কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং শেষ পর্যন্ত স্বীকার করেছেন, এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামে পরিচিত ওই নারী আসলে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের ধারাবাহিক কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনে এই গোপন সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হওয়ার পর গত রোববার নিজের সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং।
প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের কারণে আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হয় না। আমি গভীরভাবে দুঃখিত।’
নামের শেষে মিল থাকলেও জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। জেনসেন হুয়াং নিজে পরিচালনা পর্ষদকে বিষয়টি জানানোর পর রোববার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে এনভিডিয়া।
অথচ গত মাসেও ব্লুমবার্গ নিউজ ও নিউইয়র্ক টাইমসকে এনভিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ ‘সম্পূর্ণ স্বাভাবিক’ ছিল। তখন এনভিডিয়ার মুখপাত্র জন রিজো দাবি করেছিলেন, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের দেখা-সাক্ষাৎ কেবলই ব্যবসায়িক কাজের অংশ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের ওপর দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক নজরদারি চালাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ ছিল, নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পাচার করতে সহায়তা করছেন ওই নারী।
কিন্তু নজরদারি চালাতে গিয়ে গোয়েন্দারা আরও ভয়াবহ তথ্য পান। তারা দেখতে পান, অ্যালিস হুয়াং সরাসরি বেইজিংয়ের কাছে তথ্য পাচার করছেন এবং এক মার্কিন নাগরিকের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।
মার্কিন আইন অনুযায়ী, আদালতের নির্দেশ ছাড়া সাধারণত কোনো মার্কিন নাগরিকের ওপর গোয়েন্দা নজরদারি চালানো যায় না। তবে বিদেশি কারও ওপর নজরদারির সময় কোনো মার্কিন নাগরিকের যোগাযোগ ধরা পড়লে বিশেষ সরকারি প্রক্রিয়ায় (‘আনমাস্কিং’) তার পরিচয় শনাক্ত করা হয়।
সেই পরিচয় উন্মোচন করতে গিয়েই গোয়েন্দারা দেখতে পান, ওই মার্কিন নাগরিক আর কেউ নন, স্বয়ং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তদারকিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক গোপন নথিতে জানানো হয়, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) একজন এজেন্ট। জেনসেন হুয়াংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং সবচেয়ে উন্নত চিপগুলো চীনে বিক্রির পক্ষে অবস্থান নিতে এনভিডিয়াকে প্রভাবিত করার লক্ষ্যেই তাকে নিয়োগ দিয়েছিল বেইজিং।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার নিশানায় পড়লে মার্কিন নাগরিকদের সাধারণত সতর্কতামূলক ব্রিফিং দেওয়া হয়। কিন্তু জেনসেন হুয়াংকে সেভাবে সতর্ক করা হয়নি। গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, জেনসেন হুয়াংকে বিষয়টি জানালে অ্যালিস হুয়াং টের পেয়ে যাবেন যে তার ওপর নজরদারি চলছে।
জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের প্রথম কবে পরিচয় হয়েছিল, তা স্পষ্ট নয়। চীনের ইন্টারনেটেও অ্যালিস হুয়াং সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। একটি চীনা বিনিয়োগ তহবিলের অনলাইন তথ্য অনুযায়ী, তিনি একসময় চীনে টিভি সাংবাদিক হিসেবে কাজ করতেন, যদিও নিউইয়র্ক টাইমস স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি।
পরে চীনের কয়েকটি বড় ব্যাংকে কাজ শেষে সাংহাইভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘হেক্সি ক্যাপিটাল’-এ যোগ দেন অ্যালিস। প্রতিষ্ঠানটি সেমিকন্ডাক্টর ও এআই খাতে বিনিয়োগ করে।
