নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ধারণা করছে, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ‘আমরা ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছি,’ বলেন মামুন।
তিনি আরও বলেন, ‘স্থানীয়রা হঠাৎ বৈদ্যুতিক লাইনে আগুন জ্বলতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, একজন মরে পড়ে আছে। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।’
‘তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল ময়লা প্যান্ট ও টি-শার্ট। মরদেহের পাশে বৈদ্যুতিক তার চুরির কিছু সরঞ্জামও পাওয়া গেছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
মামুন জানান, ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
