টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় স্থানীয় চার সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার সখীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে মামলাটি করেন।
পরে বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম মিতু এ আদেশ দেন।
আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে যাওয়া চার সাংবাদিক হলেন—এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তার সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান ও স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।
এর আগে গতকাল রাতে উপজেলার দেওবাড়ি এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আজ সকালে চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ওই চার সাংবাদিকের পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজনের মাদক সেবনের ভিডিও ধারণ করা হলে প্রথমে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হয়। এতে রাজি না হলে সাংবাদিকদের ঘিরে ‘মব’ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে এক সাংবাদিকের পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার বাদী ফজলুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘গ্রামবাসীর অনুরোধে আমি মামলার বাদী হয়েছি।’
জানতে চাইলে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে৷ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