এরপর দ্রুত ও রহস্যজনকভাবে উত্থান ঘটে অ্যালিস হুয়াংয়ের। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিজের পরিচয় দিতে শুরু করেন। প্রথম আট মাস কোম্পানির নথিপত্রে তার নাম থাকলেও মার্কিন তদন্ত শুরু হওয়ার পর কাগজপত্র থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়।
মেগাস্পিড এনভিডিয়ার চিপ কেনা শুরু করার কয়েক সপ্তাহ আগে, ২০২৪ সালের জুনে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে এক প্রযুক্তি প্রদর্শনীর পর স্থানীয় একটি পানশালায় অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াংকে একসঙ্গে হুইস্কি পান করতে দেখা যায়। লিংকডইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, অন্য এআই কর্মকর্তাদের সঙ্গে তারা আড্ডা দিচ্ছেন।
ঠিক এক বছর পর, ২০২৫ সালের মে মাসে আবারও তাইপেইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজ শেষে তাদের একসঙ্গে বের হতে দেখা যায়। রেস্তোরাঁর বাইরে জেনসেন হুয়াং যখন তাইওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অ্যালিস।
প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে নিজের এই ঘনিষ্ঠতার কথা ফলাও করে প্রচার করতেন অ্যালিস এবং তা কাজে লাগিয়ে চীনে সরকারি ডেটা সেন্টার প্রকল্পের অংশীদার হতে তহবিল সংগ্রহ করতেন।
এআই প্রযুক্তি পরিচালনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপ অপরিহার্য। এআই প্রতিযোগিতায় চীনকে পেছনে রাখতে ২০২২ সাল থেকেই সবচেয়ে শক্তিশালী চিপ চীনে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওয়াশিংটন। কিন্তু সেই নিষেধাজ্ঞা পাশ কাটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডেটা সেন্টার গড়ে তোলার কৌশল নেয় কিছু প্রতিষ্ঠান। বাইডেন প্রশাসন শেষ দিকে এই ফাঁকফোকর বন্ধের উদ্যোগ নিলেও ট্রাম্প ক্ষমতায় এসে সেই বিধিনিষেধ তুলে নেন।
মেগাস্পিড মূলত মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করত। চীনের সামরিক বাহিনীকে প্রযুক্তি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনসপার’-এর মার্কিন শাখা থেকে এনভিডিয়ার চিপ কিনত মেগাস্পিড। এরপর সেই চিপের কম্পিউটিং সক্ষমতা ভাড়া দিত আলিবাবাসহ চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, মেগাস্পিডের কেনা কিছু চিপ অবৈধভাবে সরাসরি চীনেও পাচার হয়েছে।
বাণিজ্য তথ্য বিশ্লেষণী প্ল্যাটফর্ম ‘ইমপোর্টজিনিয়াস’-এর নথি অনুযায়ী, মেগাস্পিডের মালয়েশিয়া শাখা ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে এনভিডিয়ার চিপযুক্ত অন্তত ৪৮০ কোটি (৪ দশমিক ৮ বিলিয়ন) ডলারের উন্নত এআই সরঞ্জাম কিনেছে। স্বল্প পরিচিত ছোট একটি কোম্পানির জন্য এই অর্থের পরিমাণ ছিল রীতিমতো অবিশ্বাস্য।
২০২৪ সালের শেষ দিকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মালয়েশিয়ায় মেগাস্পিডের ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে সন্দেহজনক চিত্র দেখতে পান। সেখানে এনভিডিয়ার সরঞ্জামগুলো স্থাপন করার বদলে বাক্সবন্দী অবস্থায় রাখা ছিল, যা দেখে ধারণা করা হয় সেগুলো অন্য কোথাও পাচারের জন্য রাখা হয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুর কর্তৃপক্ষও অ্যালিস হুয়াংকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, তবে পরে ছেড়ে দেয়।
এত কিছুর পরও সিঙ্গাপুর সীমান্তের কাছে মালয়েশিয়ার জোহর রাজ্যে পাম বাগানের ভেতর ৫৩ একর জমিতে বিশাল ডেটা সেন্টার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে মেগাস্পিড। চলতি বছরও প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ কিনেছে এবং নিজেদের ওয়েবসাইটে মেগাস্পিডকে ‘ক্লাউড পার্টনার’ হিসেবে তালিকাভুক্ত রেখেছে এনভিডিয়া।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর আগেই জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠতা এবং গুপ্তচরবৃত্তির গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছিল। কিন্তু ট্রাম্প এ নিয়ে কোনো পদক্ষেপই নেননি। কারণ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজার চাঙা রাখা এনভিডিয়ার চিপের ব্যবসায় বিঘ্ন ঘটাতে কিংবা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল করতে চাননি তিনি।
