Homeসারাদেশইউপি নির্বাচন: পুরোনো আইনেই অনড় ইসি, বাদ থাকছে সংস্কার প্রস্তাব

ইউপি নির্বাচন: পুরোনো আইনেই অনড় ইসি, বাদ থাকছে সংস্কার প্রস্তাব

বিদ্যমান আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তৃণমূল পর্যায়ে জবাবদিহি ও প্রতিনিধিত্ব জোরদারের লক্ষ্যে নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থার প্রস্তাবিত সংস্কারগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। 

আগামী বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশগুলো এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, বিদ্যমান আইন মেনেই নির্বাচন আয়োজন করা হবে।

সংস্কার প্রস্তাবগুলো বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। এসব বিষয় এখন সংসদের এখতিয়ার। আইন পরিবর্তন হলে আমরা তা বিবেচনা করব। বিদ্যমান আইনের বাইরে আমরা এক ইঞ্চিও যাব না।’

আইন সংশোধনের প্রয়োজন হবে—এমন কিছু প্রস্তাব এরই মধ্যে জমা দিয়েছে ইসি, তবে সেগুলোর বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে আইন সংশোধন হলে পৌরসভা নির্বাচনে তা অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে ইউপি নির্বাচন বর্তমান আইনি কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হবে।

সংস্কার কমিশনগুলো কয়েকটি বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে রয়েছে দলীয় পরিচয় ও প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন, ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের হলফনামা জমা বাধ্যতামূলক করা এবং নারীদের জন্য সংরক্ষিত আসনে পর্যায়ক্রমে প্রতিনিধিত্বের ব্যবস্থা।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ বাধ্যতামূলক করা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও সুপারিশ করেছিল।

স্থানীয় সরকার সংস্কার কমিশন সংবিধানের ১১৯(১) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছিল।

এর উদ্দেশ্য ছিল, সরকারের অনুরোধের অপেক্ষা না করে ইসি যেন স্বাধীনভাবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ ও নির্বাচন পরিচালনা করতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল—মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের পরিবর্তে সংসদীয় পদ্ধতি চালু করা। এ ব্যবস্থায় ভোটাররা কাউন্সিলর ও সদস্য নির্বাচন করবেন, আর নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্য থেকে নির্বাহী পদধারী নির্বাচন করবেন।

পাঁচ স্তরের স্থানীয় সরকারব্যবস্থাকে একটি আইনের আওতায় আনা এবং একক নির্বাচনী সময়সূচিতে পর্যায়ক্রমে সারা দেশে ভোট আয়োজনেরও সুপারিশ করেছিল কমিশন।

কমিশনের সদস্যদের যুক্তি ছিল, এসব সংস্কার বাস্তবায়িত হলে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ২২৫ দিনের সময় কমে এক বা দুই মাসে নেমে আসতে পারে। এতে ব্যয়ও কমবে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।

প্রস্তাবিত পর্যায়ক্রমিক সংরক্ষণব্যবস্থা চালু হলে নারীরা নিজেদের ওয়ার্ড থেকেই সরাসরি নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। এতে একইসঙ্গে দুটি এলাকায় প্রতিনিধিত্বের সুযোগও থাকবে না।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রার্থী হওয়া নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল ইসি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সাবেক কমিশনের সদস্য জাহেদ উর রহমান বলেন, যেসব সুপারিশ বাস্তবায়নে আইন সংশোধন প্রয়োজন, সেগুলো আগে সংসদে অনুমোদন পেতে হবে।

ইউপি নির্বাচনের আগে সরকার এসব সুপারিশ বিবেচনা করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনেক সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে কয়েকটি সুপারিশের বিষয়ে ভিন্নমতও আছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার ভিন্ন ধরনের। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সব সুপারিশের সঙ্গে বিএনপি একমত নয়। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত সংস্কারগুলোই বাস্তবায়ন করবে।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আবদুল আলীম বলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এখনো বিবেচনার বাইরে রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে ইসির ক্ষমতা জোরদার করতে সংবিধান সংশোধনের বিষয়টিও রয়েছে।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংশোধন এখনই করা সম্ভব।’ তার মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার বাস্তবায়নের এমন একটি সুযোগ তৈরি হয়েছে, যা আগের সরকারগুলোর সময়ে ছিল না।

সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনপ্রধান বদিউল আলম মজুমদার বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে ব্যয় কমানো সম্ভব।

তিনি ইউপি প্রার্থীদের জন্য হলফনামা জমা বাধ্যতামূলক করারও আহ্বান জানান। তার মতে, ভোট দেওয়ার আগে প্রার্থীদের সম্পদ ও অতীত সম্পর্কে ভোটারদের জানার সুযোগ থাকা উচিত।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিলের সুপারিশ সরকার বাস্তবায়ন করেছে। তবে কাঠামোগত অন্যান্য সংস্কারের বিষয়ে সরকারের আগ্রহ কম বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা, সরকার তা করেছে। কিন্তু আমাদের অন্যান্য বড় কাঠামোগত সুপারিশ বাস্তবায়নে সরকারের আগ্রহ খুব কম দেখা গেছে। সেগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগও চোখে পড়েনি।’

তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পাওয়া গেলেও জন-প্রত্যাশা পূরণের জন্য প্রয়োজনীয় বিকেন্দ্রীকৃত কাঠামো নিশ্চিত না-ও হতে পারে।

স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও নাগরিকবান্ধব করতে সব সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও প্রস্তাব দেন মারুফুল।

RELATED ARTICLES

Most Popular