দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে টেনে তুললেন তাওহিদ হৃদয়। ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে গড়লেন ২০৬ রানের রেকর্ড জুটি। দুর্ভাগ্যজনকভাবে দিনের শেষ বলে তিনি বিদায়ে নিলেও ততক্ষণে শক্ত অবস্থানে টাইগাররা। এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে হৃদয়কে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ পেসার কাগিসো রাবাদা।
গতকাল রোববার জোহানেসবার্গ টেস্টে ৬ উইকেটে ৩২৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অবশ্য দাপট ছিল রাবাদার। সারা দিনে দুর্দান্ত বোলিংয়ে তিনি শিকার করেন ৫১ রানে ৫ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম ৫ উইকেটের কীর্তি।
এক পর্যায়ে ১২১ রানে বাংলাদেশের ৫ উইকেটের পতনের পর কঠিন সময় সামলে লিটনকে সঙ্গে নিয়ে হৃদয় গড়েন দুর্দান্ত জুটি। ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে শতক হাঁকানো দ্বিতীয় বাংলাদেশি তিনি। তবে আরেক প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের করা দিনের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় হৃদয়কে। ১৪ চার ও এক ছক্কায় তার ২২৭ বলে ১৩৭ রানের ইনিংসটি সাজানো ছিল দারুণ ধৈর্য ও দায়িত্বশীলতায়।
দিন শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন রাবাদা। তাকে থামাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান এই বোলার। হৃদয়ের নামের সঠিক উচ্চারণ নিশ্চিত হতে সংবাদ সম্মেলনে কিছুটা থামেন তিনি। পরে বলেন, ‘আমি নিশ্চিত নই, তার নামের সঠিক উচ্চারণ করতে পারছি কি না। তবে সে দারুণ খেলেছে। আমরা তার বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি। সত্যিই সবকিছু। আর কী বলব! তাকে কৃতিত্ব দিতেই হবে।’
বাংলাদেশের এমন দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোয় কিছুটা বিস্ময় প্রকাশ করেন রাবাদা। তার মতে, দ্রুত ৫ উইকেট হারানোর পর বড় জুটি গড়া সহজ কোনো বিষয় নয়, ‘তারা যখন ১২১ রানে ৫ উইকেটে ছিল, সেখান থেকে ২০০ রানের জুটি গড়েছে। সত্যি বলতে, এমন জুটি হবে বলে আমি ভাবিনি। আমার মনে হয় না কেউই এটা প্রত্যাশা করেছিল। তারা দারুণভাবে নিজেদের প্রয়োগ করেছে। আমার মতে, এটাই ক্রিকেটের সৌন্দর্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক চিত্র।’
বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের বোলিং নিয়েও আত্মসমালোচনা করেন রাবাদা। বিশেষ করে পুরোনো বলে আরও ভালো করা উচিত ছিল বলে মনে করেন তিনি, ‘পিচের খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয়নি। তবে বল পুরোনো হলে ব্যাটিং কিছুটা সহজ হয়ে যায়। বাংলাদেশ খুব ভালো শৃঙ্খলা দেখিয়েছে। তাদের আউট করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। নতুন বলে আমরা নিজেদের পরিকল্পনা পুরোপুরি কাজে লাগিয়েছি। তবে পুরোনো বলে আরও ভালো বোলিং করতে পারতাম।’
রাবাদার আগুনঝরা বোলিংয়ে চাপে পড়লেও হৃদয় ও লিটনের ব্যাটে চড়ে ওয়ান্ডারার্সে স্বাগতিকদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। হাতে ৪ উইকেট থাকায় দ্বিতীয় দিনে সংগ্রহ আরও বড় করার সুযোগ থাকছে সফরকারীদের সামনে। সেঞ্চুরির সুবাস নিয়ে লিটন ১৩৮ বলে অপরাজিত আছেন ৯২ রানে।