২০২৫ সালের আগে জেনসেন হুয়াং ওয়াশিংটনে খুব একটা যেতেন না এবং রাজনীতি থেকে দূরেই থাকতেন। কিন্তু ট্রাম্প প্রশাসন যখন চীনে এনভিডিয়ার চিপ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করার কথা ভাবছিল, তখন স্ত্রীকে নিয়ে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ট্রাম্পের তহবিল সংগ্রহের নৈশভোজে যান হুয়াং। সেখানে নিজের উত্থানের গল্প শুনিয়ে এবং প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করে তার মন জয় করে নেন তিনি।
এরপর ট্রাম্পের বলরুম নির্মাণ তহবিলে অন্তত ২ কোটি ডলার অনুদান দেয় এনভিডিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে ৫০ হাজার কোটি (৫০০ বিলিয়ন) ডলার বিনিয়োগেরও প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। গত মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন, তখন প্রধান টেবিলেই বসেছিলেন জেনসেন হুয়াং।
হুয়াংয়ের অনুরোধেই গত বছর চীনে চিপ বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করেন ট্রাম্প। দুই পক্ষের চুক্তি অনুযায়ী, এনভিডিয়া চীনে তাদের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী চিপ বিক্রি করতে পারবে এবং সেই আয়ের ২৫ শতাংশ পাবে মার্কিন সরকার। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ট্রাম্প ও হুয়াংয়ের এই ঘনিষ্ঠতার কারণেই চীন বা এনভিডিয়াকে ঘিরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কিছু তদন্ত ও নিষেধাজ্ঞার প্রস্তাব মাঝপথে থমকে যায়।
শুরুতে মার্কিন গোয়েন্দাদের ধারণা ছিল, অ্যালিস হুয়াং যে চীনের হয়ে তথ্য সংগ্রহ করছেন তা হয়তো জেনসেন হুয়াং জানতেন না। তবে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেরই এখন সন্দেহ, অ্যালিসের আসল ভূমিকা সম্পর্কে হুয়াং সত্যিই অজ্ঞ ছিলেন কি না।
এনভিডিয়ার নিজস্ব আচরণবিধির শুরুতেই জেনসেন হুয়াংয়ের একটি চিঠি রয়েছে, যা সব কর্মী ও পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য প্রযোজ্য। সেখানে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এমন কাজের তালিকায় ‘ব্যক্তিগত সম্পর্কের’ কথা স্পষ্টভাবে উল্লেখ আছে এবং বিদেশি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে চাকরিচ্যুতিসহ শাস্তিমূলক ব্যবস্থার বিধানও রয়েছে।
যদিও এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্যের কোনো ক্ষতি হওয়ার প্রমাণ মেলেনি এবং তদন্ত চলাকালে প্রধান নির্বাহীর পদেই থাকবেন হুয়াং। অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং এসব অভিযোগকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন অপপ্রচার ও কুৎসা’ বলে দাবি করেছেন। আর মেগাস্পিড জানিয়েছে, তারা নিজস্ব তদন্তের জন্য বাইরের আইনজীবী নিয়োগ করেছে এবং মার্কিন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
জেনসেন হুয়াংকে বাদ দিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বাকি ১০ সদস্যের মধ্যে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় এখন তদন্ত চালাবে। পর্ষদে রয়েছেন ১৯৯৩ সালে এনভিডিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত থাকা সাবেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট টেনচ কক্স এবং গত জুলাইয়ে যোগ দেওয়া গোল্ডম্যান স্যাকসের সাবেক ভাইস চেয়ারম্যান সুজান নোরা জনসন।
অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান নেতারা চলতি মাসেই এক রুদ্ধদ্বার বৈঠকে জেনসেন হুয়াংকে হাজির হতে বলেছেন। পাশাপাশি মেগাস্পিডের বিরুদ্ধে চলমান কেন্দ্রীয় তদন্তের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিজেদের হাতে নিয়েছে মার্কিন বিচার বিভাগ।
