Homeসারাদেশজামায়াতের স্থানীয় নেতৃত্বে পুরোনোদেরই আধিপত্য

জামায়াতের স্থানীয় নেতৃত্বে পুরোনোদেরই আধিপত্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর নেতৃত্বে নতুন মেয়াদেও পুরোনোদের আধিপত্য দেখা যাচ্ছে। ২০২৭-২৮ মেয়াদের জন্য ঘোষিত ৭৭টি সাংগঠনিক শাখার মধ্যে ৫১টিতেই আগের আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জেলার আমির এক দশক বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

তবে কয়েকটি জেলায় দীর্ঘদিনের নেতৃত্বে পরিবর্তন এসেছে। খাগড়াছড়িতে প্রায় ২৮ বছর দায়িত্ব পালনের পর সৈয়দ মো. আবদুল মোমেনের জায়গায় আমির হয়েছেন সাবেক জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান। এছাড়া জয়পুরহাট, খুলনা, বরিশাল, রাজবাড়ী ও লক্ষ্মীপুর জেলায়ও নতুন আমির নির্বাচিত হয়েছেন। এসব জেলায় আগের আমিররা ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

৭৭টি শাখার আমিরদের আগের ও নতুন মেয়াদের তালিকা বিশ্লেষণ এবং দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ চিত্র পাওয়া গেছে। এছাড়া জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেছে দ্য ডেইলি স্টার।

জামায়াত গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মেয়াদের জেলা ও মহানগর আমিরদের নাম প্রকাশ করে। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এসব নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, দলের গঠনতন্ত্রের ৭২ নম্বর ধারায় আমির নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে, রুকনরা সেগুলো বিবেচনায় নিয়েই ভোট দেন। সাংগঠনিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনে অভিজ্ঞতার প্রয়োজন হয়। এ কারণে তারা অনেক সময় অভিজ্ঞ নেতাদের ওপর আস্থা রাখেন।

জেলা পর্যায়ে নতুন আমির হয়েছেন জয়পুরহাটে গোলাম কিবরিয়া, খুলনায় কবিরুল ইসলাম, বরিশালে মাহফুজুর রহমান, রাজবাড়ীতে হাসমত আলী এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ। খাগড়াছড়িতে দায়িত্ব পেয়েছেন মিনহাজুর রহমান।

এ আর হাফিজুল্লাহ আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ আসনে দলটির প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারে ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে তিনি আলোচনায় আসেন।

এছাড়া জেলা পর্যায়ে নতুন আমির হয়েছেন ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে এনামুল হক, রংপুরে এনামুল হক, পাবনায় নজরুল ইসলাম, নওগাঁয় মাহফুজুর রহমান, ঝিনাইদহে আবদুল আউয়াল, মাগুরায় সাঈদ আহমাদ, পিরোজপুরে আ. রব, কিশোরগঞ্জে আজিজুল হক, গাজীপুরে সেফাউল হক, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ ও সুনামগঞ্জে শামসুদ্দিন।

মহানগর শাখাগুলোর মধ্যে বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে মো. জাহাঙ্গীর, ময়মনসিংহে আসাদুজ্জামান সোহেল ও গাজীপুরে খায়রুল হাসান নতুন আমির হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলার মাসুদুর রহমান চলতি বছরের শুরুতে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছিলেন। এবার তিনি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, কুড়িগ্রামের মো. আজিজুর রহমান ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২২ বছর জেলা আমির ছিলেন। গত বছরের ডিসেম্বরে আবার দায়িত্ব পাওয়ার পর এবারও তিনি নির্বাচিত হয়েছেন।

নতুন মেয়াদেও দায়িত্বে বহাল থাকা দীর্ঘদিনের আমিরদের মধ্যে রয়েছেন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, শেরপুর, মেহেরপুর, টাঙ্গাইল, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার আমিররা। তাদের প্রত্যেকেই অন্তত ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে ঝালকাঠির হাফিজুর রহমান ২০০৪ সাল থেকে টানা ২২ বছর জেলা আমিরের দায়িত্বে রয়েছেন। রাঙ্গামাটির মোহাম্মদ আবদুল আলীম ও বান্দরবানের এস এম আবদুছ ছালাম আজাদ ১৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জের মো. শাহিনুর আলমের দায়িত্ব পালনের সময় ১৪ বছর।

এছাড়া নাটোর, বরিশাল মহানগর, বরগুনা, নড়াইল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং মানিকগঞ্জের আমিররা এবার পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা মহানগর ও জামালপুর জেলা শাখার আমিরের নাম বুধবার প্রকাশ করা হয়নি। কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুই দিন পর দলটি মহানগর কমিটি ভেঙে দেয় এবং দীর্ঘদিনের আমির কাজী দ্বীন মোহাম্মদকে অব্যাহতি দেয়। এ কারণে সেখানে নতুন কমিটির জন্য ভোটগ্রহণ হয়নি।

অন্যদিকে, জামালপুরে ভোট গ্রহণ হলেও কিছু পর্যালোচনার জন্য ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও মহানগর আমিরের মেয়াদ দুই বছর। এবার ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুমের নেতৃত্বে পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ প্রক্রিয়া পরিচালনা করে। প্রতিটি শাখায় আলাদা প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল।

বারবার একই ব্যক্তির নির্বাচিত হওয়ার বিষয়ে আবদুল হালিম বলেন, ‘এটি সংগঠনের জন্য কোনো সমস্যা নয়। বরং রুকনরা অভিজ্ঞ নেতাদের প্রতি তাদের আস্থা জানিয়েছেন।’

আবদুল হালিম আরও বলেন, আমির নির্বাচনে সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত করা হয়। কোনো নেতার প্রতি রুকনদের আস্থার ঘাটতি দেখা গেলে তাকে পরিবর্তনের সুযোগও রয়েছে। এবার যারা নির্বাচিত হয়েছেন, তারা রুকনদের কাছ থেকে প্রয়োজনীয় আস্থা পেয়েছেন বলেই দায়িত্বে রয়েছেন।

RELATED ARTICLES

Most Popular