ও মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে।
আন্দোলনের ঐক্য ধরে রাখার স্বার্থে নির্বাচনী সমঝোতা প্রয়োজন উল্লেখ করে মামুনুল হক বলেন, এ ক্ষেত্রে বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে। সমঝোতা না হলে ব্যর্থতার দায়ও জামায়াতকে নিতে হবে।
ওই সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন মামুনুল হক। তবে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত প্রার্থী দেওয়ার সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
এদিকে গত ২২ অক্টোবর রাজধানীর খিলগাঁওয়ে আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় কওমি ঘরানার সাতটি ইসলামি দলের লিয়াজোঁ কমিটির বৈঠকেও স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাত দলের এই উদ্যোগে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে যৌথ কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অভিন্ন অবস্থান নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে থাকা কওমি ঘরানার দলগুলোকে ওই জোট থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়েছেন হেফাজতের নেতারা। তবে অন্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোকে সাত দলের ঐক্যে যুক্ত হতে হলে সংশ্লিষ্ট জোট ছাড়তে হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াত ও তার শরিকদের ভিন্ন অবস্থান ইসলামি দলগুলোর মধ্যে নতুন নির্বাচনী মেরুকরণের পথ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।
