দেশে চলমান গ্যাস সংকটে শিগগিরই উল্লেখযোগ্য স্বস্তি আনতে পারবে না তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) এ কথা জানিয়েছে।
গত সপ্তাহে কক্সবাজারের মহেশখালীর কুতুবজমে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির (সিএনইই) সঙ্গে সরকারি ব্যবস্থায় (জিটুজি) তৃতীয় ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
প্রস্তাবিত টার্মিনালটির দৈনিক প্রাথমিক পুনর্গ্যাসীকরণ সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), যা সর্বোচ্চ ৭৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত বাড়ানো যাবে। তবে ২০২৮ সালের আগে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের তাৎক্ষণিক গ্যাস সংকট মোকাবিলায় টার্মিনালটি খুব একটা ভূমিকা রাখতে পারবে না।
আইইইএফএর সর্বশেষ প্রতিবেদন ‘এলএনজি-টু-পাওয়ার ইন ইমার্জিং এশিয়া: অ্যা ফাইভ-ইয়ার রিভিউ অব প্রজেক্ট আউটকামস’-এ বলা হয়েছে, শুধু পুনর্গ্যাসীকরণের সক্ষমতা বাড়িয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। কারণ, দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমছে এবং জ্বালানি আমদানিতেও নানা সীমাবদ্ধতা রয়েছে।
বাংলাদেশে প্রতিদিনের গ্যাসের মোট চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে স্বাভাবিক সরবরাহ প্রায় ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।
প্রস্তাবিত টার্মিনালের অতিরিক্ত ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতাও নির্ভর করবে এলএনজি কার্গোর প্রাপ্যতা, সেগুলো কেনার আর্থিক সামর্থ্য ও গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছানোর অবকাঠামোর ওপর।
আইইইএফএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে এলএনজি আমদানির পরিমাণ ছিল ৪৩ লাখ ৩০ হাজার টন, যা ২০২৫ সালে বেড়ে ৭১ লাখ ৩০ হাজার টনে দাঁড়িয়েছে। অন্যদিকে, দেশে গ্যাস উৎপাদন বছরে গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে।
আমদানিনির্ভরতা বাড়ায় সরকারের আর্থিক চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে এলএনজি আমদানিতে ভর্তুকি বরাদ্দ ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তা বেড়ে ৯ হাজার কোটি টাকা হয়েছে।
জ্বালানি আমদানির ব্যয় মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) ও বিশ্বব্যাংকের ঋণসহায়তার ওপর বাংলাদেশের নির্ভরতার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
আইইইএফএ বলেছে, ‘অতিরিক্ত অর্থায়নের ব্যবস্থা বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করলেও, আমদানি করা গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।’ এ প্রসঙ্গে সংস্থাটি ফিচের ঋণমান অবনতির বিষয়টিও উল্লেখ করেছে।
গত মে মাসে মধ্যপ্রাচ্য সংঘাতের সঙ্গে সম্পর্কিত বৈদেশিক অর্থায়নের চাপ বৃদ্ধি ও সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করে ফিচ।
অক্টোবরে পরবর্তী এক মূল্যায়নে ফিচ জানায়, বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার বাড়লে বাংলাদেশের বার্ষিক তেল আমদানি ব্যয় ১২০ কোটি ডলার বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে এলএনজিচালিত কেন্দ্র থেকে। দেশের এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে কাতার থেকে সরবরাহ এখনো স্থগিত রয়েছে। ফলে বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।
আইইইএফএর মতে, তৃতীয় এফএসআরইউ স্থাপনের ফলে নিয়মিত অতিরিক্ত এলএনজি কার্গো সংগ্রহের প্রয়োজন হবে, যাতে টার্মিনালটির সক্ষমতা ব্যবহার করা যায়।
পর্যাপ্ত অর্থায়ন ও সাশ্রয়ী দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি নিশ্চিত করা না গেলে নতুন টার্মিনালটি দেশের অবকাঠামোগত ব্যয় আরও বাড়াতে পারে।
আইইইএফএর গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে দেশে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতার ৫৩ শতাংশ ব্যবহার করা হতো। ২০২৫ সালে এ হার কমে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা বেড়েছে।
দুটি টার্মিনাল পুরোপুরি চালু থাকার সময়ও বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত গ্যাস পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ থেকে বোঝা যায়, শুধু পুনর্গ্যাসীকরণ সুবিধার ঘাটতি সমস্যা নয়। বিদ্যমান অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতে পর্যাপ্ত ও সাশ্রয়ী গ্যাস সরবরাহও নিশ্চিত করতে হবে।’
আইইইএফএ আরও বলেছে, নতুন সক্ষমতায় ভোক্তাদের জন্য কার্যকর সুফল বয়ে আনতে হলে বাংলাদেশকে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমে যাওয়ার বিষয়টি মোকাবিলা করতে হবে, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য এলএনজি সংগ্রহ নিশ্চিত করতে হবে ও গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে।
এদিকে, প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে তৃতীয় এফএসআরইউ প্রকল্প দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল প্রশ্ন তুলেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন। অর্থমন্ত্রী সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও সভাপতি।
আখতার জানতে চান, সরকার প্রকল্পটি বাতিল করার বিষয়টি বিবেচনা করবে কি না এবং বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে কি না।
তিনি আরও বলেন, বিদ্যমান টার্মিনালগুলোর চুক্তির মেয়াদ শেষ হলে জাহাজ ও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের হাতে আসবে।
তবে সিএনইইকে দেওয়া নতুন টার্মিনালটি ১৫ বছর পরিচালনার পরও বাংলাদেশের মালিকানায় আসবে না।
আখতার বলেন, ‘কয়েক মাস আগে একজন সংসদ সদস্যের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান চীনা কোম্পানির দেওয়া প্রস্তাবের সঙ্গে প্রায় একই ভাষায় একটি প্রস্তাব জমা দিয়েছিল।’
প্রস্তাবটি প্রায় এক মাস আগে প্রথমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হলে তা নাকচ করা হয়। তবে প্রধানমন্ত্রী সরকারি সফরে তুরস্কে থাকাকালে প্রস্তাবটি আবার কমিটিতে তোলা হয় এবং অনুমোদন দেওয়া হয়।
আখতারের দাবি, নতুন টার্মিনালটির ব্যয় তুলনীয় প্রকল্পগুলোর চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি হবে। তিনি বলেন, ‘দেশের অর্থ অপচয় করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করা হচ্ছে।’
জবাবে অর্থমন্ত্রী খসরু বলেন, আখতারের প্রশ্নটি আলোচ্য মূল প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। মূল প্রশ্নটি ছিল গ্রামীণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কর ফাঁকি নিয়ে।
এ বিষয়ে সংসদ সদস্য আনুষ্ঠানিক নোটিশ দিলে যথাযথ জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন টার্মিনালটির সংরক্ষণক্ষমতা বেশি হবে। এতে মস-টাইপ ও মেমব্রেন-টাইপ—উভয় ধরনের এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারবে। ফলে বড় আকারের কার্গো আমদানি করা সম্ভব হবে।
এতে প্রতি ইউনিট এলএনজি আমদানির ব্যয় ৫ থেকে ১০ সেন্ট কমবে। প্রতিটি কার্গোতে আনুমানিক ১ লাখ ৯০ হাজার ডলার সাশ্রয় হতে পারে।
তিনি আরও বলেন, ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় বছরে ৫০টি কার্গো আমদানির হিসাব ধরলে, বড় পরিমাণে এলএনজি কেনার মাধ্যমে দীর্ঘ মেয়াদে দেশের প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।
