Homeস্পোর্টসপাকিস্তানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল সহজ হতো: ডুলি

পাকিস্তানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল সহজ হতো: ডুলি

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেই স্বপ্ন আরও বড় হয়েছিল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে থেমে গেছে হামজা চৌধুরীদের পথচলা। ম্যাচ শেষে হতাশ বাংলাদেশের কোচ টমাস ডুলি জানালেন, পাকিস্তানের বাধা পেরোতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল তুলনামূলক সহজ হতো বলেই মনে করেছিলেন তিনি।

শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৮৫তম মিনিটে আব্দুল সামাদের গোলে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দেয় পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল ভারত। ফলে পাকিস্তানকে হারাতে পারলে শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতো বাংলাদেশ।

কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ ডুলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গক্রমে ভারতের বিপক্ষে সম্ভাব্য ফাইনালের কথাও তুলে ধরেন বাংলাদেশ কোচ, ‘আমরা এই ম্যাচটা জিততে চেয়েছিলাম। সবকিছু ইতিবাচক মনে হচ্ছিল। আমার মনে হয়, এই ম্যাচটা জিততে পারলে ভারতের বিপক্ষে ফাইনালটা পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের চেয়ে অনেক সহজ হতো। তাই আমাদের কাছে পরিষ্কার ছিল, এই ম্যাচটা জিততেই হবে।’

তবে ভারতকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেননি ডুলি। তার মন্তব্যে বরং উঠে এসেছে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে কতটা কঠিন পরীক্ষা হিসেবে দেখেছিলেন তিনি। সেই পরীক্ষায় বাংলাদেশের ফুটবলাররা যে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি, সেটিও অকপটে স্বীকার করেছেন এই কোচ, ‘শুরু থেকেই আমরা ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফ করার পর বলের দখল পেতেও আমাদের অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা সঙ্গে সঙ্গেই চাপ তৈরি করেছে। এক-দুটি ভুলের পর খেলোয়াড়েরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তখন তারা নার্ভাস হয়ে পড়েছে। অনেক পাসই সতীর্থদের কাছে পৌঁছায়নি। পাকিস্তান আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাইছি।’

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলায় ছিল গতি, আত্মবিশ্বাস ও আক্রমণের ধার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই দলের ছায়াও যেন দেখা যায়নি। প্রতিপক্ষের মানের পার্থক্যও এর একটি বড় কারণ বলে মনে করেন ডুলি, ‘পাকিস্তান যে শ্রীলঙ্কার চেয়ে ভালো দল, সেটা নিশ্চিত। কখন দৌড়াতে হবে, কীভাবে দৌড়াতে হবে, কখন বল স্পর্শ করতে হবে কিংবা পাস দিতে হবে—এসব বিষয়ে তাদের বোঝাপড়া ভালো। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, তারা সেটা করতে দেয়নি।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্রুত পাসিং ফুটবলে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও একই কৌশল কাজে লাগাতে চেয়েছিলেন ডুলি। কিন্তু শুরুতে ভুলের কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হলেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে খেলার চাপ ফুটবলারদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। দর্শকদের প্রত্যাশা পূরণের তাড়না কখনো কখনো খেলোয়াড়দের ওপর উল্টো চাপ তৈরি করে বলে তার ধারণা।

‘আমরা জানতাম, ঘরের মাঠে এত দর্শকের সামনে প্রত্যাশা অনেক বেশি। আমাদের সাফ জিততে হবে, পাকিস্তানকে হারাতে হবে। এমন পরিস্থিতিতে একটি ভুলের পর আরেকটি ভুল হলে খেলোয়াড়েরা আরও নার্ভাস হয়ে যায়। তারা ভাবতে থাকে, এত গুরুত্বপূর্ণ ম্যাচে ২০ হাজার দর্শকের সামনে আর কোনো ভুল করা যাবে না। কিন্তু সেই চিন্তা থেকেই আবার ভুল করে বসে,’ বলেন ডুলি।

পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ফুটবলারদের শারীরিক অবস্থাও কিছুটা পিছিয়ে ছিল বলে মনে হয়েছে ডুলির। দুই দলের ম্যাচের মধ্যে বিশ্রামের পার্থক্যের কথাও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড়ের পেশিতে টান ধরেছিল। অন্যদিকে পাকিস্তানের খেলোয়াড়দের তুলনামূলক বেশি সতেজ মনে হয়েছে তার।

দলের আক্রমণভাগে পর্যাপ্ত বিকল্প না থাকার কথাও জানিয়েছেন ডুলি। দ্বিতীয়ার্ধে শুকি ইতোফুসাকে উইংয়ে সরিয়ে কিছুটা গতি আনার চেষ্টা করেছিলেন। কিন্তু পেশিতে টান পড়ায় তাকেও বদলাতে হয়েছে। ফারহান আলী ওয়াহিদ ক্লান্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত তার কাছ থেকে গোলের প্রত্যাশা করেছিলেন কোচ, ‘সত্যি বলতে, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আমার মনে হয়নি আমরা ওদের চেয়ে অনেক ভালো খেলছি। চাপের মধ্যে থাকলে কখনো কখনো খেলোয়াড়েরা ধীর হয়ে যায়। তাদের চিন্তাভাবনাও ধীর হয়ে পড়ে।’

শেষ মুহূর্তের গোলটি বাংলাদেশের ফুটবলারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল। গোল হজমের পর কেন খেলোয়াড়দের মধ্যে দ্রুত সমতায় ফেরার তাড়না দেখা যায়নি, সেই প্রশ্নের জবাবেও মানসিক চাপের কথাই তুলে ধরেছেন ডুলি, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য আপনি জিততে চান। সাফ জেতার বড় সুযোগ আপনার সামনে। ঠিক তখনই ৮৬ মিনিটে গোল হজম করলেন। এটা বড় ধাক্কা। মানুষ হিসেবে সবাই তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলাতে পারে না।’

ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশও ছিল বিষণ্ন। ডুলি জানিয়েছেন, ফুটবলাররা এতটাই হতাশ যে কেউ কারও সঙ্গে কথা বলছেন না। অনেকেই মাঠে কেঁদেছেন। নিজেদের ব্যর্থতার কষ্ট তাদের মধ্যেও প্রবল।

 

RELATED ARTICLES

Most Popular