Homeস্পোর্টস‘তোমার সেরা সময় এখনও আসেনি’, চোটে পড়া কাভারাকে রোনালদোর বার্তা

‘তোমার সেরা সময় এখনও আসেনি’, চোটে পড়া কাভারাকে রোনালদোর বার্তা

জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি পার করছেন খভিচা কাভারাতসখেলিয়া। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে হাঁটুর গুরুতর চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জর্জিয়ান তারকা। অস্ত্রোপচার করাতে হবে, দীর্ঘদিন থাকতে হতে পারে মাঠের বাইরে। এমন দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন কাভারাতসখেলিয়া। আর সেই পোস্টেই তাকে সাহস জুগিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে নিজেদের মাঠে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। তবে বড় এই জয়ের মূল্যও দিতে হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। ম্যাচে গুরুতর চোট পান কাভারাতসখেলিয়া। পরে পরীক্ষায় তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

বুধবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচার করানো হবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারের। তবে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও জানায়নি ফরাসি ক্লাবটি। সাধারণত এমন চোট কাটিয়ে ফিরতে ছয় থেকে নয় মাস সময় লাগে। ফলে চলতি মৌসুমে তার আর মাঠে নামা হবে কি না, তা নিয়ে বড় অনিশ্চয়তা রয়েছে।

চোটের খবর নিশ্চিত হওয়ার পর ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দেন কাভারাতসখেলিয়া। সেখানে নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘কেন আমার সঙ্গেই এমন হলো? আমি কখনো কোনো প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। সম্ভবত এই ম্যাচের জন্য জীবনের যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। ভেবেছিলাম, সবকিছুর জন্যই প্রস্তুত আছি। কিন্তু এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না।’

A post shared by Khvicha Kvaratskhelia (@kvara7)

তবে হতাশায় ভেঙে পড়লেও হাল ছাড়তে রাজি নন জর্জিয়ান তারকা। কঠিন পুনর্বাসন প্রক্রিয়া পেরিয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, ‘আমি জানি, আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। যারা সব সময় আমার পাশে থেকেছেন, তাঁদের জন্যই ফিরতে হবে। আমি আপনাদের হতাশ করব না। কথা দিচ্ছি, একটি মুহূর্তও নষ্ট করব না।’

কাভারাতসখেলিয়ার সেই পোস্টেই মন্তব্য করেছেন রোনালদো। নিজের অভিজ্ঞতা থেকে তরুণ ফুটবলারকে কঠিন সময়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

রোনালদো লিখেছেন, ‘ফুটবলে সবচেয়ে কঠিন লড়াইগুলো অনেক সময় এমন হয়, যা কেউ দেখতে পায় না। কাভারা, আমি জানি সেই অনুভূতিটা কেমন। কিন্তু কখনো ভুলে যেয়ো না, কোন বিষয়গুলো তোমাকে এত দূর নিয়ে এসেছে। একটি কঠিন মুহূর্ত যেন তোমাকে নিজের সামর্থ্য কিংবা কত দূর যেতে পারবে, তা নিয়ে সন্দেহে না ফেলে।’

এরপরই আশার কথা শুনিয়েছেন পর্তুগিজ অধিনায়ক, ‘নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রেখো। তোমার সেরা সময় এখনও আসেনি।’

রোনালদোর এমন বার্তা কাভারাতসখেলিয়ার জন্য বিশেষ কিছু হওয়ারই কথা। কারণ, ছোটবেলা থেকেই পর্তুগিজ মহাতারকার ভক্ত তিনি। ২০২৪ ইউরোয় পর্তুগালকে ২-০ গোলে হারানোর ম্যাচেও রোনালদোর বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন জর্জিয়ান এই ফুটবলার। সেদিন ম্যাচ শেষে নিজের আদর্শ ফুটবলারের সঙ্গে জার্সিও বিনিময় করেছিলেন।

RELATED ARTICLES

Most Popular